ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় ও পিতৃত্ব নির্ধারণের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে প্রায় দেড় বছর পর কবর থেকে ছয় মাস বয়সী এক ভ্রূণের মরদেহ উত্তোলন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুল্যা গ্রামের একটি কবর থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে প্রয়োজনীয় পরীক্ষার জন্য সেটি সাতক্ষীরায় পাঠানো হয়েছে।
আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) আনজির হোসেন জানান, প্রায় এক বছর ছয় মাস আগে এ ঘটনার সূত্রপাত। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কুল্যা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী সাথী পারভীনের সঙ্গে তাঁর চাচাতো ভাসুর আবু সালেহ মুসার ছেলে আরিফুল ইসলামের সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। এর ধারাবাহিকতায় সাথী পারভীন ছয় মাসের অন্তঃসত্ত্বা হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অনাগত সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে সাথী পারভীন আরিফুল ইসলামের বাড়িতে গেলে তিনি বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে মারধর ও পেটে লাথি মারার কারণে গর্ভপাত ঘটে বলে অভিযোগ করেন সাথী পারভীন। তবে আরিফুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
এ ঘটনায় সাথী পারভীন আদালতে মামলা করেন। পরে মামলাটির তদন্তভার পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে কুল্যা গ্রামে বাদীর মুরগির ঘরের পাশের কবর থেকে ভ্রূণের মরদেহ উত্তোলন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভ্রূণের পরিচয় ও পিতৃত্বসংক্রান্ত বিষয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি সাতক্ষীরায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
মরদেহ উত্তোলনের সময় আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মণ্ডল এবং সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





