বর্তমানে দা হং পাও বিশ্বের সবচেয়ে দামি চা। সোনার চেয়েও অন্তত ৩০ গুণ দামি। বিশ্বের বাজারে এই চাকেই সবচেয়ে দামি চায়ের মর্যাদায় রাখতে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও খুব অল্প পরিমাণে উৎপাদন করা হয়।
অবশ্য এই চা উৎপাদনও সহজ কথা নয়। কেননা এই চায়ের আসল স্বাদ পেতে হলে চাগাছের বয়স হতে হবে অন্তত ৩০০ বছর। এখন অবশ্য উয়ি সম্প্রদায় এই চায়ের গাছ লাগিয়েছে। তবে সেই চায়ের স্বাদ আসলটার কাছাকাছিও নয়। গাছগুলো যত পুরনো হবে, ততই স্বাদ বাড়বে। দা হং পাও অর্থ লাল রঙের গাউন। টকটকে লাল রঙের এই চা পান করার পর দীর্ঘক্ষণ মুখে লেগে থাকে ফুলের সুবাস।
পিজি টিপস: পিজি টিপস নামটি অনেকের কাছেই পরিচিত। এটা একটা ব্রিটিশ চায়ের কোম্পানি। ৯১ বছর বয়সী এই কোম্পানিটি বিখ্যাত বাজারে ডায়মন্ডের টি-ব্যাগ আনার জন্য। চায়ের কাপে ডায়মন্ডের টি-ব্যাগ ভিজিয়ে খেতে প্যাকেটপ্রতি খরচ পড়বে ১২ লাখ টাকা। পিজি টিপসের চা বিরল প্রজাতির সিলভার টিপস ইম্পোরিয়াল চা। আর এর প্রতিটি টি-ব্যাগে রয়েছে ২৮০টি ছোট্ট ছোট্ট হিরের টুকরা। সেই হিরের টুকরা আবার সাধারণ হিরের টুকরা নয়। এর কারুকার্য করেছে বিখ্যাত হিরের কোম্পানি বুডলেস জুয়েলার্স।
অবশ্য চায়ের এই সংস্করণটি কেবল একবারই বের হয়েছিল। ২০০৫ সালে, কোম্পানিটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে। এই চায়ের ব্যাগ বিক্রির টাকার একটি অংশ খরচ হয়েছিল ইংল্যান্ডের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য তহবিল গঠনে। এই চা-ও চীনের উয়ি পাহাড়েই প্রথম পাওয়া যায়। গাছের হলুদ কুঁড়ি সংগ্রহ করার পর ৬০ শতাংশ জারণ করে সংরক্ষণ করা হয়। স্তরে স্তরে এই চায়ের স্বাদ বদলায়। আর চা যত পুরনো হয়, ততই এর স্বাদ বাড়ে, সুপেয় হয়। দুই বছর পর পর তাপ দিয়ে এই চায়ের সঙ্গে কাঠ, ফুল আর চকোলেট ফ্লেভার দিয়ে পোড়ানো হয়। সাধারণত ৫০ বছর পর বিক্রির জন্য বের করা হয়। প্রতি কেজি চায়ের দাম ৫ লাখ টাকা।
সোনার চা: সোনার চা অবশ্য সরাসরি সোনার নয়, সোনার প্রলেপ দেয়া। এই চাগাছে যখন নতুন কুঁড়ি গজায়, তখন পুরো পাতায় ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেয়া হয়। এই ইয়েলো গোল্ড-টি বাডস বছরের একটি বিশেষ দিনেই সংগ্রহ করা হয়। এই চায়ের কুঁড়ি সংগ্রহ করতেও ব্যবহার করা হয় স্বর্ণের কাঁচি। সাতবার প্রক্রিয়াজাত করার পর বাজারজাত করা হয় দুর্লভ প্রজাতির এই চা। এটিও চীনা চা।
ব্রোকেন লিফ টি: আরেক পদের চা হলো ব্রোকেন লিফ টি। ইউরোপের এই চায়ের বিশেষত্ব হলো চাগাছের কেবল তিন নম্বর পাতা দিয়েই এই চা হয়। নাম ব্রোকেন লিফ টি হওয়ার কারণ, ইউরোপের এক চা ব্যবসায়ী চীনে এই বিশেষ চা রপ্তানি করতে গিয়ে বুঝতে পারেন, চায়ের পাতা যদি আস্ত না রপ্তানি করে ভেঙে দেয়া হয়, তাহলে জাহাজে দেড়গুণ চা বেশি ধরে। তখন থেকেই চাপাতা ভেঙে রপ্তানি করার প্রচলন শুরু হলো। এক কেজি ব্রোকেন লিফ টির দাম ৩৫ হাজার টাকা।
মানবকণ্ঠ/এফআই

