চট্টগ্রাম যাওয়ার পথে ৭৮ কিলোমিটার দৈর্ঘ্যের পটিয়া বাইপাস সড়ক। বড় এই রাস্তার দুই পাশে কোনো গাছপালা নেই। খালি পড়ে থাকা এসব জায়গায় প্রতিদিন মোটরসাইকেল থামিয়ে, ব্যাগভর্তি কিছু জিনিসপত্র নিয়ে গাছ লাগান। শার্ট-প্যান্ট পরে প্রায়ই রাস্তার পাশে দাঁড়িয়ে গাছের চারা, বীজ, কোদাল, শাবল, বেলচা, পানি, ইত্যাদি নিয়ে কাজ করেন এক ভদ্রলোক। কাজ শেষে যাত্রা করেন কর্মস্থলের পথে। আবার বাড়ি ফেরার পথে একনজর দেখে যান গাছগুলো।
গত পাঁচবছর ধরে এটিই প্রতিদিনের রুটিন মো. আবু তাহেরের। ৪৫ বছর বয়সী এ ব্যক্তির বসবাস চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার হারলা গ্রামে। কর্মরত আছেন চট্টগ্রাম বন্দরের উচ্চবহিঃ সহকারী কর্মকর্তা হিসেবে। এর আগে ১৪ বছর গণিত ও বিজ্ঞান পড়িয়েছেন বোয়ালখালী উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে।
মফস্বল শহরে বেড়ে ওঠা তাহেরের গাছের প্রতি ভালোলাগা ছোটবেলা থেকেই। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় বাবা-মায়ের সাথে গাছের পরিচর্যায় অংশ নিতেন তিনিও। তাদের মাধ্যমেই এই কাজে হাতেখড়ি হয় তার। তাই নিজের বাড়ির আঙিনার পাশাপাশি পড়ে থাকা খালি জমি দেখলেই গাছ রোপণ করে ব্যয় করতেন নিজের অবসর সময়। আস্তে আস্তে সেই কাজ তার ভালো লাগায় রূপ নেয়। স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করলে সেখানকার শিক্ষার্থীদের মধ্যেও এ বিষয়ে নানাভাবে উৎসাহ যোগাতে থাকেন। গাছপালার উপকারিতা সম্পর্কে জানানোর পাশাপাশি তাদের মধ্যে গাছ রোপণ করার বিষয়ে আগ্রহ তৈরি করতে শুরু করেন। এই শিক্ষার্থীরা আবু তাহেরের উৎসাহে স্কুলের আশপাশে পড়ে থাকা খালি জায়গা, নিজ বাড়ির আঙিনায় চারাগাছ লাগাতে শুরু করে। অনেক শিক্ষার্থী এখনও সে কাজ চালিয়ে যাচ্ছে মনোযোগের সাথে। শিক্ষকতার পেশার সাথে তাহের সংযুক্ত নেই ১০ বছরেরও বেশি সময়। কিন্তু এখনও শিক্ষার্থীরা নিজেদের লাগানো গাছের ছবি পাঠিয়ে চমকে দেন তাকে। এতে তাহেরের খুশি দ্বিগুণ হয়।
শুরুতে কেবল নিজের বাগানে গাছ রোপণ করার মধ্যে সীমাবদ্ধ ছিল তার এই কাজের গণ্ডি। বাড়ির চারপাশ, বারান্দা, বাগান ইত্যাদি ভর্তি করে রাখতেন গাছপালায়। আস্তেধীরে কাজের পরিধি বাড়াতে থাকেন। এখন শুধু নিজের সীমানায় নয়, যত খালি জায়গা পড়ে থাকতে দেখেন সেখানেই করেন গাছ রোপণ করার কাজ। মাঠ-ঘাট, খোলা জায়গা যেখানেই সম্ভব এই কাজ চালিয়ে যাচ্ছেন একাগ্রতার সাথে। বছর পাঁচেক আগে নিজের এলাকার সাথে সংযুক্ত বড় দুই সড়কের পাশে পড়ে থাকা খালি জায়গায় গাছ লাগানোর উদ্যোগ নেন তিনি। ২০১৩ সালে আবু তাহের শিক্ষকতার পেশা ছেড়ে যোগ দেন বন্দরের উচ্চবহিঃ সহকারী পদে। নতুন কর্মস্থলে যেতে অতিক্রম করতে হতো পটিয়া বাইপাস সড়ক। দুইপাশে গাছপালায় ভরপুর এই রাস্তা ছিল শীতল ও ছায়াযুক্ত। একদিন আবু তাহের খেয়াল করেন সাত-আট কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তার দুপাশ যেসব গাছপালায় ভরপুর ছিল তার কিছুই আর অবশিষ্ট নেই। রাস্তার পরিধি বাড়ানোর লক্ষ্যে এসব গাছ কেটে ফেলা হয়। এতগুলো গাছ নির্মূল করার বিষয়টি খুব আহত করে আবু তাহেরকে। তখনই তিনি সিদ্ধান্ত নেন, সড়কের দুপাশের পরিবেশ আগের রূপে ফিরিয়ে আনবেন। এই পর্যন্ত কত গাছ রোপণ করেছেন সে বিষয়ে পরিষ্কার হিসেব নেই তার। তবে আনুমানিক হিসেবে দুই হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন তিনি। প্রতিটা বীজ বা গাছ তিনি লাগিয়েছেন খোলা জায়গায়। নেই কোনো সুরক্ষা বেষ্টনী। ফলে অনেক সময় মানুষ উপড়ে ফেলে বা পশুপাখি খেয়ে ফেলে। আবার অনেক সময় ক্ষেত করার উদ্দেশ্যে অনেকে কেটেও ফেলে। বড় হওয়ার পরও এমন অনেক গাছ উপড়ে ফেলা বা কেটে ফেলা হয়েছে বলেও জানান তিনি।
এসব স্থানে আবার গাছ লাগান নতুন করে। আবু তাহের বলেন, আমি এই পর্যন্ত যত গাছ লাগিয়েছি তার মধ্যে হয়তো ১০-২০ শতাংশ গাছ ঠিকঠাক বড় হতে পারছে বা অক্ষত আছে। এত কষ্ট করে যখন এই কাজ করি, আর কেউ এসে সহজেই গাছটিকে উপড়ে ফেলে তখন খুব কষ্ট লাগে।
মানবকণ্ঠ/এসআরএস

