শাড়ি পরে স্কাইডাইভিং করেছেন আফসানা! এ যেন সবাইকে অবাক করে দিয়েছে। শুধু স্কাইডাইভিংয়ের ক্ষেত্রেই নয়, বরং আফসানা নিখুঁতভাবে শাড়ি পরে আরও বহু কাজই করে থাকেন। শাড়ি পরে বিশ্ববিদ্যালয়ে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে যান, হাইওয়ে ধরে আত্মবিশ্বাসের সাথে স্কেটিং করেন, এমনকি বরফে আবৃত পথে স্নোবোর্ডও চালান। নিজের মতো করে কিছু করার স্বাধীনতা আফসানাকে ক্ষমতায়ন ও নিজস্বতার এক আলাদা অনুভূতি দেয়। একইসাথে পাশাপাশি নারীত্বের বিষয়টি গভীরভাবে লালন করেন তিনি। আফসানা বলেন, ‘ইতিহাসের বেশিরভাগ ক্ষেত্রে কখন কী পরতে হবে সেটা পুরুষেরা ঠিক করে দিয়েছিল। আর নারীরা তা মেনে চলেছে। এক্ষেত্রে পিতৃতন্ত্রের এজেন্ট সবসময় পুরুষ নয়; অনেক সময় এমন অনেক নারীও ছিল যারা কখনও লড়াই করার তাগিদ অনুভব করেনি। কিন্তু আমি তাদের একজন হতে চাইনি।’
আফসানা ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ থেকে স্নাতক পাশ করেন। ২০১৮ সালে তিনি ‘হাউ মাইগ্রেশন প্লেইস অ্যা ক্যাটালিস্ট টু চেঞ্জ ম্যাসকুলিনিটি কনস্ট্রাকশন’ শীর্ষক একটি গবেষণা প্রকল্পে কাজ করতে জাপানে যান। ২০২১ সালে আফসানা জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রাম শুরু করেন। তিনি বলেন, যদিও এটি প্রথম বিশ্বের দেশ তবুও জাপানে লিঙ্গ সমতা সূচকে উল্লেখযোগ্যভাবে পিছিয়ে গেছে। ২০২৩ সালে প্রকাশিত গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্সে ১৪৬টি দেশের মধ্যে ১২৫ তম স্থানে রয়েছে জাপান। যা দেশটিকে অন্যান্য জি৭ ভুক্ত দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রেখেছে। আফসানা বলেন, ‘জাপানের সমাজ অত্যন্ত পুরুষতান্ত্রিক। দেশটিতে নারী-পুরুষের বেতনের ব্যবধানও প্রায় ২১ শতাংশ। সব জায়গায় শাড়ি পরা এবং এটি পরেই সব কাজ করা আমার দেশ ও জাপানের নারীদের জন্য নিজের অবস্থান তুলে ধরার অন্যতম উপায়।’
আফসানা বলেন, ‘আমি সবসময় শাড়ি পরার প্রতি আগ্রহী। স্নাতকে পড়াশোনার সময় নারী সহপাঠীদের প্রেজেন্টেশনে এটি পরতে উৎসাহিত করতাম। যদিও তারা প্রায়শই খুব সকাল, গরম বা বৃষ্টির কথা বলে সেটি পরতে রাজি হতো না। আমাদের উপমহাদেশে সভ্যতার সূচনাকাল থেকেই শাড়ি নারীদের ঐতিহ্যবাহী পোশাক। ঐতিহাসিক দলিল থেকে জানা যায়, সিন্ধু উপত্যকা সভ্যতার নারীরা কাপড় হিসেবে দেহে লম্বা টুকরো পরতেন। এটি পরেই তারা ঘরের সমস্ত কাজ করতেন। সময়ের সাথে সাথে পছন্দের পরিবর্তনের সাথে সাথে নারীরা সালোয়ার-কামিজ এবং পশ্চিমা পোশাক পরতে শুরু করে। বিশেষ করে ঔপনিবেশিক যুগে এই প্রবণতা দেখা যায়; দেশভাগের পরে তা আরও প্রকট হয়ে ওঠে। আজকাল আমাদের দেশের বেশিরভাগ নারীরা শুধু বিশেষ কোনো অনুষ্ঠানে শাড়ি পরেন।’ আফসানা বলেন, নারীরা যে পোশাক পরতে চান তা পরলে দোষের কিছু নেই। তবে আমার কথা হচ্ছে, শাড়িকে বাধা হিসেবে মনে করার যে রীতি প্রতিষ্ঠা করা হয়েছে, সেটিকে ভাঙা। কারণ এটি বাধা নয়। প্রকৃতপক্ষে, সেলাই ছাড়া এই কাপড়টি যে মসৃণতা দেয় তা অতুলনীয়। শাড়ি পরার প্রথাগত পদ্ধতির মধ্যে আটকে না থেকে আফসানা বিভিন্ন স্টাইলে এটি পরেন। যা বিভিন্ন কাজের জন্য উপযুক্ত হয়। তিনি এই পদ্ধতিতে শাড়ি পরাকে ভুল মনে করেন না।
উপনিবেশের আগে ভারতীয় উপমহাদেশের নারীরা ব্লাউজ বা পেটিকোট ছাড়াই শাড়ি পরতেন। ঐতিহাসিক নথি অনুসারে, ঔপনিবেশিক শাসকরা নৈতিকতার নামে এই ধরনটিকে অশ্লীল বলে অভিহিত করে। অবশেষে উপনিবেশের ছোঁয়া শাড়ির উপরেও পড়ে। স্নোবোর্ডিংয়ের সময় আফসানা ব্লাউজ হিসাবে তাপপ্রতিরোধী টি-শার্টসহ একটি শাড়ি পরতেন। এক্ষেত্রে সাথে পেটিকোটের পরিবর্তে তিনি স্নোবোর্ডিং প্যান্টও ব্যবহার করেন।
মানবকণ্ঠ/এসআরএস

