বলিউড অভিনেতা সালমান খান ও বিবেক ওবেরয়ের ঐতিহাসিক দ্বন্দ্বের কথা দুই দশক পার হলেও এখনও চর্চায় ফিরে আসে। ২০০৩ সালে এই দুই তারকার বিরোধ প্রকাশ্যে আসার পর থেকেই যা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছিল, দীর্ঘ সময় পর তা নিয়ে তৈরি হলো নতুন গুঞ্জন। সম্প্রতি প্রযোজক শৈলেন্দ্র সিং দাবি করেছেন, বিবেক ওবেরয় যেন বলিউডে আর কোনো কাজ না পান, তা নিশ্চিত করেছিলেন স্বয়ং সালমান খান।
সিদ্ধার্থ কাননের সঙ্গে এক খোলামেলা সাক্ষাৎকারে ২০০৩ সালের সেই বহুল আলোচিত বিতর্ক এবং এর পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রযোজক শৈলেন্দ্র।
শৈলেন্দ্র জানান, বিবেকের সেই বিতর্কিত সংবাদ সম্মেলনের পর সালমান প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। তবে তিনি সালমানকে আবেগের বশে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দেখানোর পরম পরামর্শ দিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিতে বলেন।
শৈলেন্দ্রের ভাষায়, \"বিবেকের সংবাদ সম্মেলনের পর আমার একটাই প্রতিক্রিয়া ছিল। সালমানকে বলেছিলাম, জীবনে প্রতিক্রিয়া দেখানোর চেয়ে নিজের কাজ করা বেশি জরুরি। যা করার পরে করা যাবে; আপাতত বসি, কিছু সময় কাটাই। ও যা করছে, করতে দাও।\"
প্রযোজক আরও দাবি করেন, \"আমার মনে হয়, সালমান শেষ পর্যন্ত সেটাই করেছিল। সে নিশ্চিত করেছিল, বিবেক যেন বলিউডে আর কাজ না পায়। যদিও আমি দাপ্তরিকভাবে বা নিশ্চিতভাবে জানি না, তবে তৎকালীন ঘটনাপ্রবাহ ও পরিস্থিতি দেখে আমার তেমনটাই মনে হয়।\"
উল্লেখ্য, ২০০৩ সালের ১ এপ্রিল এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে সালমানের বিরুদ্ধে এক রাতে ৪১ বার ফোন করে প্রাণনাশের হুমকি ও গালিগালাজ করার মারাত্মক অভিযোগ তুলেছিলেন বিবেক ওবেরয়। সে সময় অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে বিবেকের প্রেমের সম্পর্ক নিয়ে আলোড়ন চলছিল বলিউডে। বিবেকের দাবি ছিল, সালমান তাকে ঐশ্বরিয়ার কাছ থেকে দূরে থাকার জন্য চড়াও হন। তবে পরবর্তীতে এসব অভিযোগ আইনিভাবে প্রমাণিত হয়নি এবং সালমানও বরাবরই তা অস্বীকার করেন।
সেসময় ঘটনাটি পুরো ইন্ডাস্ট্রিতে আলোড়ন তৈরি করলে কারিনা কাপুর, অভিষেক বচ্চন ও নির্মাতা সঞ্জয় লীলা বানসালির মতো তারকারাও মুখ খুলেছিলেন। কারিনা প্রশ্ন তুলেছিলেন—সালমানের সঙ্গে সমস্যা থাকলে সংবাদমাধ্যমের কাছে না গিয়ে তারা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারতেন। অন্যদিকে সালমানের ঘনিষ্ঠ বন্ধু বানসালি তাঁকে ‘সবচেয়ে ভালো মানুষ’ আখ্যা দিয়ে সর্বসম্মুখে প্রেস কনফারেন্স করার মতো বিবেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন।
ডিআর

