আদালত প্রাঙ্গণে সাংবাদিকের স্পর্শে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ার ঘটনায় অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমনি। স্পর্শটি ভালো উদ্দেশ্যে হোক কিংবা খারাপ, তাতে তার ব্যথা লাগার বিষয়টি তুলে ধরে আপত্তি জানিয়েছেন এই অভিনেত্রী। তার স্পষ্ট কথা, সাংবাদিক পরিচয় দিলেই কাউকে স্পর্শ করার অধিকার তৈরি হয় না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ যান পরীমনি। সকাল সাড়ে ১০টার দিকে আদালতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সম্প্রতি আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ওই ঘটনার প্রসঙ্গ তোলেন তিনি।
ঘটনাটি বর্ণনা করতে গিয়ে পরীমনি বলেন, ‘সে যখন আমাকে ধরল আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে কেন ধরছো? তখন সে তার কার্ড দেখিয়ে বলল, আমি সাংবাদিক। ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে।’
আদালতে দীর্ঘদিনের যাতায়াতের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অভিনেত্রী। তার দাবি, প্রায় ছয় বছর ধরে আদালতে আসা-যাওয়ার পথে সাংবাদিক, ইউটিউবার কিংবা কনটেন্ট ক্রিয়েটর-কারও সঙ্গে কখনো খারাপ আচরণ করেননি তিনি।
পরীমনি বলেন, ‘এই কোর্টে আসা-যাওয়ার প্রায় ৬ বছর হয়ে গেছে আমার। এখানে ইউটিউবার থেকে শুরু করে, কনটেন্ট ক্রিয়েটর এবং মেইনস্ট্রিমের যারা সাংবাদিক আছেন তারা সবাই এই ছয়টা বছর আমার সঙ্গে যাওয়া-আসা করেছেন। কেউ বলতে পারবেন, কখনো কারো সঙ্গে আমার একটা দুর্ব্যবহার হয়েছে? পারবেন না।’
এদিকে পরীমনির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০ আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমনি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
যেভাবে শুরু হয়েছিল মাদক মামলা
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে।
তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সেই লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়, মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বাসায় রাখতেন পরীমনি। মাদক পরিবহনে তার গাড়ি ব্যবহারের অভিযোগও আনা হয়।
এর আগে ২০২২ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন বিচারিক আদালত। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। একই বছরের ১ মার্চ হাইকোর্ট রুল জারির পাশাপাশি তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন।
পরবর্তী সময়ে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটিতে পুনরায় অভিযোগ গঠনের শুনানির প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘদিন ধরে চলা এ মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএইচ




