ফুলেরা গ্রামের চেনা পরিবেশে এবার হাজির ইংল্যান্ডের সাবেক ক্রিকেট অধিনায়ক কেভিন পিটারসেন। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন ঘিরে নতুন এক প্রোমোতে দেখা গেছে এই ক্রিকেট তারকাকে। গ্রামীণ জীবনের নানা মজার অভিজ্ঞতায় পিটারসেনের অংশগ্রহণ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের নজর কেড়েছে।
সম্প্রতি প্রাইম ভিডিও প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে পিটারসেনের সঙ্গে দেখা গেছে অভিনেতা আসিফ খান ও দুর্গেশ কুমারকে। ভিডিওতে ফুলেরার সাদামাটা জীবনযাত্রার সঙ্গে মিশে যেতে দেখা যায় ইংলিশ ক্রিকেটারকে।
প্রোমোর শুরুতে পিটারসেন নিজের পরিচয় দিয়ে বলেন, লন্ডন থেকে সিডনি—বিশ্বের নানা প্রান্তে ঘুরলেও ফুলেরার মতো জায়গা আর কোথাও নেই। এরপর স্থানীয়দের মতো মাটির চায়ের ভাঁড়ে চুমুক দেওয়া, মার্বেল বা কাঞ্চা খেলা এবং ফুলেরার নিজস্ব কায়দায় দাঁত মাজাসহ নানা মজার কর্মকাণ্ডে অংশ নেন তিনি। ক্রিকেট মাঠের পরিচিত তারকাকে এমন ভিন্ন রূপে দেখে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
প্রোমোর পরবর্তী অংশে পিটারসেনকে সিরিজের পরিচিত পঞ্চায়েত অফিসে যেতে দেখা যায়। সেখানে নতুন পঞ্চায়েতের ভূমিকায় থাকা দুর্গেশ কুমার তাঁকে স্বাগত জানান। অন্যদিকে, অভিনেতা আসিফ খান জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর উপস্থাপনার কণ্ঠস্বরের আদলে মজার ছলে পিটারসেনের পরিচয় করিয়ে দেন।
আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘পঞ্চায়েত’ সিজন ৫। নতুন সিজনে ফুলেরার নেতৃত্বের পরিবর্তন, অভিষেকের এমবিএ প্রস্তুতি এবং নতুন প্রশাসনের নানা প্রতিকূলতা সামলানোর গল্প তুলে ধরা হবে।
দীপক কুমার মিশ্র পরিচালিত এবং চন্দন কুমার রচিত সিরিজটি প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)। এতে অভিনয় করেছেন রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার ও অশোক পাঠক।
প্রোমোর শেষ দিকে সিরিজটির জনপ্রিয় থিম সংয়ের তালে কেভিন পিটারসেনের নাচও দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে। ভিডিওটি ঘিরে ইতোমধ্যে নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছে।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল





