সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন ঢালিউডের দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনি। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে এই বিতর্ক। দুই অভিনেত্রীর পাল্টাপাল্টি বক্তব্য ও কটাক্ষ ঘিরে সরগরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।
সম্প্রতি এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তাঁর এমন মন্তব্যের পরই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়।
অপুর বক্তব্যের জবাবে পরীমনি নিজের ফেসবুক পোস্টে ব্যঙ্গাত্মক ভাষায় প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে—একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
এরপর অপুকে উদ্দেশ করে পরীমনি আরও লেখেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’
পরীমনির এমন মন্তব্যের পর এবার পাল্টা জবাব দিয়েছেন অপু বিশ্বাস। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরন নিয়েও কথা বলেন অপু। তিনি বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করি না। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
এদিকে দুই অভিনেত্রীর এমন পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে বিনোদন অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।




