আজ থেকে শত বছরেরও বেশি সময় আগে বুড়িগঙ্গা ছিল বিশাল এক নদী। কালো নয়, স্বচ্ছ সাদা পানির ধারা প্রবাহিত হতো নদীজুড়ে। সূর্যের সোনালি আভা পানিতে পড়লে ঝিলিমিলি করে মিলিয়ে যেত পুরো নদীতে। নদীর চারপাশে ছিল গাছের সমাহার। কলসী হাতে পাড়ে এসে খাওয়ার পানি নিতেন আশপাশের লোকজন। পাশাপাশি গোসল বা অন্যান্য কাজ তো ছিলোই! ব–ড়িগঙ্গাপাড়ে কর্মরত ধোপাদের অনেককেই বলতে শোনা যায় এমন কথা। এদের কারোরই নেই নিজস্ব জমি। থাকেন অন্যের ভাড়া দেয়া বাড়িতে। নদীর আশপাশেই সকলের বসবাস। এভাবেই বছরের পর বছর নদীর পাড়ে নিজেদের স্থায়ী ঠিকানা গড়ে তুলেছিলেন তারা।
আজ থেকে শতবছর আগে নদীকে ঘিরেই গড়ে উঠে ধোপাদের জীবিকা। পেটে ভাতের যোগান দিতে নদীর তীরে গড়ে তোলেন নিজেদের আবাসভূমি। পেশা হিসেবে বেছে নেন কাপড় ধোলাইয়ের কাজ। নদীর পানিতে সকাল-সন্ধ্যা ধোলাই করে যে আয় করতেন তাতে দু’দণ্ড শান্তির ব্যবস্থা হয়ে যেত তাদের। তাই এখনো পর্যন্ত সে পেশাই বহাল রেখেছেন তারা। পাকিস্তান আমলে একটি কাপড় ধোলাইয়ের জন্য পেতেন ১ টাকা করে। তাতে দিনে যদি ২০০ কাপড় ধোলাই হতো তবে ২০০ টাকা করে পারিশ্রমিকও পাওয়া যেত। সে সময়ের এক টাকায় কিনতে পাওয়া যেত নানান জিনিস। আজকের মত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার ছিল না। সাধ্যের মধ্যে সুখ কিনতে পারতেন তারা। কিন্তু বর্তমানে সে চিত্র পুরোপুরি বিপরীত। এখন অবশ্য কাপড় প্রতি আর এক টাকা নয়, দেয়া হয় ৬ টাকা করে! অর্থাৎ, দিনে ২০০ কাপড় ধোলাই করলে পাওয়া যাবে ১,২০০ টাকা। তবে টাকা বাড়লেও আগের সেই শান্তি আর নেই। বাঁচার তাগিদে প্রয়োজনীয় চাহিদা পূরণ করাই যেন কল্পনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। নুরু মিয়া এমনই ধোপাদের একজন। বয়স সত্তর ছুঁই ছুঁই। কিন্তু তাকে দেখে সেটি বোঝার উপায় নেই। ভোর ৬টা থেকেই লেগে পড়েছেন কাজে। আজ তার টার্গেট ১৫০টি কাপড় ধোলাই করবেন।
অভিযোগের সুরে নুরু মিয়া বলেন, আগে মেলা কাম আছিলো। শরীরে বলও আছিলো। সারাবেলা কাম করতাম। অহন কাম নাই, ট্যাহাও নাই। এইডা কইরা কেউ কিচ্ছু করতে পারে নাই। এই কামে ভাত নাই। বুড়িগঙ্গার এই কালো পানিতেই করেন সমস্ত কাপড় ধোলাইয়ের কাজ। সাদা কাপড়ও আছে এই তালিকায়। নুরু মিয়াদের হাতে কালো পানিতে সাদা শার্টও হয়ে ওঠে একেবারে নতুনের মত। চকচকে সাদা শার্ট দেখে বোঝায় উপায় নেই কেমন পানিতে ধৌত করা হয়েছে এসব। সাধারণত সাবান, সোডা, ব্লিচিং পাউডার, রিন বা হুইল পাউডার ইত্যাদি জিনিস ব্যবহার করে গরম পানিতে সারারাত ভিজিয়ে রাখা হয় কাপড়। আগের দিন সন্ধ্যার দিকে ভিজিয়ে রেখে ধোয়া হয় পরের দিন সকালে। অর্থাৎ, ১২ ঘণ্টা ভিজিয়ে রাখার পরে। তারপর ধোয়ার আগে সাবান মেখে প্রতিটি কাপড়ে ব্রাশ দিয়ে ঘষে বা সিমেন্ট দ্বারা বাঁধানো তক্তায় জোরে আছড়িয়ে বুড়িগঙ্গার পানিতে ধুয়ে নেয়া হয়। কাপড়ের সাদা ও উজ্জ্বল রং নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয় নীল। তবে বর্তমানে যেসব কাপড় ধোলাই হয়, প্রায় সবগুলোই পুরাতন কাপড়। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত লন্ড্রির কাপড়ই আসতো এই ধোপাদের কাছে। ২০১৪-১৫ সাল পর্যন্ত সে ধারা অব্যাহত ছিল। বড় বড় অভিজাত পরিবারের সমস্ত জামা-কাপড় আসতো তাদের কাছে। সেসময়ে কাজও ছিল অনেক বেশি। আবার আয়ও ছিল ভালো। ধোপা হিসেবে কাপড় ধোলাইয়ে কাজ করে আরামেই কেটে যেত দিন। এক সময়ে মুসলমানদের এই পেশায় খুব একটা দেখা যেত না।
১৯৪৭ সালে যখন ভারত পাকিস্তান দুভাগে ভাগ হয়ে যায়, সেসময়ে অনেক হিন্দু ধোপা পূর্ব বাংলা ছেড়ে চলে যান। তাদের যাওয়ার পরে অনেক মুসলমান এই পেশায় ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেন। বর্তমানে পুরো বুড়িগঙ্গাজুড়ে আছেন ৮ জন ধোপা। কামরাঙ্গীরচরে আছেন ২৫-৩০ জনের মতো, যারা মেডিকেলের চাদর পর্দা ইত্যাদি ধোলাই করেন। ঢাকার অন্যান্য জায়গায় আর অল্প স্বল্প থাকতে পারে বলে মত নুরু মিয়ার। তবে বুড়িগঙ্গার ধোপাদের ঐতিহ্য ধরে রেখেছেন কেবল এই ৮ জনই। আগে এই সংখ্যা অনেক বেশি ছিল। কেউ কেউ পেশা পরিবর্তন করেন বলেও জানান তারা।
মানবকণ্ঠ/এসআরএস

