জরায়ুমুখ ক্যান্সার বিশ্বব্যাপী নারী মৃত্যুর অন্যতম কারণ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সর্বশেষ প্রকাশ করা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর ছয় হাজার ৬০০ নারী জরায়ুমুখ ক্যান্সারে মারা যান, আর ১৩ হাজার নারী নতুন করে এই ক্যান্সারে আক্রান্ত হন। এই হিসাবে প্রতিদিন গড়ে সারা দেশে ১৮ জন নারী মারা যাচ্ছেন জরায়ুমুখ ক্যান্সারে।
রিস্ক ফ্যাক্টরগুলো কী?
■ অল্প বয়সে বিয়ে করা
■ অল্প বয়সে বাচ্চা নেওয়া
■ কোনো ব্যক্তির পূর্বের স্ত্রীর এই রোগ হয়ে থাকলে
■ একাধিক ব্যক্তির সঙ্গে যৌন মিলন করা
■ ঘন ঘন বা অধিক বাচ্চা নেওয়া
■ খাবার বড়ি ব্যবহার করা
■ ইনফেকশন, এইচআইভি, হিউম্যান পেপিলমা, ক্লামাইডিয়া ভাইরাসে ইনফেকশন।
লক্ষণগুলো
প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণই সাধারণত থাকে না। এই রোগের উল্লেখযোগ্য লক্ষণগুলো হলো—
■ যোনিপথে রক্তপাত, সহবাসের সময় রক্তপাত।
■ যোনিপথে দুর্গন্ধযুক্ত নিঃসরণ।
রোগটি মেটাস্টেসিসের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়তে পারে।
চূড়ান্ত পর্যায়ে পেট, ফুসফুসে ছড়িয়ে পড়ে এর লক্ষণ আরো বেশি প্রকাশ পায়। যেমন—
■ ওজন কমে যাওয়া, ক্ষুধামন্দা, শরীর অবসন্ন লাগা
■ কাশি, কাশিতে রক্ত আসা
■ ডায়রিয়া, পায়খানার সঙ্গে রক্ত আসা, প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া
■ রক্তশূন্যতায় ভোগা
■ পিঠে ব্যথা, তলপেটে ব্যথা, পায়ে ব্যথা ও পা ফুলে যাওয়া।
প্রতিরোধ
টিকা এবং স্ক্রিনিং হলো সার্ভিক্যাল ক্যান্সার নির্মূল কার্যক্রমের মূল উপাদান। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই রোগের অন্যতম কারণ।
আর তাই এই ভাইরাসের বিরুদ্ধে টিকা নিলে ক্যান্সার প্রতিরোধ সম্ভব। ৯ বছর বয়সের পর থেকে বিয়ে বা যৌন সম্পর্ক স্থাপনের আগ পর্যন্ত টিকা নেওয়ার আদর্শ সময়। এ সময় টিকা নিলে তা শতভাগ কার্যকর হওয়ার সম্ভাবনা থাকে। কারণ, বেশির ভাগ ক্ষেত্রেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। তবে বিবাহ-পরবর্তী সময়ে টিকা নিলে তা-ও ক্যান্সার প্রতিরোধে অনেকটা কার্যকরী ভূমিকা পালন করে।
টিকা গ্রহণের পাশাপাশি প্রয়োজন নিয়মিত জরায়ুমুখ পরীক্ষা। যার মধ্যে রয়েছে প্যাপস টেস্ট, ভায়া টেস্ট এবং কল্পোসকপি। যেকোনো সরকারি হাসপাতালে বিনা মূল্যে ভায়া টেস্ট করা হয়। ৩০ বছর বয়সের পর থেকে প্রত্যেক বিবাহিত নারীর তিন বছর অন্তর অন্তর ভায়া অথবা প্যাপস টেস্ট করা উচিত। এতে জরায়ুমুখের ক্যান্সারের পূর্বাবস্থায় রোগ নির্ণয় করা যায় এবং চিকিত্সার মাধ্যমে শতভাগ নির্মূল করা যায়। প্রতিরোধযোগ্য এই ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। টিকা নেওয়া এবং নিয়মিত স্ক্রিনিং টেস্ট (ভায়া অথবা প্যাপস টেস্ট) প্রতিরোধের প্রধান হাতিয়ার। স্ক্রিনিং টেস্ট অত্যন্ত সহজলভ্য ও বিনা মূল্যে পাওয়া যায়। শুধু প্রয়োজন সর্বস্তরে সচেতনতা।
লেখক: গাইনি, প্রসূতি, প্রজনন হরমোন ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ এবং ল্যাপারোসকোপিক সার্জন,
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঢাকা।
মানবকণ্ঠ/এফআই

