স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পোষা প্রাণী হিসেবে বিড়ালের কদর সবচেয়ে বেশি। প্রাণিটি বেশ আরামপ্রিয়। প্রাচীনকাল থেকেই মানুষ শখের বশে বিড়াল পালন করে আসছেন। অনেকে বিড়াল পালন করেন ইঁদুর দমন করার জন্য। বর্তমানে ক্রমেই বাড়ছে বিড়ালের প্রতি মানুষের আগ্রহ। কেউ কেউ বিড়াল পোষেন আয় করতে। এমনই একজন হলেন খুলনার গগন বাবু রোডের খাদিজা আলম তুলি।
সরকারি আযম খান কমার্স কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী তিনি। তুলি বলেন, আমি ২০২০ সাল থেকে বিড়াল পোষা শুরু করি। প্রথমে আমি ঢাকা থেকে দুই মাস বয়সের দুটি সাদা বিদেশি বাচ্চা বিড়াল কিনে আনি। এতে আমার খরচ পড়ে ৪৫ হাজার টাকা। ওদের নাম লুনা লিও। ওদের বয়স এখন তিন বছর।
ওরা পিওর পার্সিয়ান সাদা বড় পশম ওয়ালা বিড়াল। পরে একটি কালার ফুল বিড়াল কিনে আনি। ওর নাম এলভিন, ধূসর রঙের ছোট পশম ওয়ালা ট্যাবি ক্যাট। এখন সবমিলিয়ে প্রায় ১৫টি বিড়াল। এরমধ্যে নয়টি প্রাপ্তবয়স্ক। ছয়টি সদ্য বাচ্চা রয়েছে। বিড়াল বন্ধুসুলভ প্রাণী হওয়ায় আমার পরিবারের সবাই বিড়ালের
যত্ন করে।
তিনি বলেন, বিড়াল বছরে চার বার বাচ্চা দেয়। একবারে যদি তিনটি করে বাচ্চা দেয় তাহলে দ্রুতই বিড়ালের সংখ্যা বেড়ে যায়। মাসে দুইটা বিড়াল ছানা বিক্রি করতে পারলে ৪০ হাজার টাকা। বেশি বিক্রি করতে পারলে আয়ও বেশি হয়। বিড়ালের খাবারের বিষয়ে তুলি বলেন, সিদ্ধ মাছ, মুরগির মাংসের সঙ্গে সিদ্ধ সবজি, কাঁচকলা, মিষ্টিকুমড়া, গাজর, আলু এসবই খায় বিড়ালগুলো। মাছের মধ্যে টুনা, তেলাপিয়া আর চাপিলা মাছ। বিড়ালের জন্য বোতলজাত খাবার পাওয়া যায় ক্যান ফুড ক্যাট ফুড। তুলি বলেন, আমার কাছে পিওর সাদা পার্সিয়ান, ক্যালিকো ও ট্যাবি জাতের ১৫টি বিড়াল রয়েছে। এর বর্তমান বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। বিড়ালগুলোর থাকার জন্য আলাদা রুম রয়েছে। তারপরও তারা ঘরদোর মাতিয়ে রাখে।
বিড়ালের রোগব্যাধি কম হয়। শীতকালে ঠাণ্ডার একটু ঝুঁকি থাকে। তাও তাদের পোষাক পরানো হয় গরম রাখার জন্য। ওই তরুণী বলেন, ফেসবুকে অনেকগুলো গ্রুপ আছে যেখানে এসব বিড়াল কেনা-বেচা করা হয়। যেখান থেকে পছন্দ করে ক্রেতা বিড়ালছানা কিনতে পারেন। বেকার তরুণ-তরুণীদের বাণিজ্যিকভাবে বিড়াল পুষে সাবলম্বী হওয়ার বড় সম্ভাবনা রয়েছে।
মানবকণ্ঠ/আরএইচটি

