পৃথিবীতে প্রায় ২৬৫ কোটি মুসলমান আছে, যা মোট জনসংখ্যার প্রায় ৩০ শতাংশ। বর্তমানে পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৫৩ কোটি ৭০ লাখ। ২০৪৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৭ কোটিতে। এর মধ্যে সাধারণত প্রাপ্তবয়স্ক ও সুস্থ মানুষ রোজা রাখে। পৃথিবীর মোট প্রাপ্তবয়স্ক মুসলমানের ৩৮ শতাংশ ডায়াবেটিসে ভুগছে। সে হিসাবে দাঁড়াচ্ছে, প্রতি রমজান মাসে ৯ থেকে ১২ কোটি ডায়াবেটিক রোগী রোজা রাখছে।
একটি গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে, টাইপ ১ ডায়াবেটিক রোগীর ৪৩ শতাংশ এবং টাইপ ২ ডায়াবেটিক রোগীর ৭৯ শতাংশ রমজান মাসে রোজা রাখে। রোজার সময় একজন মানুষকে ভোররাত থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হয়।
ভৌগোলিক অবস্থান ও মৌসুম ভেদে এ সময়কাল ১৪ ঘণ্টা থেকে শুরু করে সর্বোচ্চ ২৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে। আমাদের দেশে সাহরি ও ইফতারের মধ্যবর্তী সময় সর্বোচ্চ ১৮ ঘণ্টা হতে পারে। এই দীর্ঘ সময় একজন ডায়াবেটিক রোগীর না খেয়ে থাকা উচিত হবে কি না, তা নিয়ে অনেক বছর ধরে বহু বিতর্ক হয়েছে। অবশেষে পৃথিবীর মুসলমান ও অমুসলমান ডায়াবেটিস বিশেষজ্ঞরা সর্বসম্মতভাবে মতামত দিয়েছেন যে ডায়াবেটিক রোগীর পক্ষে রোজা রাখা ক্ষতিকর হবে।
রোজা রাখার সময় ডায়াবেটিক রোগীর ঝুঁকি
রক্তের গ্লুকোজের মাত্রা কমে যাওয়া (হাইপোগ্লাইসেমিয়া): খাদ্য গ্রহণে অনেকক্ষণ যাবত্ বিরত থাকলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমতে থাকে। রক্তে গ্লুকোজের পরিমাণ ডায়াবেটিক রোগীর রোজা রাখার সময় এতটাই কমে যেতে পারে যে তাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হতে পারে। টাইপ ১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে এরূপ হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আশঙ্কা ৪.৭ গুণ এবং টাইপ ২ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে ৭.৫ গুণ বেশি।
রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া (হাইপারগ্লাইসেমিয়া): রোজা রাখার কারণে টাইপ ১ ও টাইপ ২ উভয় ধরনের ডায়াবেটিক রোগীর ক্ষেত্রেই রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার কিছুটা ঝুঁকি থাকে। টাইপ ১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে তা মারাত্মক হতে পারে।
তবে কারো কারো ক্ষেত্রে এ থেকে জীবননাশের ঘটনাও ঘটতে পারে। রমজান মাসের শেষের দিকে এ ঘটনাগুলো ঘটার আশঙ্কা বাড়তে থাকে।
ডায়াবেটিস কিটো-অ্যাসিডোসিস: টাইপ ১ ডায়াবেটিস রোগীরা বেশ কিছু ক্ষেত্রে রক্তের গ্লুকোজ মারাত্মকভাবে বেড়ে যাওয়া বা এর ধারাবাহিকতায় কিটোন বডি বেড়ে যাওয়ার কারণে সংকটাপন্ন অবস্থায় নিপতিত হতে পারে। বিশেষ করে যাদের রক্তের গ্লুকোজের নিয়ন্ত্রণ রোজা শুরুর আগে ভালো ছিল না। টাইপ ২ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রেও এরূপ হতে পারে।
পানিশূন্যতা ও থ্রম্বো-এম্বোলিজম: রোজা রেখে দীর্ঘ সময় পানি বা পানীয় খাদ্য গ্রহণে বিরত থাকার কারণে শরীরে পানিশূন্যতা (ডিহাইড্রেশন) দেখা দিতে পারে। আর গরম ও বেশি আর্দ্র আবহাওয়ায় পানিশূন্যতা আরো প্রকট হতে পারে। যাদের রোজা রেখে কঠোর শারীরিক শ্রম দিতে হয় তাদেরও পানিশূন্যতা দেখা দেওয়ার ঝুঁকি থাকে। তা ছাড়া রক্তে বেশি মাত্রায় গ্লুকোজ থাকলে শরীর থেকে পানি ও খনিজ পদার্থ বের হয়ে যাওয়ার হার অনেক বৃদ্ধি পায়। এতে বসা বা শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ালে মাথা ঘুরে যেতে পারে। বিশেষত যাদের ডায়াবেটিসের কারণে স্নায়বিক সমস্যা দেখা দিয়েছে, তাদের এ সময় সহসা জ্ঞান হারানো, মাথা ঘুরে পড়ে যাওয়া, আঘাতপ্রাপ্ত হওয়া, হাড় ভেঙে যাওয়া ইত্যাদি ঘটার আশঙ্কা বেশি থাকে। দেহের পানিশূন্যতার কারণে রক্ত জমাট বেঁধে চোখের রেটিনার কেন্দ্রীয় শিরা বন্ধ হয়ে দৃষ্টিশক্তি হারানোর ঘটনা ঘটেছে সৌদি আরবে ও অন্যান্য মরু অঞ্চলে।
রোজায় ডায়াবেটিসের ব্যবস্থাপনা
ডায়াবেটিস রোগীর রোজা রাখা একান্তভাবেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত, যা তার স্বাস্থ্যের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে এবং তার চিকিত্সকের জন্যও তা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। প্রতিটি ডায়াবেটিক রোগীই রোজা রেখে কমবেশি ঝুঁকির আওতায় চলে আসে।
এ ক্ষেত্রে করণীয়
প্রত্যেক রোজাদার ডায়াবেটিক রোগীর অবস্থা তার স্বাতন্ত্র্যসহ বিবেচনা করতে হবে। ঘন ঘন রক্তের গ্লুকোজের মাত্রা দেখতে হবে [প্রতিদিন বেশ কয়েকবার (কমপক্ষে তিনবার) রক্তের গ্লুকোজ মাপতে হবে]। দিনের শেষ ভাগে অবশ্যই রক্তের গ্লুকোজ দেখার ব্যবস্থা থাকতে হবে। আর টাইপ ১ ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে রক্তের গ্লুকোজ লক্ষ রাখতে হবে। রমজানের প্রথম দিকের দিনগুলোতে একটু বেশি সতর্ক থাকতে হবে, পরে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
প্রতিদিনের খাদ্যের পুষ্টিমান অন্যান্য সময়ের মতোই রাখার চেষ্টা করতে হবে, যদিও তা খুব সহজ না-ও হতে পারে। স্বাভাবিক দৈহিক ওজন ধরে রাখার পদক্ষেপ নিতে হবে। গবেষণায় দেখা যায়, রমজানে রোজা রেখে ২০ থেকে ২৫ শতাংশ ডায়াবেটিক রোগীর দৈহিক ওজন কমে বা বাড়ে। ইফতারে চর্বিসমৃদ্ধ খাদ্য এবং তেলে ভাজা খাবার গ্রহণ করা থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। কেননা এসব খাবার হজম হতে সময় লাগবে। কিন্তু ডায়াবেটিস রোগীর ইফতারের পরপরই যত দ্রুত সম্ভব রক্তে গ্লুকোজ সরবরাহ করার ব্যবস্থা করা জরুরি। সে জন্য জটিল শর্করাজাতীয় খাবার সাহরির সময় খেতে হবে। আর ইফতারিতে সহজপাচ্য খাবার খেতে হবে। প্রচুর পানি ও অন্যান্য তরল খাবার খেতে হবে। সাহরির খাবার নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে (অর্থাত্ ফজরের আজানের ঠিক আগে সাহরি শেষ হলে ভালো) খেতে হবে এবং তারপর প্রচুর পানি পান করা বাঞ্ছনীয়।
শারীরিক শ্রম বা ব্যায়ামসহ স্বাভাবিক শারীরিক কর্মকাল চালানো যেতে পারে এ সময়। তবে খুব বেশি কঠোর শ্রম বা ব্যায়াম না করাই ভালো। এতে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আর কঠোর শ্রম বিকেলবেলায় তো করা যাবেই না। তারাবির নামাজ পড়লে, তাকে শারীরিক শ্রমের বিকল্প হিসেবে গণ্য করা যেতে পারে। কিছু কিছু ডায়াবেটিক রোগী (বিশেষত টাইপ ১), যাদের রক্তের গ্লুকোজ ঠিকমতো রাখা যাচ্ছে না তাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার ঘটনা প্রায়ই মারাত্মক হয়।
প্রতিটি ডায়াবেটিক রোজাদারকে এ কথা খুব স্পষ্টভাবে বুঝতে হবে যে যখনই হাইপোগ্লাইসেমিয়ার কোনো লক্ষণ শরীরে দেখা দেয় তারপর যতটা সম্ভব দ্রুততর সময়ের মধ্যে গ্লুকোজ বা চিনি বা মিষ্টি কোনো খাবার, শরবত ইত্যাদি যেকোনো একটি খেয়ে নিতে হবে।
যাদের হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, তারা তো খুব সহজেই এটির প্রাথমিক উপসর্গ চিনতে পারবে। আর যাদের তেমন অভিজ্ঞতা হয়নি, তাদের বুক ধড়ফড়ানি, মাথা ফাঁকা ফাঁকা লাগা, ঘাম হওয়া, হূদস্পন্দন বেড়ে যাওয়া, চোখে অন্ধকার দেখা, মাথা ঘোরা ইত্যাদির এক বা একাধিক লক্ষণ দেখা দিতে পারে। তখন হাইপোগ্লাইসেমিয়া (রক্তের গ্লুকোজ এ সময় সাধারণত ৩.৩ মিলিমোল/লিটার) হওয়ার কথা।
আবার দিন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই যদি রক্তের গ্লুকোজ ৩.৯ মিলিমোল/ লিটার বা তার চেয়ে কমে যায় তাহলেও কিছু খেয়ে নেওয়া জরুরি। আর যারা ইনসুলিন, সালফুনাইলইউরিয়া-মেগ্লিটিনাইডজাতীয় ওষুধ গ্রহণ করছে, তাদের ক্ষেত্রে এমনটি ঘটার আশঙ্কা বেশ বেশি। আবার রক্তের গ্লুকোজ ১৬.৭ মিলিমোল/লিটারের বেশি হলেও রোজা রাখা সম্ভব হবে না।
প্রাক-রমজান মূল্যায়ন
যেসব ডায়াবেটিক রোগী রোজা রাখার সব ঝুঁকির কথা জেনেও রোজা রাখতে দৃঢ়প্রতিজ্ঞ, তাদের রোজা শুরুর কমপক্ষে এক মাস আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। এর মধ্যে আছে ঘুম থেকে উঠেই এবং খাওয়ার দুই ঘণ্টা পর (মোট চারবার) রক্তের গ্লুকোজ, খালি পেটে রক্তের লিপিড, লিভার, কিডনি ও হূিপণ্ডের কার্যকারিতার পরীক্ষা এবং এইচবিএ১সি ইত্যাদি পরীক্ষা করে নিতে হবে।
সবাইকেই তার নিজের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আগ্রহী হওয়া উচিত। চিকিত্সকরা এ ক্ষেত্রে তাদের সহায়তা করবেন। তবে রমজানের তিন মাস আগে থেকে ডায়াবেটিক রোগীর রোজা রাখার প্রস্তুতি শুরু করাটা সবচেয়ে বিবেকপ্রসূত পদক্ষেপ হবে।
বিশেষভাবে জানা প্রয়োজন
ডায়াবেটিক রোগী রোজা রাখতে পারবে হয়তো। তবে তিন মাস আগে থেকে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে প্রস্তুতি নিতে হবে।
রোজার সময় নিজে ডায়াবেটিসের ওষুধ সমন্বয় করবেন না, এতে মারাত্মক পরিণতি হতে পারে।
সাহরির খাবার সাহরির শেষ সময়ের কিছু আগে খাওয়া উচিত। ইফতারের সময় বেশি চিনিযুক্ত খাবার খাবেন না।
রোজার সময় দিনের বেলা অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয়। এতে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। রোজার সময় রাতের বেলা পর্যাপ্ত পরিমাণে পানি (সম্ভব হলে ডাবের জল), কম মিষ্টি রসালো ফল এবং পুষ্টিকর খাবার খাওয়া উচিত।
মনে রাখতে হবে, রোজার সময়ে ওষুধ ও খাদ্য ব্যবস্থাপনা পুরোটাই পাল্টে যাবে এবং রমজানের পর আবার নতুন করে স্বাভাবিক সময়ের ডায়াবেটিসের চিকিৎসায় ফিরে আসতে হবে।
লেখক: সহযোগী অধ্যাপক,
এন্ডোক্রাইনোলজি বিভাগ
হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ,
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।
মানবকণ্ঠ/এফআই

