চটপটি, ফুচকা বা মুখরোচক খাবারের স্বাদ বাড়াতে তেঁতুলের কোনো জুড়ি নেই। বাড়িতে তেঁতুলের ব্যবহার মানেই হয় তা কোনো ঘরোয়া কাজে, নয়তো খাদ্যে স্বাদ বাড়ানোর উপাদান হিসেবে। তবে তেঁতুলের স্বাস্থ্যকর আরও কিছু দিক রয়েছে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় তেঁতুল রাখা দরকার।
বিশেষ করে তেঁতুলে থাকা নির্দিষ্ট কিছু প্রোটিন অন্তঃসত্ত্বা অবস্থায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। এই সময় হবু মায়েদের অনেকের ক্ষেত্রেই রক্তচাপ বেড়ে যায়। তেঁতুলের পটাশিয়াম এবং আয়রন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তেঁতুলের মধ্যে থাকা অ্যাসকরবিক এসিড খাবার থেকে আয়রন সংগ্রহ করে শরীরের বিভিন্ন কোষে তা পরিবহন করে। ফলে মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে যায়।
এছাড়াও বদহজম দূর করে তেঁতুল। গরমের দিনে কমবেশি অনেকেই বদহজমের সমস্যায় ভোগেন। এক কাপ পানিতে তেঁতুল ভিজিয়ে সামান্য নুন, চিনি বা গুড় মিশিয়ে খেলে বদহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তেঁতুলে থাকা ডায়াটারি ফাইবার হজম করতে সাহায্য করে। গ্যাসের সমস্যা থেকেও মুক্তি দিতে পারে তেঁতুল।
তেঁতুলে থাকা অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান পরোক্ষ উপায়ে রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। তেঁতুলে উপস্থিত উৎসেচক শরীরে শর্করার শোষণ মাত্রা কমিয়ে দিয়ে শর্করা নিয়ন্ত্রণে অংশ নেয়। ফলে ডায়াবেটিসকে অনেকটাই প্রতিরোধ করে তেঁতুল।
ঋতু পরিবর্তনের সময়ে ঠাণ্ডা লাগা এবং সর্দি-কাশি থেকে রেহাই পেতে গরম পানিতে তেঁতুল আর গোলমরিচ মিশিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়।
তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টি ব্যাক্টেরিয়াল উপাদান, যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেয়। স্কার্ভি রোগ প্রতিরোধেও তেঁতুল অত্যন্ত কার্যকর। তেঁতুল রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে এই ফল দারুণ উপকারী। তেঁতুলে হাইড্রক্সিসাইট্রিক এসিড রয়েছে যা শরীরে চর্বি জমতে দেয় না। এই এসিড সেরোটোনিন নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে ক্ষুধা কমায়। খাবারে রাশ টানলেই ওজন বাড়বে না। এ ক্ষেত্রে খাদ্যতালিকায় তেঁতুলের শরবত রাখতে পারেন।
গরমের দিনে তৃষ্ণা মিটবে আর সুস্বাস্থ্যও পাওয়া যাবে। বেশ খানিকটা তেঁতুল পানিতে ভিজিয়ে রাখুন। তেঁতুল নরম হয়ে গেলে ক্বাথ বের করে নিন। এবার একটি গ্লাসে দুই চামচ তেঁতুলের ক্বাথ, ভাজা জিরা, শুকনো মরিচ গুঁড়া, বিট লবণ, গোলমরিচের গুঁড়া আর এক চামচ মধু ভালো করে মিশিয়ে ঠাণ্ডা পানি দিয়ে নিন। বরফ আর পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন তেঁতুলের শরবত।
মানবকণ্ঠ/এফআই

