‘‘সমাজের রুদ্ধ যৌন পরিসর আর প্রেমহীন বাস্তবতায় সব দেশেই চলে পতিতাবৃত্তি। তবে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এ পেশা নিয়ে কেউই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবুও বিশ্বের বহুদেশে পতিতাবৃত্তি বৈধ এবং সেখানে যৌনকর্মীরা নিয়মিত আয়করও দেন। বাংলাদেশে নানা নিরাপত্তাহীনতায় কাটে তাদের জীবন।’’
বেদনাবিধুর জীবন বয়ে বেড়াচ্ছেন যৌনকর্মী চম্পা আক্তার (ছদ্মনাম)। অথচ স্বপ্ন ছিল একটি সুখের ঘর বাঁধার। আর তাইতো রফিকের সঙ্গে ঘর ছাড়েন চম্পা। কিন্তু ভালোবাসার সেই মানুষটাই যে তাকে লজ্জায় ভরা অভিশপ্ত জীবন উপহার দেবে। তা তিনি ভাবতেও পারেননি। চম্পা বলেন, ভুল মানুষকে ভালবেসেই আমার জীবনটা নষ্ট হয়ে গেল। ২০১৯ এর দিকে মোবাইলের মাধ্যমে প্রেম হয় রফিকের সঙ্গে। তখন জানতে না তার ভালবাসার মানুষ হলেন একজন মাদকাসক্ত, ছিনতাইকারী ও পতিতার দালাল। একরাতে সে আমাকে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। সেই থেকে তার ওপর থেকে মন উঠে যায়। এই অবস্থায় না ফিরতে পারছি বাড়িতে, না পারছি রফিকের সঙ্গে থাকতে।
শুধু চম্পা আক্তার নয় রাজধানী ঢাকা শহরের প্রতিটি যৌনকর্মীর রয়েছে আঁধারের গল্প। প্রত্যেকের গল্পটা আলাদা হলেও কেউই নিজের ইচ্ছায় এই অন্ধকারের পথ বেছে নেননি। তাদের জীবনে নেই কোনো সামাজিক সুরক্ষা। একাধিক যৌনকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চরম, ঘৃণা, লাঞ্ছনা আর ঝুঁকির মধ্যে জীবন কাটছে তাদের। চিকিত্সাসহ সব ধরনের সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত। তাদের কেউ ঘর ভাড়া দিতে চায় না, সন্তানদের স্কুলে পড়ার সুযোগ হয় না। শুধু তাই নয় তাদের কোমলমতি শিশুদের লোকজন মন্দ কথা শোনায়। তার ওপর রয়েছে দালাল, সন্ত্রাসী ও মাদকাসক্তদের উত্পাত। রাত যত গভীর হয় ততই ভয়ঙ্কর হয়ে ওঠে যৌনকর্মীদের জীবন। ছিনতাইকারী, দালাল আর মাদকাসক্তরা এসে জোরপূর্বক যৌন নির্যাতনের পাশাপাশি টাকা ছিনিয়ে নেয়।
এমন সুরক্ষাহীন জীবন চলছে যৌনকর্মীদের। রাজধানীতে বাড়ছে যৌনকর্মী ও প্রতারকদের উত্পাত। সমাজের রুদ্ধ যৌন পরিসর আর প্রেমহীন বাস্তবতায় সব দেশেই চলে পতিতাবৃত্তি। তবে পৃথিবীর সবচেয়ে প্রাচীন এ পেশা নিয়ে কেউই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবুও বিশ্বের বহুদেশে পতিতাবৃত্তি বৈধ এবং সেখানে যৌনকর্মীরা নিয়মিত আয়করও দেন। ইতিহাস ঘাটলে দেখা যায়, সুপ্রাচীনকাল থেকেই যৌনপেশা চলে আসছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদেও এ পেশার উল্লেখ রয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মগ্রন্থেও এ পেশা সম্পর্কে সতর্ক করা হয়েছে। ধর্মীয় বা সামাজিক দৃষ্টিতে যৌনপেশা নিকৃষ্ট কাজের অন্তর্গত। তবে মানবিক দৃষ্টিভঙ্গিতে এ পেশাকে অনেক দেশ স্বীকৃতিও দিয়েছে। যৌনকর্মীদের সমাজে একটু আড়চোখে দেখে।
যৌনকর্মীদের অধিকার বাস্তবায়নে রয়েছে একটি দিবসও। আজ আন্তর্জাতিক যৌনকর্মী দিবস। প্রতিবছর ২ জুন তারিখে আন্তর্জাতিকভাবে পালিত হয় দিবসটি। আজ আন্তর্জাতিক যৌনকর্মী দিবস উপলক্ষে পৃথিবীর বিভিন্ন দেশের রাজপথে নিজেদের পেশার স্বীকৃতি দাবিতে মিলিত হবেন যৌনকর্মীরা। যৌনকর্মীদের সম্মান জানাতে এবং এ পেশায় থাকার কারণে তারা যেসব সমস্যায় পড়েছে তা স্বীকৃতি হিসেবে দিনটি পালন করা হয়। আন্তর্জাতিক যৌনকর্মী দিবসটি স্মরণে বিশ্বের বিভিন্ন স্থানে যৌনকর্মীদের অধিকারের জন্য যারা লড়াই করে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। জার্মান ভাষায় দিনটিকে বলা হয় ‘হারানট্যাগ’। স্প্যানিশ ভাষায় বলা হয় ‘দিয়া ইন্টারন্যাশনাল ডি লা ট্রাবাজডোরা সেক্সুয়াল’।
১৯৭৬ সাল থেকে এই দিনে পালিত হচ্ছে আন্তর্জাতিক যৌনকর্মী দিবস। শুধু যৌনকর্মীদের সম্মান জানাতেই নয়, সঙ্গে তারা যে নির্যাতনের শিকার হন, সেই বাস্তব চিত্র তুলে ধরতে পালিত হয় দিনটি। যৌনকর্মীরা প্রতিমুহূর্তে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেই বিষয়ে সচেতনতা বাড়ানোই এ দিবস পালনের উদ্দেশ্য।
রাজধানীতে যৌনকর্মীর আড়ালে অপরাধ চক্র: রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকা থেকে চন্দ্রিমা উদ্যানে ঘুরতে আসেন আবু ইউসূফ (২৮)। চাঁদপুর থেকে ঢাকা এসেছেন বেশি দিন হয়নি। কাজের সুবাদে মিরপুরেই একটি মেসে থাকেন। ঢাকা শহর খুব একটা ঘুরে দেখা হয়নি তার। তাই সুযোগ পেলেই নগরের বিভিন্ন বিনোদনকেন্দ্রে ঘুরতে যান। শুক্রবার ছুটির দিন হওয়ায় এক বন্ধুকে নিয়ে ঘুরতে যান রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। সন্ধ্যা ৭টার দিকে উদ্যানে লেকের পাড় ধরে হাঁটছিলেন তারা। আচমকা এক তরুণী গা ঘেঁষে এসে তাদের সামনে দাঁড়ায়। নিজ থেকেই নানারকম ইশারা-ইঙ্গিত দিতে থাকে। কী ঘটছে প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পরে তারা বুঝতে পারেন। ওই তরুণী তাদের উদ্দেশ্য করে অনর্গল বলতে থাকেন উদ্যানের সাইডে বসবেন? নাকি রিকশায় চড়বেন, না হোটেলে যাবেন? ওই তরুণীকে পাশ কাটাতে না কাটাতেই দুজন লোক তাদের পিছু নেয়। নানাভাবে তাদের আয়ত্তে আনার চেষ্টা করে ওই দুজন। একসময় তাদের দাঁড় করিয়ে ফার্মগেট কোন দিকে জানতে চায়। মুহূর্তেই সোহেল রানা ও তার বন্ধু বুঝতে পারেন এরা প্রতারক বা ছিনতাইকারী। বুঝতে পেরে কৌশলে তাদের কাছ থেকে ছুটে আসেন।
এর কিছুক্ষণ পরে দেখা যায় আরেক দৃশ্য। উদ্যানের লেকের দেয়ালের ওপর বসে বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী। একা হওয়ায় তিনিও পড়েন বিড়ম্বনায়। বন্ধু আসার আগ পর্যন্ত পড়েন বেকায়দায়, বিশ্রী পরিস্থিতিতে। কেউ পাশে এসে বসছে, কেউ সামনে দাঁড়িয়ে থাকছে, আবার কেউ বলতে চেয়েও কিছু বলছে না। তরুণী টের পেয়ে সেখানে থেকে অন্য স্থানে সরে বসলেন। সেখানেও তার পাশে ঘুরঘুর করতে থাকে এসব ছেলে।
এসব এলাকায় ছুটির দিনে কিংবা কাজের ফাঁকে, অবসর সময়ে ঘুরতে বের হলেই তাদের মতো অনেককে পড়তে হয় বিড়ম্বনায়। তবুও নগরবাসীর বিনোদনের জায়গা কম হওয়ায় অনেকে আসেন। ভুক্তভোগী আকলিমা অভিযোগ করে বলেন, উদ্যানের ভেতরে-বাইরে নানা ধরনের মানুষ আসেন। এই খারাপ লোকদের কারণে প্রকৃত দর্শনার্থীরা বিড়ম্বনায় পড়েন। আমাকে বাধ্য হয়ে কয়েকজনকে ‘সরে দাঁড়ান’ বলতে হয়েছে। কারণ আমি একা বসে আছি বলে লোকজন ভাবছে আমিও ওদেরই দলের। উদ্যানের চারপাশের ভাসমান যৌনকর্মীদের না সরালে লোকজন এমন পরিস্থিতিতে পড়বেই।
ভুক্তভোগী হাছান বলেন, আমি মনে করি প্রতারক ও এসব যৌনকর্মীরা একই দলের। কারণ কোনও যৌনকর্মীর কাছে কোনো লোক গেলে একটু দূর থেকে এসব প্রতারক ফলো করে। পরে সুযোগ বুঝে তাদের বিভিন্ন ভয় দেখিয়ে সব কিছু ছিনিয়ে নেয়। আমরা একটু সচেতন, তাই বিষয়টি বুঝতে পেরেছি। হঠাত্ কেউ এখানে ঘুরতে আসলে তাদের পাল্লায় পড়ে সব কিছু হারাতে পারে।
গত ৪ বছর ধরে চন্দ্রিমা উদ্যানে হেঁটে বাদাম বিক্রি করেন রাকিব মিয়া। বিকাল থেকে রাত পর্যন্ত অবস্থান করেন ওই এলাকায়। উদ্যানের আশেপাশে ঘটে যাওয়া অনেক কিছুই তার চোখে পড়েছে। রাকিব মিয়া বলেন, দিনে তেমন কোনো সমস্যা হয় না। সন্ধ্যার পর বিভিন্ন ধরনের লোকজন আসতে থাকে। বিশেষ করে যৌনকর্মীদের আনাগোনা বেশি। উদ্যানের সামনের ফুটপাতে একটু পরপর দাঁড়িয়ে থাকে এসব নারী। যারা সঙ্গে যায় উদ্যানের ভেতর নিয়ে তাদের কাছ থেকে টাকা, মোবাইল ছিনিয়ে নিতে শুনেছি। শুধু এসব নারী নয়, কিছু যুবকও রয়েছে। উদ্যানের ভেতরের দিকে ঢুকে পেছনে গিয়ে নানা অপকর্ম চালায়। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশ দিয়ে দেয়াল টপকে বের হয়ে যায়। এসব নিয়ে মাঝেমধ্যে ঝামেলা হয়। সারাক্ষণই পুলিশ থাকে, তারপরও তারা থামে না। সন্ধ্যা হলেই তাদের দখলে থাকে ফুটপাত।
বাড়ছে যৌনকর্মী ও প্রতারকদের উত্পাত: দীর্ঘদিন ধরে চন্দ্রিমা উদ্যান ও সংসদ ভবনের আশেপাশে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছেন ডিএমপির এক পুলিশ সদস্য। তার মতে, আগের তুলনায় এসব এলাকায় অপরাধ অনেক কমেছে। তিনি বলেন, চন্দ্রিমা উদ্যানে আগে অপরাধীদের আড্ডা ছিল। বর্তমানে নিরাপত্তা বাড়িয়ে দেওয়ায় এসব লোকজনের উত্পাত নেই বললেই চলে। আগে তো প্রকাশ্যে চন্দ্রিমা উদ্যানের ভেতরে যৌনকর্মী, মাদকসেবীরা আড্ডা দিত। এখন ২৪ ঘণ্টা পুলিশ থাকে। আগের মতো সুযোগ এখন আর নেই। পাশেই পুলিশের আরেকজন সদস্য বলেন, আমরা বারবার এদেরকে সরিয়ে দেই, ঘুরে আবার আসে। আপনি কতবার সরাবেন। বেশি কিছু বলতে গেলে নোংরা কথা বলে। তখন চাইলেও কিছু বলা যায় না।
একইচিত্র দেখা যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউর সংসদ ভবনের সামনের ফুটপাতে। গুরুত্বপূর্ণ স্থাপনা হলেও এসব ফুটপাতে সন্ধ্যা নামলেই জড়ো হয় ভাসমান যৌনকর্মীরা। দলে বেধে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাদের। এসব এলাকায় যৌনকর্মীদের কেন্দ্র করে উত্পাত রয়েছে প্রতারকদের। অথচ সংসদ ভবনের সামনে বাইরের ফুটপাত দিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণির হাজার হাজার মানুষ ফার্মগেট থেকে খামারবাড়ি হয়ে হেঁটে বাসায় বা গন্তব্যে ফিরেন। আসেন শত শত বিনোদনপ্রিয় মানুষ। চলার পথে, বাসায় ফেরার পথে এসব পথচারীদের বিড়ম্বনায় পড়তে হয়।
মানবকণ্ঠ/এফআই

