১৪০ পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এবারের সিজনে দেখা যায়নি অভিনেত্রী পারসা ইভানাকে। তবে পর্দায় অনুপস্থিত থাকলেও ‘ইভা’ চরিত্রের জন্য দর্শকের ভালোবাসা এখনো পাচ্ছেন তিনি। দর্শকের এই ভালোবাসা এবং ধারাবাহিকটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি আবেগাপ্লুত করেছে অভিনেত্রীকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতির কথা জানিয়েছেন পারসা ইভানা। সেখানে তিনি লেখেন, ‘একটা ঘোরের মধ্যে আছি, বুকটা ভারি হয়ে আছে। ২০২১ আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। গত দেড় বছর আমি পর্দায় ছিলাম না, কিন্তু আমার মনটা যেন আটকে ছিল সেই ছাদে, সেই বাসার দরজার সামনে, সেই ২০২১ থেকে ২০২৩-এর সময়টায়।’
অভিনেত্রী আরও লেখেন, ‘পৃথিবীতে হয়তো আরও অনেক কাজ করব, আরও অনেক গল্পের অংশ হব। কিন্তু ওই সময়টায় আর কখনো ফিরে যেতে পারব না। আর কখনো কাবিলার মুখে ‘আঁর ইভা’ হয়তো শুনতে পারব কি না, কে জানে।’
দর্শকের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইভানা লেখেন, ‘আমাকে এভাবে মনে রাখার জন্য ধন্যবাদ। আপনারা আবার প্রমাণ করে দিলেন, কাউকে ভালোবাসতে হলে তার উপস্থিতি সবসময় জরুরি নয়। কখনো কখনো অনুপস্থিতিতেও মানুষ হৃদয়ে থেকে যায়, ঠিক আগের মতোই।’
প্রসঙ্গত, ২০১৭ সালে যাত্রা শুরু করে ‘ব্যাচেলর পয়েন্ট’। দীর্ঘ সময় ধরে প্রচারিত এই ধারাবাহিকের চরিত্র, সংলাপ, হাস্যরস ও আবেগঘন মুহূর্ত দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। নাটকটির চরিত্রগুলো দর্শকের বিনোদনের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।





