প্রিয় তারকাদের ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে কিংবা সঠিক বয়স নিয়ে সাধারণ ভক্ত ও নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। এবার নিজের বয়স ও জন্মসাল নিয়ে গুগলে থাকা ভুল তথ্যের কারণে নতুন করে আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে তাঁর বয়স ৩৩ বছর দেখে চরম বিস্ময় প্রকাশ করেছেন এবং এই ভুল তথ্য কীভাবে সংশোধন করা যায়, তা নিয়ে অনুরাগীদের কাছে পরামর্শ চেয়েছেন এই অভিনেত্রী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গুগলের সেই প্রোফাইলের একটি স্ক্রিনশট পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি।
স্ক্রিনশটটি পোস্ট করে ক্যাপশনে কিছুটা রসিকতার সুরেই সাদিয়া আয়মান লেখেন, “গুগলে আমার নামে এই প্রোফাইল যিনি করেছেন, তাঁর সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে। না হয় তাঁর সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে! এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন, আমি কীভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্য ঠিক করতে পারব?”
অভিনেত্রী সব সময়ই নিজের জন্মসাল ও প্রকৃত বয়স নিয়ে প্রকাশ্য ও অকপট থেকেছেন বলে জানান। পোস্টটিতে তিনি আরও স্পষ্ট করে লেখেন, “আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে কথা বলতে সংকোচ বোধ করি না। এমনকি এ বছর ১৭ মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টও দিয়েছিলাম। এনআইডি (NID), পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বর্তমান বয়স এখন ২৬।”
বয়স লুকানোর মানসিকতা পরিহার করে ইতিবাচক বার্তা দিয়ে সাদিয়া আয়মান জানান, বয়স একটি অত্যন্ত সুন্দর প্রাকৃতিক বিষয়। তিনি নিজের আসল বয়সকে সবসময় সানন্দে ও মর্যাদার সাথে গ্রহণ করতেই ভালোবাসেন।
ডিআর

