কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেও এক খুদে ভক্তের আবদার পূরণ করে প্রশংসা কুড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। শিশুটির সঙ্গে তাঁর হৃদয়স্পর্শী মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের কালিনা বিমানবন্দরে এ ঘটনা ঘটে। আলোকচিত্রীদের সামনে ছবি তোলার সময় নিরাপত্তারক্ষীদের বেষ্টনী পেরিয়ে সালমানের কাছে এগিয়ে যায় শিশুটি। তাকে ফিরিয়ে না দিয়ে হাসিমুখে কাছে ডাকেন অভিনেতা।
শিশুটির কথা শুনতে নিচু হয়ে যান সালমান। এ সময় তিনি শিশুটির গাল স্পর্শ করেন এবং কপালে চুমু দেন। এরপর দুজন একসঙ্গে ক্যামেরার সামনে ছবি তোলেন এবং একে অপরকে জড়িয়ে ধরেন। পরে শিশুটি আনন্দিত মনে বাবা-মায়ের কাছে ফিরে যায়। সালমানও নিজের গাড়ির দিকে এগিয়ে যান।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শিশুটির প্রতি সালমানের আন্তরিক আচরণের প্রশংসা করছেন অনেকে। ব্যস্ততার মধ্যেও খুদে ভক্তের আবদার রাখায় অভিনেতার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা।
এ ধরনের ঘটনা অবশ্য সালমানের ক্ষেত্রে নতুন নয়। ২০২৫ সালের এপ্রিলে দিল্লি বিমানবন্দরে এক শিশুভক্তের ডাকে সাড়া দিয়ে তাঁর সঙ্গে ছবি তুলেছিলেন তিনি। এর আগে ২০২৩ সালে মুম্বাই বিমানবন্দরেও এক তরুণ ভক্তকে জড়িয়ে ধরে এবং হাত মিলিয়ে সময় দিয়েছিলেন এই অভিনেতা।
এদিকে বিমানবন্দরের এই ঘটনার বাইরেও নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নামের যুদ্ধভিত্তিক সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন তিনি। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘাত থেকে অনুপ্রাণিত।
সিনেমাটিতে একজন সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সালমান। চিত্রাঙ্গদা সিংও রয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। আরও অভিনয় করেছেন জেসন থাম, হীরা সোহাল, অনুপ বিক্রম শাহী, জেইন শ, অভিলাষ চৌধুরী ও যশপাল শর্মা। আগামী ৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।





