বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পরনে বিয়ের পোশাক, হাতে পিস্তল। তাঁকে ঘিরে রয়েছেন তিন তরুণ। সামাজিক মাধ্যমে প্রকাশিত এমন কিছু ছবি ঘিরে শুরু হয়েছে আলোচনা। ছবিগুলোর রহস্য কী? ফারিণের সঙ্গে ওই তিন তরুণের সম্পর্কই বা কী? এসব প্রশ্নের উত্তর মিলবে নতুন ওটিটি সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। একই সঙ্গে প্রকাশ করেছে অভিনয়শিল্পীদের নতুন লুক। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।
‘ডাকাতিয়া বাঁশি’তে ফারিণের সঙ্গে অভিনয় করেছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে রয়েছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, ওটিটিতে ডার্ক থ্রিলার ও রহস্যনির্ভর গল্পের আধিক্য থাকলেও ডার্ক কমেডি তুলনামূলক কম। দর্শকদের নতুন স্বাদের বিনোদন দিতেই এ ধরনের গল্প নিয়ে হাজির হচ্ছে চরকি।
সিরিজে ক্যামেলিয়া চরিত্রে অভিনয় করেছেন ফারিণ। নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, নামের মতো চরিত্রটিও ব্যতিক্রমী। এতে তাঁর চরিত্রের অনেক অন্ধকার দিক রয়েছে। এর আগে কমেডি ঘরানায় কাজ না করলেও এবারই প্রথম এমন চরিত্রে অভিনয় করছেন তিনি।
ফারিণ বলেন, ওটিটিতে থ্রিলার ও খুনের রহস্য নিয়ে অনেক কাজ হচ্ছে। তাই এবার একটু ভিন্ন কিছু করতে চেয়েছেন। তাঁর আশা, দর্শকেরা সিরিজটিতে নতুন স্বাদ পাবেন।
অভিনেতা ও সংগীতশিল্পী এরফান মৃধা শিবলু বলেন, সিরিজটির গল্প মজার হলেও তাঁর চরিত্রটি বেশ রহস্যময়। পরিস্থিতি অনুযায়ী চরিত্রটির নানা রূপ দেখা যাবে। গল্পে একটি পরিবারের বিষয়ও রয়েছে, যা তাঁর ভালো লেগেছে।
অন্যদিকে পার্থ শেখ জানিয়েছেন, সিরিজে তাঁর চরিত্রের মনস্তাত্ত্বিক বেশ কিছু দিক রয়েছে। এমন চরিত্রে আগে কাজ করার অভিজ্ঞতা না থাকায় এটি তাঁর জন্য নতুন চ্যালেঞ্জ।
দীর্ঘ বিরতির পর ওটিটি সিরিজ নির্মাণে ফিরছেন পরিচালক ইমরাউল রাফাত। তাঁর মতে, সিরিজের প্রতিটি পর্বের শেষে দর্শকের আগ্রহ ধরে রাখার মতো উপাদান থাকা জরুরি। ‘ডাকাতিয়া বাঁশি’তে একের পর এক অপ্রত্যাশিত মোড় থাকবে বলেও জানিয়েছেন তিনি।
চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানান, সিরিজটি প্রচলিত অর্থে থ্রিলার নয়। তবে গল্পের বিভিন্ন ঘটনা দর্শকদের চমকে দিতে পারে। সিরিজটির মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এনএ

