মাহিদুল ইসলামের জন্ম বরিশালে। শৈশবেই বাবা সপরিবারে চলে এসেছিলেন ঢাকায়। কেরানীগঞ্জের মনুবেপারির ঢাল এলাকায় মাহিদুলের বাড়ি। এখানেই একটু বড় হয়ে মাহিদুল কাজ শুরু করেন বিভিন্ন পেশায়। এক সময় যে তিনি পালকির ব্যবসায় জড়িয়ে পড়বেন, তখনও জানতেন না। অনেকটা শখের বশেই একবার সিদ্ধান্ত নিলেন পালকি বানাবেন। শখের বশে বানালেন দুটি পালকি। কাঠের তৈরি সে দুটি পালকিই পাল্টে দিল মাহিদুলের জীবন। সেই থেকে শুরু করে আজ ২৫-২৬ বছর পর তিনি এক সফল পালকি ব্যবসায়ী। যেকোনো অনুষ্ঠানে ডাক পড়লেই হাজির হন পালকি নিয়ে, নতুন বর কিংবা বউকে চড়িয়ে নিয়ে যান গন্তব্যে।
শুরুটা অবশ্য এমন ছিল না। দুটি পালকি বানিয়েছিলেন বটে, তবে খুব বেশি আয় হলো না শুরুতে। কিন্তু বিয়েতে পালকি দেখে অন্যরা যে আনন্দ পায়, সে আনন্দ পেয়ে বসল তাকেও। প্রাচীন এ ঐতিহ্যবাহী পেশা মাহিদুল ছাড়লেন না। আস্তে আস্তে প্রচারণা বাড়ল। এক সময় তিনি হয়ে উঠলেন ঢাকা শহরের নামকরা বেহারা। তার নামডাক আজ দেশজোড়া। শহরের যেকোনো বিয়ের সামগ্রী কিংবা ফুল বিক্রির দোকানে চোখে পড়ে মাহিদুলের ‘কোহিনুর পালকি’র বিজ্ঞাপন।
এখন শুধু পালকি নয়, বিয়ের আমোদ-প্রমোদের অন্য অনেক কিছুই সরবারহ করেন তিনি। মাহিদুল বললেন, প্রথমে দুইটা বানাইছিলাম, দেহি দি চলেনি। পরে আস্তে আস্তে এহন ২০টার মত পালকি আছে। বউ পালকি, ময়ূর পালকি, চেয়ার পালকি, ডিম পালকিসহ আরও অনেক পালকি বিয়েতে দেই। ঢাকার নামি-দামি সব কমিউনিটি সেন্টারের বিয়েগুলোতে এখন নিয়মিতই ডাক পড়ে মাহিদুল ও তার পালকির। কখনও আবার ছুটে যেতে হয় ঢাকার বাইরে। বর ও কনেকে চড়িয়ে কখনো হাঁটতে হয় কিছু পথ, মাঝেমধ্যে দাঁড়াতে হয় ছবি তোলার ভঙ্গিতে। নববধূকে গাড়িতে চড়িয়ে দিয়ে সমাপ্ত হয় তাদের কাজ।
কেরানীগঞ্জ ও পুরান ঢাকার বিয়েগুলোতে একটি পালকি ও চারজন বেহারার জন্য মাহিদুলকে পারিশ্রমিক দিতে হয় তিন হাজার টাকা। ঢাকার অভিজাত এলাকা গুলশান-বনানীতে পাঁচ থেকে সাত হাজার টাকা নিয়ে থাকেন তারা। ভালো পারিশ্রমিকের প্রতিশ্রুতি পেলে ঢাকার বাইরেও যান মাহিদুল।
মাহিদুলের সংগ্রহে পালকির সংখ্যা এখন প্রায় ২০টি। নিজেই এক এক করে বানিয়েছেন ওগুলো। পালকির জন্য দরকার হয় হালকা অথচ শক্ত কাঠামো। স্টিলের দোকান থেকে সেই কাঠামো বানিয়ে এনে কাঠ ও অন্যান্য উপকরণ দিয়ে নকশা করেছেন তিনি। তাতে কোনো কোনো পালকির পেছনে লাখ টাকা খরচ হয়েছে বলে জানান মাহিদুল।
মানবকণ্ঠ/এফআই

