ভারতের ঝাড়খণ্ডে একটি দ্রুতগতির এসইউভির সঙ্গে ভারী যানবাহনের সংঘর্ষে একই পরিবারের ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর ভারী যানবাহনটি পালিয়ে গেছে।
রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজ্যের রামগড় জেলার রাঁচি-পাটনা মহাসড়কের কুজু থানার পেইনকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়, এসইউভিটিতে ১৪ জন যাত্রী ছিলেন। পথে একটি ভারী যানবাহনের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হলে ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর মোট ১৩ জনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রামগড় সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ও আহত ব্যক্তিরা সবাই বিহার রাজ্যের নালন্দা জেলার ঝাংহারো গ্রামের বাসিন্দা। তাঁরা রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। পাশাপাশি বিবেক কুমারের স্ত্রী সরকারি শিক্ষক পদে চাকরি পাওয়ায় তা উদযাপনের পরিকল্পনাও ছিল তাঁদের।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে পুলিশের সহায়তায় উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধার তৎপরতা তদারক করতে ঘটনাস্থলে যান রামগড়ের ডেপুটি কমিশনার ঋতুরাজ, পুলিশ সুপার মুকেশ কুমার লুনায়াত এবং এসডিপিও অলোক রঞ্জনসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রামগড়ের সাবডিভিশনাল পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘ভারী যানবাহনের সঙ্গে এসইউভিটির সংঘর্ষে মোট ১৩ জন নিহত হয়েছেন। গাড়ির সব যাত্রীই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।’
পুলিশ সুপার মুকেশ কুমার লুনায়াত জানান, সংঘর্ষের পর ভারী যানবাহনটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। সেটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনায় এসইউভিটি দুমড়েমুচড়ে গেছে।
রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন চিকিৎসক অনিল কুমার জানান, ১৩ জনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তাঁকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামগড় জেলায় এর আগেও একাধিক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের ২৬ জুন লারি-বারলং এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে আটজন নিহত হন। তাঁরা সবাই একটি তাশা বাদ্যদলের সদস্য ছিলেন। একের পর এক প্রাণঘাতী দুর্ঘটনায় জেলাটিতে সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।





