বিশ্বমঞ্চে মুকুট জয়ের স্বপ্ন পূরণ না হলেও এবং সেরা ৩০-এ জায়গা না পেলেও ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সুইমস্যুট ও ইভনিং গাউন—এই দুই পর্বেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ; পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বা জাতীয় পোশাক বিভাগে প্রথম রানারআপ হওয়ার গৌরবও অর্জন করেছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান মাহি। প্রতিযোগিতার শুরু থেকেই নিজের ব্যতিক্রমী উপস্থিতি দিয়ে নজর কেড়েছিলেন বাংলাদেশের এই প্রতিনিধি; বিশেষ করে সুইমস্যুট পর্বে অন্য প্রতিযোগীরা যখন বিকিনি বেছে নিয়েছিলেন, তখন মাহি পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক এবং পেছনে ছড়িয়ে থাকা দীর্ঘ নীল কাপড়ে আত্মবিশ্বাসী উপস্থাপনায় মঞ্চে নিজস্ব স্বকীয়তা তুলে ধরেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়ানোর পাশাপাশি দর্শকদের ভোটেও সেরা হওয়ার স্বীকৃতি এনে দেয়।
এই অর্জনকে শুধু নিজের সাফল্য হিসেবে না দেখে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিফলন হিসেবে দেখছেন মাহি এবং বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাহির ভাষায়, পুরো প্রতিযোগিতার যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও উৎসাহ তাঁকে সাহস জুগিয়েছে এবং প্রতিটি পদক্ষেপে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেছেন তিনি। মূল মুকুটের লড়াইয়ে শেষ পর্যন্ত জায়গা করে নিতে না পারলেও দুটি বিভাগে দর্শকদের ভোটে সেরা হওয়া এবং জাতীয় পোশাক বিভাগে দ্বিতীয় স্থান অর্জনকে বড় প্রাপ্তি উল্লেখ করে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’
ডিআর





