প্রায় এক হাজারের কাছাকাছি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক বিভিন্ন জিনিস আছে সংগ্রহে। কুমিল্লায় নিজের বাসায় এসব নিয়ে বিরাট সংগ্রহশালা তৈরি করেছেন নাজমুল আবেদীন। তিনি এর নাম দেন কুমিল্লা জাদুঘর। নিজের বাসাতেই শুরু করেন জাদুঘরের কার্যক্রম। প্রতি শুক্রবারে দর্শনার্থীরা বিনামূল্যে স্যারের বাসা ঘুরে দেখতে পারতো তার বিচিত্র সংগ্রহ। ২০১৬ সালে কুমিল্লা জাদুঘর যাত্রা শুরু করে। খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে এই আয়োজন। নগর উদ্যানে প্রতিদিন অনেক মানুষ বেড়াতে আসে। তারা নিয়মিত জাদুঘরে এসে ঘুরে যায়। শিশু-কিশোররা জাদুঘর থেকে অনেক নতুন জিনিস শিখতে পারে। আর বড়রা জাদুঘরে এসে ফিরে যায় শৈশবে।
২০২২ সালে জাদুঘরের প্রসার আরও বাড়ানোর জন্য কুমিল্লার নগর উদ্যানে একটি ঘরে নতুন করে স্থান পায় তার সংগ্রহশালা। তৎকালীন মেয়রের উদ্যোগে স্যারের বাসা থেকে নগর উদ্যানে পসরা সাজিয়ে বসে কুমিল্লা জাদুঘর। এখন জাদুঘরে ঢোকার এন্ট্রি ফি ১০ টাকা মাত্র। পুরনো জিনিসের সন্ধানে টেকনাফ থেকে তেতুলিয়া- সমগ্র বাংলাদেশ চষে বেড়িয়েছেন নাজমুল আবেদীন। শুধু দেশেই না, এশিয়ার সাতটি দেশে তিনি গিয়েছেন নিজের সংগ্রহশালার জন্য। নেপাল, ভুটান, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ঘুরে পুরনো ও ঐতিহাসিক জিনিস সংগ্রহ করেছেন তিনি। এর মধ্যে নেপাল ও ভারত থেকেই সবচেয়ে বেশি জিনিস পেয়েছেন। দীর্ঘ ৩৫ বছর ধরে এমন পুরাতন ও ঐতিহ্যবাহী জিনিস সংগ্রহ করছেন নাজমুল আবেদীন স্যার। ২০০২ সালে নাজমুল আবেদীন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে স্নাতকোত্ত্বর শেষ করে কুমিল্লা জিলা স্কুলে শিক্ষকতা শুরু করেন। চাকরি জীবনে প্রবেশের পর তার সংগ্রহশালা সমৃদ্ধ করার কাজ বেগবান হয়। তিনি বলেন, যখন কলেজে পড়তাম, দেশের বিভিন্ন জেলায় যেতাম ট্রেনে করে। খোঁজখবর রাখার চেষ্টা করতাম যে কোথায় কী পুরনো জিনিসের সন্ধান আছে। কোনো জিনিসের খোঁজ পেলেই ছুটে যেতাম সেটা সংগ্রহ করার জন্য। অনেক সময় পুরনো জিনিসের মালিক থেকে বিভিন্ন জিনিস কেনা লাগতো। যা ছাত্রাবস্থায় একটু কষ্টকর ছিল। চাকরিতে ঢোকার পর টাকা-পয়সা হাতে আসে, পুরনো জিনিস কেনাও সহজ হয়।
ধীরে ধীরে সংগ্রহ বাড়তে থাকে নাজমুল আবেদীনের। কুমিল্লার মগবাড়ি এলাকায় তাদের বাড়ির সামনের রুমে তাক বানিয়ে জিনিস রাখা শুরু করেন তিনি। তার সংগ্রহশালায় ঐতিহ্যবাহী রকমারি তৈজসপত্র, হাতি, উট, হরিণ, বুনো মহিষের শিং ও মাথা, লাঙল, জোয়াল, মাছ ধরার চাঁই, তাঁতের চর্কি, পুরনো দা, শত বছর আগের ইট, বিভিন্ন খনিজসম্পদ, পাথর ও পাললিক শিলা আছে। আছে পুরনো আমলের নানান প্রযুক্তির সরঞ্জাম। যেমনÑ প্রাচীন আমলের প্রায় ২০০টি তালা-চাবি, শত বছর আগের ঘড়ি, টেপ রেকর্ডার, রেডিও, ৩২ কেজি ওজনের ফ্যান, হ্যাজাগ লাইট, টেলিফোন, কলের গানের যন্ত্রপাতি। এছাড়াও প্রথম তৈরি টেলিভিশন, পুরাতন রেডিও সেট, টেলিফোন সেট, বেয়ারিংয়ের গাড়ি, পুরোনো দিনের ক্যামেরা ও বাংলা সিনেমার প্রাচীন রিল আছে তার সংগ্রহে। নাজমুল আবেদীনের কাছে আছে গ্রাম বাংলার নানান ঐতিহ্যবাহী জিনিসের সমারোহ। ঢেঁকি, পিতলের সুপারি কাটার ছড়তা, লাউয়ের ডুগডুগি, হুঁকা, ঘোড়ার চামড়ার আসন, খড়ম, হারিকেন, বিভিন্ন পশু-পাখির হাড়, সের দরের বাটখারা, লোহার পাল্লা, বাবুই পাখির বাসা, পিতলের বদনা-চেরাগ, প্রাচীন ছুরি, জমি মাপার লোহার শিকল। আরো আছে তাল পাতার নৌকা, পালকি, গরুর কাইর, শ্রমিকদের কাজের লোহার সরঞ্জাম, কাসা-পিতলের ডেগসহ নানান বিলুপ্তপ্রায় সামগ্রী। ৩৫ বছর ধরে আমি জাদুঘরটাকে তিল তিল করে গড়ে তুলেছি। এই পর্যন্ত আসার পথ ছিল অনেক কঠিন। অনেকে আমাকে অনেক কিছু দিয়ে সাহায্য করলেও, বেশিরভাগ কাজ আমাকে একা করতে হয়েছে। দিন দিন জাদুঘর জনপ্রিয় হচ্ছে। নাজমুল আবেদীন বলেন, একটি অঞ্চলের পরিচয় পাওয়া যায় সে এলাকার জাদুঘরে। আমাদের দেশে সে তুলনায় অনেক কম জাদুঘর আছে। মাত্র ২৫টা সরকারি জাদুঘর আছে সারাদেশে। দেশের ঐতিহ্য লালন করে জাদুঘর। তাই আমি মনে করি দেশে আরো জাদুঘর গড়ে তোলা প্রয়োজন।
মানবকণ্ঠ/এসআরএস

