চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে গাইবান্ধায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন কর্মরত সাংবাদিকরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
রোববার (০৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ লাইনস রোডে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গত ৫ নভেম্বর রাজধানী ঢাকার আদালত চত্বরে দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল ইসলাম রাজুকে ‘ব্যাড টাচ’ বা অশালীন স্পর্শের মিথ্যা অভিযোগে চরম গালিগালাজ করেন পরীমনি। অথচ ওই সংবাদকর্মীর একটি হাত শারীরিক প্রতিবন্ধকতার শিকার। এমন ভিত্তিহীন অভিযোগ তুলে একজন পেশাদার সংবাদকর্মীকে লাঞ্ছিত করা অত্যন্ত নিন্দনীয়।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত সম্মান ও কাজের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সঙ্গে এ ধরনের অসম্মানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশ থেকে চিত্রনায়িকা পরীমনিকে সর্বস্তরে বয়কটের ঘোষণা দেন সাংবাদিক নেতারা। একই সঙ্গে তাঁর এমন আচরণের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তাঁরা।

