অমর একুশে বইমেলা ইতিপূর্বে বিভিন্ন কারণে আলোচিত কখনো সমালোচিত হয়েছে। এরমধ্যে একটি বিশেষ কারণে গত মেলায় তিনটি বই বিক্রি ও প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছিল মেলা কর্তৃপক্ষ। এক মেলায় সবচেয়ে বেশি বইয়ের বিক্রি বন্ধের ঘটনা ছিল এটি। এ নিয়ে গত আট বইমেলায় পাঁচটি বই নিষিদ্ধ হয়েছে।
বাংলাদেশে নানা সময় ইতিহাস বিকৃতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাজনৈতিক বিতর্ক বা অশ্লীলতা- এমনসব কারণ দেখিয়ে কর্তৃপক্ষ কোনো কোনো বইকে নিষিদ্ধ বা মুদ্রণ, প্রকাশনা, বিতরণ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল, কোনোটি আবার প্রকাশের পর করা হয়েছিল বাজেয়াপ্ত। এসব বইয়ের মধ্যে ফিকশন, নন-ফিকশন- উভয় ধরনের বই-ই রয়েছে। সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমি কিংবা প্রকাশকদের কাছ থেকে নিষিদ্ধ এবং বাজেয়াপ্ত এসব বইয়ের সঠিক সংখ্যা সম্পর্কে একক কোনো ধারণা পাওয়া যায়নি।
তবে প্রকাশনা খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বাংলাদেশে নিষিদ্ধ বইয়ের সংখ্যা অনেক নয়। এরমধ্যে একাধিক বই নিষিদ্ধ হওয়ার পর মামলা করে আদালতের রায়ে পরবর্তীতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনা ঘটেছে। অবিভক্ত ভারতে একসময় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশ কয়েকটি বই নিষিদ্ধ হয়েছিল। স্বাধীন বাংলাদেশে প্রথম বই নিষিদ্ধ হয় নব্বইয়ের দশকে। তবে, স্বাধীনতার কয়েক বছরের মধ্যেই কবিতা লিখে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়ে একপর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কবি দাউদ হায়দার।
আপাত দৃষ্টিতে বইমেলায় বই নিষিদ্ধ হওয়া মানে বইটি শুধু মেলায় বিক্রি ও প্রদর্শন করা যাবে না। দেশে কোনো বই নিষিদ্ধ করার ক্ষমতা বইমেলা কর্তৃপক্ষের নেই। তারা শুধু মেলায় বিক্রি ও প্রদর্শন বন্ধ করে দিতে পারে। তবে একটি বই সারাদেশে নিষিদ্ধের ঘটনাও আছে। এ ক্ষমতা রয়েছে শুধু আদালতের। বইমেলায় কোনো বই বিক্রি ও প্রদর্শন বন্ধের প্রক্রিয়ায় প্রকাশকরা বলেছেন ভিন্ন কথা। তাদের মতে, বইমেলায় কোনো বই নিষিদ্ধ হওয়া মানে ওই বই মেলা ছাড়া অন্য যেকোনো মাধ্যমে প্রকাশক বিক্রি করতে পারেন। তবে আদালত যদি কোনো বইয়ের ওপর নিষেধাজ্ঞা দেন, তাহলে বইটি সারাদেশেই বিক্রি ও প্রদর্শন করা বন্ধ হয়ে যায়।
গত বছর বইমেলায় তিনিটি বইকে নিষিদ্ধ করা হয়েছিল। বই তিনটি আদর্শ প্রকাশনা থেক প্রকাশিত ‘বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে’, নালন্দা থেকে প্রকাশিত ‘জন্ম ও যোনির ইতিহাস’ এবং গতিধারা থেকে প্রকাশিত ‘প্রেসিডেন্টের লুঙ্গি নাই’। কর্তৃপক্ষের নির্দেশে মেলা থেকে বই তিনটি তুলে নেয়া হয়। এর আগে সর্বশেষ ২০১৭ সালে বইমেলায় বই নিষিদ্ধ হয়। বইটি ছিল রোদেলা প্রকাশনী থেকে প্রকাশিত অনূদিত বই ‘নবি মুহাম্মদের ২৩ বছর’। এর একবছর আগে ২০১৬ সালের মেলায় বদ্বীপ প্রকাশনীর ‘ইসলাম বিতর্ক’ নামে একটি বই বিক্রি ও প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলাম সম্প্রতি বলেছেন, ‘গত বইমেলায় আদর্শকে স্টল বরাদ্দ দিতে না চাওয়ার কারণ ছিল ফাহাম আব্দুস সালামের “বাঙালির মিডিয়োক্রিটির সন্ধানে” বইটি নিয়ে। এ সিদ্ধান্ত নেয় মেলা পরিচালনা কমিটি।’
বইমেলার জন্য একটি টাস্কফোর্স কমিটি আছে। কোনো বই নিয়ে মেলায় বিতর্ক তৈরি হলে বইটি মেলায় বিক্রি ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে এই কমিটি। কমিটি এ রকম নির্দেশ দিলে বইটি যে প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, তারা মেলায় বইটি প্রদর্শন বা বিক্রি করতে পারে না। কয়েক বছর ধরে বইমেলার টাস্কফোর্স কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন অসীম কুমার দে। তিনি বলেন, ‘বইমেলা চলাকালে যেসব বইকে মেলার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হয়, সেসব বই বিক্রি ও প্রদর্শন বন্ধের ওপর নির্দেশনা আসে। তবে প্রকাশক মেলা ছাড়া অন্য কোনো মাধ্যমে অবশ্য সেই বই বিক্রি বা প্রদর্শন করতে পারেন।’ ২০১৬ ও ২০১৭ সালের বইমেলায় দুটি বই বিক্রি ও প্রদর্শন নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে কথা হয় বাংলা একাডেমি বইমেলা কমিটির তৎকালীন সচিব জালাল আহমেদের সঙ্গে।
তিনি বলেন, ‘বাংলা একাডেমি বইমেলার বই ছাড়া অন্য বই নিয়ে কথা বলে না। শুধু নতুন বইয়ের ক্ষেত্রেই সিদ্ধান্ত হবে এমন নয়, সংরক্ষণ নীতি অনুসারে অন্য দেশের লেখকের বই, কপিরাইট (গ্রন্থস্বত্ব) ছাড়া বই বা অন্য দেশে প্রকাশিত বইয়ের ক্ষেত্রেও এই বিধিনিষেধ দেয়া হতে পারে।’ বাংলাদেশে ইতিপূর্বেও একাধিক বই নিষিদ্ধ করার ঘটনা ঘটেছে। তসলিমা নাসরীনের লেখা ‘লজ্জা’ ও ‘ক’ নামে দুটি বই দেশে নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞা এখনো প্রত্যাহার হয়নি। কোনো বই নিষিদ্ধ করার পর আবার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘটনাও আছে। যেমন হুমায়ুন আজাদের ‘নারী’ বইটি ১৯৯৫ সালে নিষিদ্ধ করা হয়। এর প্রায় সাড়ে চার বছর পর ২০০০ সালে বইটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়।
এছাড়া বাংলাদেশে নিষিদ্ধ বিদেশি বইয়ের তালিকায় আছে গত শতকের বিশের দশকে ভারতের পাঞ্জাব থেকে প্রকাশিত ‘রঙ্গিলা রসুল’ নামের বইটি। পণ্ডিত এম এ চমুপতির লেখা বইটি ১৯৩০ সালের আগে নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার। ‘হেট স্পিচ’ অর্থাৎ বা বিদ্বেষমূলক অভিযোগ তুলে বইটি তখন থেকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে নিষিদ্ধ। এছাড়া সালমান রুশদির ‘স্যাটানিক ভার্সেস’ বাংলাদেশে নিষিদ্ধ বিদেশি বইয়ের তালিকায় আছে। বাংলাদেশে এর আগে একাধিক বই নিষিদ্ধ করার ঘটনা ঘটেছে।
মানবকণ্ঠ/আরএইচটি

