বিয়ের আনন্দে সান গ্রুপের কর্মীদের স্বর্ণের আংটি উপহার দিয়ে আলোচনায় এসেছেন সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান। জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে বিয়েকে কেন্দ্র করে কর্মীদের জন্য এমন উপহারের আয়োজন করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে উপহারের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) চেন্নাইয়ে কাব্য ও অনিরুদ্ধের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা। এর আগেই সান গ্রুপের কর্মীদের উপহার দেওয়ার খবর সামনে আসে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উপহারের বাক্সে রয়েছে আমন্ত্রণপত্র, চকলেট ও স্বর্ণের আংটি।
ভিডিওতে এক কর্মীকে বিস্ময় প্রকাশ করে বলতে শোনা যায়, তাঁরা ভেবেছিলেন উপহার হিসেবে স্বর্ণের মুদ্রা পাবেন। কিন্তু বাক্স খুলে দেখা যায়, সেখানে রয়েছে স্বর্ণের আংটি।
উপহারের বাক্সে থাকা আমন্ত্রণপত্রে আগামী ২৫ নভেম্বর মধ্যাহ্নভোজের আয়োজনের কথা উল্লেখ রয়েছে। এটি সান গ্রুপের কর্মীদের জন্য বিশেষ কোনো অনুষ্ঠান কি না, তা অবশ্য স্পষ্ট নয়। কারণ, এর আগে ২১ নভেম্বর চেন্নাইয়ে কাব্য ও অনিরুদ্ধের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের খবর প্রকাশিত হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে কাব্য মারান ও তাঁর পরিবারের এই উদ্যোগের প্রশংসা করছেন অনেকে। একজন কর্মী স্বর্ণের আংটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও আংটির ওজন কিংবা বাজারমূল্য জানা যায়নি। একইভাবে কতজন কর্মী এই উপহার পেয়েছেন, সে বিষয়েও সান গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য দেওয়া হয়নি।
জানা গেছে, কাব্য ও অনিরুদ্ধ গত ১১ নভেম্বর গ্রিসে বিয়ে করেন। ব্যক্তিগত পরিসরে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের অভিনেতা রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিনসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা।
এবার চেন্নাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেট, চলচ্চিত্র, ব্যবসা ও রাজনীতির অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ডেল স্টেইন ইতোমধ্যে পরিবার নিয়ে চেন্নাই পৌঁছেছেন বলে জানা গেছে। সানরাইজার্স হায়দরাবাদের সাবেক খেলোয়াড় ও বোলিং কোচ হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
এ ছাড়া চলচ্চিত্র অঙ্গনের শাহরুখ খান, কমল হাসান, আল্লু অর্জুন ও অজিত কুমারের মতো তারকাদের উপস্থিতি নিয়েও আলোচনা চলছে। তবে তাঁদের উপস্থিতির বিষয়টি এখনো নিশ্চিত নয়।
আইপিএলের পরিচিত মুখ কাব্য মারানের বিয়েকে ঘিরে শুরু থেকেই ভক্তদের আগ্রহ রয়েছে। এর মধ্যে কর্মীদের স্বর্ণের আংটি উপহার দেওয়ার খবর সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।




