বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছালেও এখনো জীবনে মনের মতো কোনো জীবনসঙ্গী খুঁজে পাননি বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের কন্যা সাবা আলী খান পতৌদি। ১৮-১৯ বছর বয়স থেকেই পরিবারের পক্ষ থেকে একাধিকবার পাত্র দেখা হলেও শেষ পর্যন্ত কারও সঙ্গেই তাঁর পরিণয় ঘটেনি। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রেম, বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই পতৌদি-কন্যা।
সাবা জানান, শুধু সামাজিক নিয়ম রক্ষা কিংবা বয়স হয়েছে বলেই বিয়ের পিঁড়িতে বসতে চান না তিনি। জীবনে এমন একজন সঙ্গী চান, যাঁর সঙ্গে মানসিকতার গভীর মিল থাকবে। অর্থসম্পদ বা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ব্যক্তিত্ব, মানসিকতা ও পারস্পরিক সম্মানবোধকেই তিনি বেশি গুরুত্ব দেন।
তারকা পরিবারের সন্তান হয়েও বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালোবাসেন সাবা। ভাই সাইফ আলী খান ও বোন সোহা আলী খানের মতো রূপালি পর্দায় পা না রেখে তিনি বেছে নিয়েছেন ভিন্ন পেশা। পেশায় তিনি একজন গয়না নকশাকার (জুয়েলারি ডিজাইনার)। পাশাপাশি ট্যারো কার্ড রিডিং ও আধ্যাত্মিক অনুশীলনের সঙ্গেও যুক্ত রয়েছেন। মানুষের মন, শরীর ও আত্মার ভারসাম্য ফিরিয়ে আনার বিষয়েও কাজ করেন তিনি।
সাক্ষাৎকারে সাবা জানান, জীবনে তিনি কখনো প্রেমের সম্পর্কে জড়াননি। তবে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তাঁর বাবা মনসুর আলী খান পতৌদির ব্যক্তিত্ব গভীর প্রভাব ফেলেছে। বাবার আত্মবিশ্বাস, দায়িত্ববোধ ও নম্রতা তাঁকে প্রভাবিত করায় জীবনসঙ্গীর মাঝেও বাবার এই গুণাবলি খুঁজেছেন তিনি।
ছোটবেলা থেকেই স্বাধীনচেতা সাবা বলেন, তিনি এমন একজন মানুষকে পাশে চান যিনি তাঁর ব্যক্তিস্বাধীনতাকে সম্মান করবেন এবং সম্পর্কের প্রতি আন্তরিক থাকবেন। এত বছরেও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাউকে না পাওয়ায় বিয়ের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।
তবে পঞ্চাশে পা রাখলেও জীবন থেকে প্রেম বা বিয়ের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি সাবা। তিনি জানান, জীবনে কখনো কখনো একজন সঙ্গীর অভাব তিনি অনুভব করেন এবং একসঙ্গে পথচলার মতো একজন মানুষ থাকলে নিশ্চয়ই ভালো লাগত। সাবার বিশ্বাস, পঞ্চাশ বছর বয়সে এসেও নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়া অসম্ভব কিছু নয়।
সূত্র: আনন্দবাজার

