বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ গড়ার লক্ষ্যে রক্তক্ষয়ী যুদ্ধে সর্বস্তরের মানুষের নির্ভয়ে ঝাঁপিয়ে পড়া অবাক করে দেয় পুরো বিশ্বকে। যুদ্ধে পশ্চিম পাকিস্তানিদের সেই বীভৎস, অমানবিক, বর্বর আচরণে কেঁদেছে সাধারণ মানুষের মন। নিজের জায়গা ছেড়ে যাওয়ার মতো যন্ত্রণাকে বুকে নিয়ে দেশ ত্যাগ করতে হয় অনেক নারী-পুরুষকে। নতুন পরিচয়, তারা ‘শরণার্থী’।
চারদিকে যুদ্ধের ভয়াবহ মুহূর্তে মুক্তিবাহিনীদের সাথে ঘুরে বেড়াচ্ছেন তরুণ এক আলোকচিত্রী। প্রান্ত থেকে প্রান্তরে ঘুরে মানুষের দুঃখ-দুর্দশার, অস্থিরতা, অমানবিকতার করুণ সব দৃশ্যপট ধারণ করছিলেন ক্যামেরা হাতে। যুদ্ধের মুহূর্ত ধারণে ছুটতে থাকা সেই আলোকচিত্রী হচ্ছেন রঘু রাই। পুরো নাম, রঘুনাথ রাই চৌধুরী। তিনি ছিলে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি তোলার এক দক্ষ কারিগর।
মুক্তিযুদ্ধের চিত্রপট জীবন্ত হয়ে মানুষের কাছে আজও ধরা পড়ে তার কিছু ছবিতে। জীবনের তোয়াক্কা না করে তিনি বিশ্বকে দেখিয়ে গেছেন যুদ্ধের ভয়াবহতা। ছিল প্রাণসংহারের ঝুঁকিও। এতসব বুঝতে পারার পরেও সে সময় ছবি ধারণ করে গেছেন যারা, তাদের একজন কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই।
ফটোগ্রাফির দুনিয়ার উজ্জ্বল এই মহারথী প্রত্যক্ষ করেছেন মুক্তিযুদ্ধের নানা ঘটনা। সে সময়ে সাধারণ মানুষের দুর্বিষহ জীবনের অধ্যায় বরাবরই তাকে ব্যথিত করেছে। তার ক্যামেরায় ধারণকৃত ছবি সেই অনুভূতিই ব্যক্ত করে যায়। নতুন প্রজন্মকে সুযোগ করে দেয় যুদ্ধের সময়ে মানুষের আর্তনাদ, চাপা কান্না ও অসহায়ত্বের অদেখা জীবন দেখার। তার তোলা প্রতিটি ছবিই বলে যায় অনেককিছু।
রঘু রাইয়ের ছবিতে ১৯৭১ সালের বাংলাদেশের মানুষের সংগ্রাম, দেশের জন্য তাদের লড়াই, শরণার্থীদের হৃদয়বিদারক সব মুহূর্ত, ক্ষুধার্তদের আহার প্রাপ্তির হাহাকার, বিজয়ের আনন্দ- সমস্ত কিছুই ফুটে উঠেছে জীবন্তভাবে।
যুদ্ধের সময়ে তোলা রঘু রাইয়ের দুর্লভ কিছু ছবি নিয়েই গত ৫ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় ‘রাইজ অব এ ন্যাশন’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। চলবে আগামী ১৯ মে পর্যন্ত।
রঘু রাই গণমাধ্যমকে বলেন, যখন আমাকে দ্য স্টেটসম্যান (যেখানে আমি কাজ করতাম) থেকে বাংলাদেশ হতে আগত শরণার্থীদের ছবি তোলার জন্য নিয়োগ করা হলো, তখন আমার অবচেতন মনের কোথাও হয়তো শৈশবে নিজের শরণার্থী হয়ে যাওয়া এবং অজানা জায়গায় হেঁটে যাওয়ার অভিজ্ঞতা মাথায় ভর করে বসেছিলো। তাই যুদ্ধের সময়ে আমি পাগলের মতো করে বাংলাদেশের শরণার্থীদের ছবি তুলেছিলাম।
কিংবদন্তি এই আলোকচিত্রশিল্পীর জন্ম ১৯৪২ সালের ডিসেম্বরে। অবিভক্ত ভারতের ঝাং (এখন পাকিস্তানের অংশ) শহরে তার বেড়ে ওঠা। ১৯৪৭ সালে দেশ ভাগের পরে তার নতুন ঠিকানা হয় বিভক্ত ভারত। কিন্তু নিজ জন্মভূমিকে ভুলতে পারেননি কখনো।
মানবকণ্ঠ/এফআই

