দীর্ঘ বিরতির পর আবারও ঢাকার মঞ্চে ফিরছেন আন্তর্জাতিক সংগীতাঙ্গনের জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। ‘বিলিওনেরা’ গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই শিল্পী আগামী ২৭ নভেম্বর ঢাকায় সংগীত পরিবেশন করবেন।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে কনসার্টটির আয়োজন করছে দেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। সম্প্রতি প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কনসার্টের তারিখ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যেই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।
আয়োজক প্রতিষ্ঠানটির কর্ণধার নাঈম আশরাফ জানিয়েছেন, কনসার্ট আয়োজনের অনুমতি পেতে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনুমতি পাওয়ার পরই টিকিট বিক্রি উন্মুক্ত করা হবে বলে জানান তিনি।
এর আগে গত অক্টোবর মাসে ওটিলিয়া নিজেও তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে কনসার্টটির প্রচারণামূলক পোস্ট শেয়ার করেন। এরপর থেকেই বাংলাদেশে তাঁর ভক্তদের মধ্যে অনুষ্ঠানটি নিয়ে আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়। সব অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ঢাকার মঞ্চে ফিরছেন এই পপতারকা।
‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। গানটি প্রকাশের পর দ্রুতই বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। দীর্ঘ সময় পেরিয়েও গানটির জনপ্রিয়তা ধরে রেখেছে। ফলে তাঁর এবারের ঢাকা সফর ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার জনপ্রিয় গান ও সরাসরি পরিবেশনা ঘিরে কনসার্টটি দেশের সংগীতপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় আন্তর্জাতিক সংগীত আয়োজন হয়ে উঠবে।




