বিরিয়ানি নাম শুনলেই জিভে জল চলে আসে। বর্তমানে বিরিয়ানি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। রাস্তার পাশ দিয়ে যেতে যেতে যখন লাল কাপড় মোড়ানো হাঁড়ি থেকে সুগন্ধ ভেসে আসে, ঠিক তখনই হাতছানি দেয় ওই হাঁড়িটি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন হাঁড়িতে লাল কাপড় মোড়ানো থাকে? এই প্রশ্নটি অনেকের মনে এলেও এর উওর অনেকেরই অজানা। চলুন তবে জেনে নিই, এর পেছনে আসল কারণ।
বিরিয়ানি মোগলাই খাবার। বিরিয়ানির প্রথম প্রচলন হয় দিল্লি এবং লখনউতে। এখন তা ভারত থেকে শুরু করে বাংলাদেশের মফস্বল শহর সর্বত্র ছড়িয়ে পড়েছে। ১৮৫৬ সালে কলকাতায় পৌঁছান নবাব ওয়াজিদ আলি শাহ। এরপর কলকাতাতেই কাটিয়ে দেন জীবনের শেষ ৩০ বছর।
এই ওয়াজিদ আলির জন্যই কলকাতা বিরিয়ানির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিল। কলকাতায় বিরিয়ানির প্রথম পাত পড়েছিল লখনউর নবাব ওয়াজিদ আলি শাহর হাত ধরেই। অনেকে বলেন, ওয়াজিদ আলি শাহই নাকি বিরিয়ানিতে আলুর প্রচলন করেছিলেন। তবে সেই বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় বাঁধা থাকে বিশেষ কারণে।
লাল রংকে বরাবরই আভিজাত্যের প্রতীক হিসেবে ধরা হয়। এখনও বিদেশ থেকে বড় কোনো অতিথি এলে পাতা হয় লাল গালিচা। অনেকেরই বিশ্বাস বিরিয়ানির হাঁড়িতে লাল রঙের কাপড় বাঁধা হয় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। তবে এই ধারণা একেবারেই ঠিক নয়। এর পিছনে জড়িয়ে আছে ঐতিহাসিক তাৎপর্য।
ইতিহাসের থেকে জানা যায়, মুঘল সম্রাট হুমায়ুন যখন সাম্রাজ্য হারিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন তখন তাকে পারস্য সম্রাট গালিচার উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ছিলেন। আর তখন সম্রাট হুমায়ুনের খাদ্য পরিবেশনে ‘দরবারি রীতি’ অনুযায়ী, রুপালি পাত্রের খাবারগুলোর জন্য লাল কাপড় আর অন্য ধাতব বা চিনামাটির পাত্রগুলোকে সাদা কাপড়ে ঢেকে নিয়ে আসা হয়। পরবর্তীকালে মুঘল দরবারেও এই রীতি অনুসরণ করা হয়। খাদ্য পরিবেশনের এই রীতি ও রঙের ব্যবহার লখনউয়ের নবাবরাও অনুসরণ করতেন। সেই থেকেই বিরিয়ানির পাত্র লাল কাপড়ে ঢাকার রীতি চলে আসছে।
তবে ইতিহাস বা ঐতিহ্যের ব্যাখ্যা যা-ই হোক না কেন, লাল কাপড়ে মোড়া বিরিয়ানির পাত্রের সঙ্গে অসংখ্য ভোজন রসিক মানুষের একটা সম্পর্ক দীর্ঘ বেশ কয়েক দশকে তৈরি হয়েছে। লাল কাপড়ে মোড়া পাত্র দেখলেই যাদের খিদে বেড়ে যায়, মনে পড়ে যায় শুধু বিরিয়ানির কথা।
মানবকণ্ঠ/এআই

