ব্যবসায়িকভাবে বড় ধরনের চরম সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের বিতর্কিত চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টাকার ব্যাংকঋণ সময়মতো পরিশোধ করতে না পারায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো। এর ফলে কর্মহীন হয়ে পড়ার ঝুঁকিতে পড়েছেন ১০ হাজারের বেশি শ্রমিক-কর্মচারী। পরিস্থিতি সামাল দিতে দেশি-বিদেশি বিনিয়োগকারী খোঁজা কিংবা কারখানা ভাড়া দেওয়ার চেষ্টা করেও আশানুরূপ সাড়া পাননি তিনি।
এদিকে, ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
ব্যাংকের নোটিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। কিন্তু গত ২ নভেম্বর অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার বা প্রত্যাখ্যাত হয়।
নোটিশে স্পষ্ট করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল (NI Act) আইনের ১৩৮ ও ১৪০ ধারা অনুযায়ী ফৌজদারি আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংকের নোটিশের সত্যতা নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, “করোনাকালে ব্যবসা না থাকা সত্ত্বেও প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করেছি। সেই ঋণের সুদ যোগ হয়ে বর্তমানে এই বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে। এই সংকটময় মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের পূর্ণ সহযোগিতা প্রয়োজন।”
ব্যবসায়িক মন্দার মধ্যেই গ্যাস বিল বকেয়া থাকা এবং গ্যাস চুরির গুরুতর অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের (AJI Group) সব গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা অসম্ভব হয়ে পড়েছে।
অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্র জানায়, ব্যবসা টিকিয়ে রাখতে তিনি একাধিক চীনা উদ্যোক্তাসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করেন। তবে কোনো পক্ষ থেকেই ইতিবাচক সাড়া মেলেনি। এমনকি কারখানাগুলো অন্য প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও তিনি সফল হতে পারেননি।
চলচ্চিত্রে অতিরিক্ত সময় দেওয়ার কারণে ব্যবসায় এমন ধস কি না—এমন প্রশ্নে সরাসরি কিছু না বলে অনন্ত জলিল দাবি করেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিশ্বব্যাপী নানা বৈরী পরিস্থিতির কারণেই তিনি আজকের এই ব্যবসায়িক সংকটের মুখোমুখি হয়েছেন।
তৈরি পোশাকশিল্পে বিশাল সাম্রাজ্য গড়ে তোলা এই ব্যবসায়ী ও চিত্রনায়কের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ—বিপুল দেনা সামলে কারখানা সচল করা এবং কর্মহীন শ্রমিকদের রুটিরুজির ব্যবস্থা করা।
ডিআর

