বলিউডের অন্যতম জনপ্রিয় ও আইকনিক জুটি কারিনা কাপুর খান ও হৃতিক রোশন। বহুল আলোচিত ‘কাভি খুশি কাভি গাম’ ছবি মুক্তির প্রায় ২৫ বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন তারা। তবে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, এয়ারবিএনবির একটি বিশেষ বিজ্ঞাপনের মধ্য দিয়ে তাদের এই পুনর্মিলনের আভাস দিয়েছেন খ্যাতনামা নির্মাতা করণ জোহর। তাঁর প্রকাশিত একটি নতুন টিজার ঘিরেই এখন বলিপাড়া ও ভক্তদের মাঝে তুঙ্গে রয়েছে আলোচনা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই বিজ্ঞাপনের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন করণ জোহর। ভিডিওটিতে কারিনা কাপুরকে নিজের বিখ্যাত লিপস্টিক লাগানোর ভঙ্গিতে দেখা যায়, যা ২০০১ সালের ‘কভি খুশি কভি গম’ সিনেমায় তাঁর অভিনীত জনপ্রিয় ‘পু’ (পূজা) চরিত্রের কথা নিমিষেই মনে করিয়ে দেয়। অন্যদিকে, হৃতিক রোশনকে দেখা যায় চামড়ার জ্যাকেট ও জুতা পরে প্রস্তুত হওয়ার লুকে, যা স্মরণ করিয়ে দেয় সিনেমাটির ‘রোহন রাইচাঁদ’ বা ‘লাড্ডু’ চরিত্রটিকে।
তবে রহস্য বজায় রাখতে টিজারে কারিনা বা হৃতিক—কারও মুখই পুরোপুরি দেখাননি নির্মাতারা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে করণ লিখেছেন, ‘কুচ কাহানিয়া ২৫ সাল বাদ ভি খতম নেহি হোতি’ (কিছু গল্প ২৫ বছর পরও শেষ হয় না)।
ভক্তদের উন্মাদনা ও বড় পর্দায় দেখার দাবি
টিজারটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত ও সহকর্মীদের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। বিজ্ঞাপনের গণ্ডি পেরিয়ে দর্শক ও অনুরাগীরা এই জুটিকে আবারও বড় পর্দায় একসঙ্গে রোমান্স করতে দেখার জোরালো দাবি তুলছেন। নির্মাতা ও অভিনেত্রী তাহিরা কাশ্যপ মন্তব্য করেছেন, “আমরা তাদের নিয়ে একটি সিনেমা চাই।” এক ভক্ত লিখেছেন, “আরেকটি এয়ারবিএনবি বিজ্ঞাপন নয় করণ জোহর, আমাদের একটি পূর্ণাঙ্গ সিনেমা দিন।” আরেকজনের মন্তব্য, “সত্যি বলছেন? দীর্ঘ দিন ধরে আমরা এই জুটির প্রত্যাশাতেই অপেক্ষা করছি।”
উল্লেখ্য, ২০০১ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘কভি খুশি কাভি গম’ পরিচালনা করেছিলেন স্বয়ং করণ জোহর। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুরের মতো তারকারা সমৃদ্ধ করেছিলেন রাইচাঁদ পরিবারের এই গল্পটি। সিনেমায় রাহুল রাইচাঁদের (শাহরুখ খান) ছোট ভাই রোহন ওরফে ‘লাড্ডু’র ভূমিকায় ছিলেন হৃতিক এবং অঞ্জলির ছোট বোন পূজা ওরফে ‘পু’র চরিত্রে তাক লাগিয়ে দিয়েছিলেন কারিনা। পরবর্তীতে সে সময় ছবিতে তাঁদের গ্ল্যামার ও অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন এই বিজ্ঞাপন সেই পুরোনো নস্টালজিয়াই আবার নতুন করে ফিরিয়ে এনেছে।
এদিকে পেশাগত ব্যস্ততার দিক থেকে, কারিনা কাপুরকে সর্বশেষ দেখা গেছে মেঘনা গুলজারের ক্রাইম ড্রামা ‘দায়রা’ সিনেমায়, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন। অন্যদিকে, অভিনেতা হৃতিক রোশনকে খুব শীঘ্রই তাঁর জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘কৃষ ৪’-এ দেখা যাবে। বর্তমানে ছবিটির নির্মাণ প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজ চলছে এবং এই সিনেমায় পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে নিয়েছেন হৃতিক নিজেই।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
ডিআর




