সাগরকে চোখে চোখে রাখেন জয়নাল আবেদীন ভুট্টো। তিনি প্রতিদিন আট ঘণ্টা করে সাগরের ওপর নজর রাখেন। ঢেউয়ের গতি ও উচ্চতা লক্ষ্য রাখার কাজ তার। কক্সবাজার সমুদ্রসৈকতের একজন লাইফগার্ড ভুট্টো।
লাবনী পয়েন্ট, সুগন্ধা বিচ আর কলাতলি বিচে পালা করে কাজ করেন তিনি। প্রতিদিন দুই শিফটে ভাগ হয়ে কাজ করেন। সাগরকে নজরে রেখে লাইফগার্ড বা লাইফসেভাররা মূলত ডুবন্ত পর্যটকদের উদ্ধার করেন তিনি।
প্রতি পয়েন্টে ৩৪ জন লাইফগার্ড থাকেন। সকালে এসে প্রথমে তারা সাগরের অবস্থা পর্যবেক্ষণ করেন। নির্দিষ্ট বিচের তুলনামূলক বেশি নিরাপদ চারশত মিটার জায়গা তারা নির্বাচন করেন দুটি বিষয় বিচার করে, উল্টো স্রোতের গতি এবং অনশোরে খালের অবস্থান দেখে। তারপর ৪০০ মিটারের দুই প্রান্তে দুটি লাল-হলুদ পতাকা গেড়ে দেন। মাঝখানে দুই মানুষ সমান উঁচু একটি ওয়াচ টাওয়ার বসান যেখানে দুইজন বসতে পারেন। টাওয়ার বসানোর পর একটি হার্ডবোর্ডে লাইফগার্ড লিখতে থাকেন বাতাস কোন দিক থেকে বইছে, বাতাসে তাপমাত্রা কত, জলের তাপমাত্রা কত, ঢেউয়ের উচ্চতা কত, জোয়ার বা ভাটার শুরু ও শেষ সময় এবং দুয়ের পিক টাইম। বোর্ডটি তারপর টাঙিয়ে দেন টাওয়ারের মাথায়। যারা সাগরজলে ভাসতে চান তাদের নিরাপত্তার কথা ভেবেই কাজগুলো করা হয়ে থাকে।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সি সেফ নামের প্রকল্পের অধীনে কাজ করেন লাইফগার্ডরা।
ভুট্টো একজন সিনিয়র লাইফগার্ড। ২০০৭ সালে ভুট্টো এসএসসি পাস করেন। কক্সবাজারের স্থানীয় তিনি। ভুট্টো বলেন, সাধারণ সময়ে কক্সবাজারে তিন ধরনের ঢেউ দেখা যায়: উঁচু হয়ে আসা তরঙ্গায়িত ঢেউ, দলবদ্ধ ঢেউ এবং ভেঙে ভেঙে আসা দলছুট ঢেউ। সাধারণত বিপদ ঘটে বিপরীত স্রোতে যখন ঢেউ তীরে আছড়ে পড়ে ফিরে যায়। এ সময় স্রোতটা কোনো খালের মধ্য দিয়ে যেতে থাকলে তার গতি বৃদ্ধি পায় এবং মানুষ তা সামলে উঠতে পারে না। এরপর রেসকিউ টিউব, রিং বয়া, স্পাইনবোর্ড বা বোট দিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হয়। টিউব দিয়ে বেঁধে, বয়ায় ভাসিয়ে আর বেশিসংখ্যক লোক হলে বোটে উঠিয়ে বিপর্যস্ত ব্যক্তিকে আমরা পাড়ে নিয়ে আসি।
লাইফগার্ডরা হলুদ টি-শার্ট বা জ্যাকেট এবং লাল হাফ প্যান্ট পরে থাকেন। কারণ হিসেবে ভুট্টো বলেন, সাগরে বিপদগ্রস্ত ব্যক্তি চোখে ঝাপসা দেখতে থাকেন, তখন হলুদ ও লাল রং তাকে বেশি সাহায্য করে। আমরা ভালো মানের সানগ্লাসও ব্যবহার করি যেন সমুদ্রে অনেকদূর পর্যন্ত দেখতে পারি।
ভুট্টোর স্মরণীয় ঘটনা: ২০১৩ সালে একটি শিশুকে উদ্ধার করেছিলেন ভুট্টো যা তার কর্মজীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। শিশুটি স্রোতের টানে অনেক দূরে চলে গিয়েছিল, গলা পর্যন্ত ডুবে জোরে জোরে চিৎকার করছিল। ভুট্টো কোনো ইকুইপমেন্ট ছাড়াই নেমে পড়েছিলেন সাগরে, দ্রুত সাতরে চলে গিয়েছিলেন কাছে। শিশুটি ততক্ষণে দুইবার ডুবে আবার ভেসে উঠেছে। নতুন বিপরীত স্রোত আসার আগেই তাকে উদ্ধার না করা গেলে আরও দূরে চলে যাবে, হয়তো হারিয়েই যাবে। ভুট্টো তাই সর্বশক্তি দিয়ে সাঁতরে গিয়ে ছেলেটির কোমর পেঁচিয়ে ধরেন। শিশুটিকে যতটা পারেন নোনাজল বাঁচিয়ে নিয়ে আসেন তীরে। শিশুটির পিতা-মাতা সব আশা ছেড়েই দিয়েছিলেন, অবশেষে হারানো মানিক ফিরে পেয়ে কেঁদে বুক ভাসিয়েছিলেন, ভুট্টোকে জড়িয়ে ধরে রেখেছিলেন অনেকক্ষণ।
ভুট্টো বলেন, কক্সবাজারে সারাদেশ থেকে, বিশ্বেরও অনেক দেশ থেকে লোক আসে। সবার সঙ্গেই যোগাযোগ করার সুযোগ থাকে লাইফগার্ডের। কাউকে উদ্ধার করার পর সৈকতের মানুষজন সব আমাদের ঘিরে ধরে, আনন্দ প্রকাশ করে, দোয়া করে। তখন নিজেকে সার্থক মনে হয়।
ভুট্টোর বয়স এখন তেত্রিশ। দুই মেয়ে তার, বড়টির বয়স সাত। ভুট্টো বলেন, এই বাজারে ভালোভাবে চলার মতো বেতন আমরা পাই না কিন্তু মানুষের কাজে আসতে পারছি, এটাই অনেক কিছু। ছোট মেয়েটার বয়স চারমাস। বড়টি ভালোই বোঝে, সে আমার গল্প বলে বেড়ায় বন্ধু ও আত্মীয়-স্বজনদের কাছে।
মানবকণ্ঠ/এফআই

