‘রা.ওয়ান’ সিনেমার ‘চাম্মাক চাল্লো’ গানের সেই জনপ্রিয় জুটি আবারও ফিরেছে পর্দায়। দীর্ঘ ১৫ বছর পর শাহরুখ খান ও কারিনা কাপুরকে একসঙ্গে দেখা গেল নতুন গান ‘ড্যাডি কুল’-এ। শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর এই গানে পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছেন দুই তারকা। তবে তাদের রসায়নে মুগ্ধ হলেও গানটির নাচ ও উপস্থাপনায় নতুনত্বের অভাব দেখছেন কেউ কেউ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’। ইউরো-ক্যারিবীয় সংগীতদল বনি এমের জনপ্রিয় ‘ড্যাডি কুল’ গানটির নতুন বলিউডি সংস্করণ এটি। গানটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
গানটির সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগার। এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সংগীতশিল্পী অরিজিৎ সিং ও শিল্পা রাও। নৃত্য পরিচালনায় ছিলেন বৈভবী মার্চেন্ট।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি প্রকাশ করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে আবারও… গানটি পুরোনো ধাঁচের, কিন্তু এখনো কুল!’
গানটি ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শাহরুখ-কারিনার পুনর্মিলনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক ভক্ত। এক দর্শক লিখেছেন, ‘ডন’ সিনেমার ‘ইয়ে মেরা দিল’ থেকে ‘চাম্মাক চাল্লো’, এবার ‘কিং’-এর ‘ড্যাডি কুল’। কিছু জুটি কখনো পুরোনো হয় না। তাদের রসায়নেও সেই নস্টালজিয়া রয়েছে।’
শাহরুখের পর্দা উপস্থিতি নিয়েও প্রশংসা করছেন দর্শকেরা। একজন লিখেছেন, ‘কারিনা পর্দায় থাকলেও চোখ সরানো যাচ্ছে না শাহরুখের দিক থেকে।’ আরেকজনের মন্তব্য, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শাহরুখের জনপ্রিয়তাও যেন বাড়ছে। কারিনার সৌন্দর্য ও উপস্থিতিও প্রশংসা পেয়েছে ভক্তদের কাছ থেকে।
তবে গানটি নিয়ে সমালোচনাও রয়েছে। বিশেষ করে নাচের মুদ্রা ও পরিবেশনায় নতুনত্বের অভাব নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক দর্শকের মন্তব্য, ‘একই নাচের ধাপ, একই পরিবেশনা, পুরোনো ধরন। ৩০ বছর ধরে এমনটাই দেখে আসছি।’ আরেকজন গানটির কথা ও সুরের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলেছেন। অরিজিৎ সিংয়ের কণ্ঠের প্রশংসা যেমন করেছেন অনেকে, তেমনি কেউ কেউ মজার ছলে সমালোচনাও করেছেন।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার এটি দ্বিতীয় গান। এর আগে প্রকাশিত হয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত রোমান্টিক গান ‘তু মিল যায়ে’।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে শাহরুখ ও কারিনা ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, ববি দেওল ও সুহানা খান।





