শাড়ি-কাণ্ডসহ নানা বিতর্কের মধ্যেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি প্রকাশ, ভুল তথ্য প্রচার এবং মানহানির অভিযোগে নতুন এক আইনি বিপাকে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সানায়া আনাম ওয়াফিকা চৌধুরী নামের এক নারী বাদী হয়ে ঢাকার আদালতে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগটি তদন্ত করে আগামী ২১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
রোববার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করা হয়। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত পিবিআইকে এই নির্দেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায়। এর আগে গত ২৮ অক্টোবর তানজিন তিশাকে একটি আইনি নোটিশও পাঠানো হয়েছিল বলে জানান তিনি।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তানজিন তিশার বিরুদ্ধে বাদীর করা দুটি পৃথক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এসব মামলা দায়েরের জেরে গত ২৭ অক্টোবর অভিনেত্রী তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে বাদীকে নিয়ে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের কাছেও বাদী সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা হয়।
বাদীর দাবি, এর আগে গত বছরের ৭ নভেম্বর তানজিন তিশা তার ফেসবুক মেসেঞ্জার থেকে বাদীকে ফোন করে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেসময় তিনি বলেছিলেন, “ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।”
এছাড়া গত ২৭ অক্টোবর বাদীর অজান্তে এক নারীকে চুম্বনের একটি ছবি ও দুই নাবালক শিশুর ছবি ফেসবুকে প্রকাশ করেন তিশা। সেই পোস্টে বিভিন্ন কটূক্তি ও বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করা হয়। গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে বিষয়টি নজরে আসার পরদিন আইনজীবীর মাধ্যমে রেজিস্ট্রি ডাকযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশে দুই দিনের মধ্যে আপত্তিকর ছবি ও তথ্য সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও তা না করায় শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেন বাদী। এসব কর্মকাণ্ডের ফলে সামাজিকভাবে তার মানহানি ও সম্মানহানি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ডিআর

