হাওরের বাইরের আশপাশের অঞ্চল থেকে আসা কৃষকেরা অস্থায়ী ‘গ্রামগুলো’ তৈরি করেন। স্থানীয়ভাবে যারা ‘জিরাতি’ নামে পরিচিত। এই কৃষকরা হাওরে তাদের নিজেদের জমিতে কিংবা শুধু লিজ নেয়া জমিতে কাজ করেন। কিন্তু তাদের পরিবার এখানে থাকেন না। শুষ্ক মৌসুমে কৃষকরা এসব বাড়িতে থাকেন ও জমি চাষ করে।
অনানুষ্ঠানিক হিসাব অনুযায়ী, বাংলাদেশের হাওরে আনুমানিক ৩৫ হাজার জিরাতি রয়েছে। যদিও এই অস্থায়ী বাড়িগুলো দেখতে ছোট গ্রামের মতো, তবে এগুলো এক অর্থে অসম্পূর্ণ। কারণ এখানে কোনো নারী বাস করে না। অবশ্য নারীরা তাদের পরিবারের পুরুষ সদস্যদের সাথে দেখা করার জন্য দিনের বেলা ওই বাড়িতে যান।
বছরের ছয় মাস হাওর থাকে মিঠাপানিতে পরিপূর্ণ। যেদিকেই চোখ যেদিকে যায়, সেদিকেই কেবল পানি আর দিগন্তের মাঝে গ্রামের দৃশ্য ভেসে ওঠে। আর এই সময়টাতে সেখানকার লোকজনের বসবাস ও বেশিরভাগ কর্মকাণ্ড গ্রামের মাঝে সীমাবদ্ধ থাকে। অন্যদিকে, পানি কমে গেলে বিস্তীর্ণ মাঠ পুনরায় জেগে ওঠে। তখন হাওর হয়ে ওঠে বৈচিত্র্যময় অর্থনৈতিক কর্মকাণ্ডে পরিপূর্ণ। সেখানে বেশকিছু ছোট ‘গ্রাম’ দেখতে পাওয়া যায়, যেগুলো বন্যার সময় সেখানে ছিল না। কারণ এগুলো অন্য সাধারণ গ্রামের মতো নয়; বরং উঁচু জমির পরিবর্তে গ্রামগুলো হাওরের কোলে অস্থায়ীভাবে গড়ে উঠেছে।
এই অস্থায়ী ‘গ্রামগুলোতে’ প্রায়শই মাত্র কয়েকটি বাঁশের তৈরি ঘর থাকে। এগুলো শুধু শুষ্ক মৌসুমের জন্য তৈরি করা হয় এবং বর্ষায় বন্যার আগে ভেঙে ফেলা হয়। এগুলো হাওরের বাইরের আশপাশের অঞ্চল থেকে আসা কৃষকেরা তৈরি করেন। স্থানীয়ভাবে যারা ‘জিরাতি’ নামে পরিচিত। এই কৃষকরা হাওরে তাদের নিজেদের জমিতে কিংবা শুধু লিজ নেয়া জমিতে কাজ করেন। কিন্তু তাদের পরিবার এখানে থাকেন না। শুষ্ক মৌসুমে কৃষকরা এসব বাড়িতে থাকেন ও জমি চাষ করে। পাশাপাশি দু-একটি গবাদি পশুও পালন করেন। ফসল পেকে গেলে কৃষকেরা বন্যা শুরু হওয়ার আগেই সেগুলো সংগ্রহ করেন। মূলত নেত্রকোনা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরজুড়ে এমন অস্থায়ী ঘর দেখা যায়।
এখানকার কৃষকদের কর্মযজ্ঞ হচ্ছে বিস্তীর্ণ মাঠের মাঝখানে চারটি ঘরকে কেন্দ্র করে; যেখানে তারা বাস করেন। এই কৃষকেরা মূলত কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের বাসিন্দা। সকলেই পেশায় কৃষক। গত অক্টোবরের শেষ দিকে মোট পাঁচজন মিলে এখানে তারা ঘর নির্মাণ করেছিলেন। সবমিলিয়ে পরিবারটির প্রায় ৩০ একর জমি রয়েছে। যেখানে তারা হীরা ২, হীরা ৭০, সাথী ইত্যাদি হাইব্রিড জাতের ধান চাষ করেন।
ভালো ফলন হলে একরপ্রতি ৭০ থেকে ৯০ মণ ধান পাওয়া যাবে। এক্ষেত্রে উৎপাদিত শস্যগুলো তারা কিশোরগঞ্জে নিজ বাড়িতে নিয়ে তারপর বাজারে বিক্রি করবেন। কৃষকরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মিঠামইন বা গোপদীঘি থেকে কেনেন। কিন্তু তারা তাদের কুঁড়েঘরের ঢেউতোলা টিনের ছাদে লাউ ও বাড়ির উঠানে কিছু শাকসবজি চাষ করেন।
৬০ বছর বয়সী কৃষক মো. মেরাজ বলেন, এপ্রিলে বন্যা শুরুর সময় আমরা ফিরে যাব। গত বছর এখানে নয়টি বাড়ি ছিল।
মেরাজ জানান, বাড়ির অংশবিশেষ ও গবাদি পশুগুলো নৌকায় করে আনা হয়েছিল। তবে ফেরার সময় এগুলো নিয়ে যাওয়া হবে সড়কপথে, ট্রাক ও ট্রাক্টরে করে।
মানবকণ্ঠ/এফআই

