নিজের বাড়িতে স্ত্রী গৌরি খানের নিয়মই যে শেষ কথা, তা রসাত্মক ছলে প্রকাশ করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি দুবাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সঙ্গে আলাপকালে ঘরের ভেতরের এমন মজার গল্প শোনান এই জনপ্রিয় অভিনেতা।
দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস বাই ডানিউব’ নামের বিলাসবহুল আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকা দম্পতি শাহরুখ ও গৌরি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন করণ জোহর। প্রকল্পটির পেন্টহাউসগুলোর নকশাকার হলেন গৌরি খান।
অনুষ্ঠানে করণ জোহরের প্রশ্নের জবাবে শাহরুখ মজা করে বলেন, বাড়িতে ঢোকার পর তাঁর কিংবা সন্তান আরিয়ান ও সুহানার কারো কোনো কথা চলে না। নিজের বাড়িতেই তিনি কিছু করতে পারেন না।
গৌরির নিয়মের কথা তুলে ধরে তিনি বলেন, বাড়ির ওয়াইফাই নিয়ে কোনো অভিযোগ করা যায় না এবং বিছানায় বসে খাওয়াও সম্পূর্ণ নিষেধ। এছাড়া বাড়ির রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ কিংবা আলোর ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করার জো নেই। সবাইকে চুপচাপ বসে বলতে হয়, ‘গৌরি, তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ!’ দুবাইয়ের নতুন পেন্টহাউসে এসেও তাঁকে একই কথা বলতে হবে বলে রসিকতা করেন তিনি। তবে বাড়ির বাইরে তিনি ও সন্তানেরা নিজেদের মতো আনন্দ করার স্বাধীনতা পান।
কথোপকথনের একপর্যায়ে করণ জোহর মজা করে জানতে চান, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী—কাকে বেশি ভয় পান শাহরুখ? জবাবে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর সংলাপের প্রসঙ্গ টেনে মাইক্রোফোনে জোরালো কণ্ঠে তিনি বলেন, “হাজার মুলকো মে বাদনাম, অউর দুনিয়া নে দিয়া এক হি নাম। অউর ও পাতা হ্যায় কিউ? কিউকি ম্যায় ডার নেহি, দেহশত হুঁ।” অর্থাৎ, হাজার দেশে বদনাম হলেও পৃথিবী তাঁকে এক নামেই চেনে, কারণ তিনি ভয় নন, আতঙ্ক।
অনুষ্ঠানে শুধু ঘরের গল্পই নয়, মঞ্চে ‘কিং’ সিনেমার গানের তালে নেচে ও নিজের সিগনেচার পোজ দিয়ে ভক্তদের মাতিয়ে তোলেন শাহরুখ। প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’-এ শাহরুখের সঙ্গে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, রানী মুখার্জি, অভিষেক বচ্চন ও অভয় ভার্মা। আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ডিআর

