আলফ্রেড বার্নহার্ড নোবেল। ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহলমে যার জন্ম। ডিনামাইট আবিষ্কারক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ১৮৯৫ সালে করে যাওয়া একটি উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রচলন শুরু হয়। নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় নরওয়েতে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্যান্য পুরস্কার সুইডেন থেকে দেয়া হয়। পাঁচ ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেয়া হয়। সেগুলো হলো- পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি।
প্রথম পুরস্কার দেয়া শুরু হয় ১৯০১ সালে। যদিও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে। বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক নোবেল পুরস্কার পেয়েও যারা আজ কারাভোগ করছেন। এছাড়া চারজন নোবেলজয়ী বাঙালির মধ্যে শান্তিতে পুরস্কার পাওয়া ড. মোহাম্মদ ইউনূস কি কারাভোগের পথে হাঁটছেন। যত বিখ্যাত লোক বা গুণিব্যক্তি হোন না কেন অপরাধী হলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। পরিশেষে ১৯০১ সাল থেকে ২০২৩ পর্যন্ত নোবেল পুরস্কার বিজয়ী যারা আজ কারাগারে আছেন তাদের নিয়েই আজকের এই প্রতিবেদন।
সেন্ট পিটসবার্গে বিজ্ঞানপাঠ শেষ করে আলফ্রেড গেলেন আমেরিকা, ফ্রান্স আর জার্মানিতে উচ্চশিক্ষার জন্য। প্যারিসে তার সঙ্গে বিজ্ঞানী আস্কানিয়ো সোবেরোর আলাপ হলো। তিনি নাইট্রোগ্লিসারিন আবিষ্কার করেছিলেন। আলফ্রেড নাইট্রোগ্লিসারিনের ব্যাপারে ভালো করে বুঝে নিলেন তার থেকে।
১৮৬৩-তে আলফ্রেড নাইট্রোগ্লিসারিনের সঙ্গে বারুদ মিশিয়ে বানালেন ব্লাস্টিং অয়েল আর বিস্ফোরণের জন্য বানালেন ফিউজযুক্ত ব্লাস্টিং ক্যাপ। ক্যাপের জন্য ব্যবহার করলেন মার্কারি ফালমিনেট। দুটোরই পেটেন্ট নিলেন। কিন্তু কপাল খারাপ। সব ব্যাংক ফেল করল একসঙ্গে। আলফ্রেডের পরিবার দেউলিয়া হয়ে নোবেল পরিবার ফিরে এল স্টকহলমে। চার দিকে ব্লাস্টিং অয়েলের চাহিদা বাড়ছিল হু হু করে।
জার্মানি আর স্কটল্যান্ডেও কারখানা খুললেন তিনি। কিন্তু সবচেয়ে মুশকিল ছিল সুরক্ষার ব্যাপারটা। গরম কিছুর সংস্পর্শে এলে বা ধাক্কা লাগলেই নাইট্রোগ্লিসারিনে বিস্ফোরণ ঘটে শ্রমিকদের মৃত্যু ঘটত। সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটল ১৮৬৬-তে জার্মানির ক্রুমেলে। আর এই দুর্ঘটনা তার জীবন বদলে দিল চিরতরে।
আলফ্রেডের মাথায় আচমকা এক বুদ্ধি এলো। আদি প্রাণী ডায়াটমের দেহাবশেষ এই বালি দিয়ে পুট্টি বানিয়ে তার মধ্যে নাইট্রোগ্লিসারিন ভরে দিলেই কাজ হাসিল। সে জিনিস ধাক্কা খেলে এমনকি গরম করলেও বিস্ফোরণ হবে না। একমাত্র আলফ্রেডের ব্লাস্টিং ক্যাপ দিয়ে ডিটোনেট করলেই সুনিয়ন্ত্রিতভাবে ফাটবে সেটা। এটাই তো এতদিন চাইছিলেন নোবেল!
অন্য দিকে নিউম্যাটিক ড্রিলের আবিষ্কারে বড় বড় পাথরে ছিদ্র করা সম্ভব হচ্ছিল। আলফ্রেডের আবিষ্কারে এ বার তা ফাটিয়ে চৌচির করার কৌশলও আয়ত্ত হলো। ১৮৬৭ সালে এই নতুন বিস্ফোরকের পেটেন্ট নিলেন আলফ্রেড। গ্রিক শব্দ ‘ডুনামিস’ মানে প্রবল শক্তি। সেখান থেকেই এই নতুন আবিষ্কারের নাম দিলেন ডাইনামাইট। সানরেমোতেই ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর মারা যান তিনি।
নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও দামি পুরস্কার। বিজ্ঞানে সেরার সেরা শিরোপা নোবেল প্রাইজ। বিজ্ঞানী আলফ্রেড নোবেলের জন্ম না হলে হয়তো এ পুরস্কারের অস্তিত্বই থাকত না। ঘুম থেকে উঠে একদিন সকালে নিউজপেপারের দিকে চোখ রাখলেন আলফ্রেড। ১৮৮৮ সালের ১২ জুন। সংবাদপত্রে বড় বড় হরফে নিজের নাম দেখে চমকে উঠলেন আলফ্রেড নোবেল। ছাপা হয়েছে তার মৃত্যু সংবাদ! শিরোনামে লেখা ‘মৃত্যু নিয়ে ব্যবসা করা ব্যবসায়ীর মৃত্যু।’ পত্রিকা ভুল করে আলফ্রেডের ভাইয়ের মৃত্যুকে তার সঙ্গে গুলিয়ে ফেলেছিল। আসলে ওই মৃত ব্যক্তি ছিল তার ভাই এমিল।
আলফ্রেড আর তার ভাই এমিল নাইট্রোগ্লিসারিনের পরীক্ষা চালিয়ে যাচ্ছিলেন। আর তাতেই ঘটল বিপদ। বিস্ফোরণে এমিল মারা গেলেন। তার বাবা ইমানুয়েল ছেলে হারানোর শোক সইতে পারলেন না। ছেলের মৃত্যুর চিন্তায় তারও মৃত্যু ঘটল। পারিবারিক ব্যবসা নিজের কাঁধে তুলে নিলেন আলফ্রেড। তখন তার বয়স মাত্র ৩১ বছর। আলফ্রেড বার্নহার্ড নোবেল বুঝতে পারলেন, তিনি মারা গেলেন না, অথচ মৃত্যু ব্যবসায়ী হিসেবে পৃথিবী তাকে মনে রাখতে চলেছে। তিনি ঠিক করলেন, নিজের ভাবমূর্তি বদলাতেই হবে।
যে কথা, সেই কাজ। মূলত মানবদরদি আলফ্রেডের ছায়ায় হারিয়ে গেলেন বিজ্ঞানী আলফ্রেড, ব্যবসায়ী আলফ্রেড। কী-ই না করেছেন তিনি একা হাতে! ৩৫৫টি আবিষ্কারের পেটেন্ট, লিখেছেন উপন্যাস, কবিতা, নাটক। এসবের মাধ্যমে প্রচুর অর্থবিত্তের মালিক হন তিনি।
পৃথিবীর সর্বোচ্চ সম্মাননা পুরস্কার পেয়েও কারাগারে আছেন যারা: ১৯০১ সাল থেকে সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। এ পর্যন্ত কারাবন্দি থাকা অবস্থায় শান্তিতে নোবেল পেয়েছেন মোট পাঁচজন। তারা হলেন- ইরানের নার্গিস মোহাম্মাদি, জার্মানির কার্ল ভন ওসিটস্কি, মিয়ানমারের অং সান সু চি, চীনের লিউ জিয়াওবো ও বেলারুশের আলেস বিলিয়াটস্কি।
নার্গিস মোহাম্মাদি: শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কারাবন্দি ইরানি মানবাধিকারী কর্মী নার্গিস মোহাম্মাদি। প্রায় দুই দশক কারাবন্দি থাকা নার্গিস বিশ্বের পঞ্চম নোবেল বিজয়ী যিনি কারাগারে থেকে নোবেল পুরস্কার পান। পশ্চিম এশিয়ার এই দেশটিতে নারীদের নিপীড়নের বিরুদ্ধে লড়াই, বাক-স্বাধীনতা ও স্বাধীনতার অধিকারের জন্য লড়াই করতে গিয়ে ব্যাপক নিপীড়নের শিকার হয়েছেন তিনি। ইরান সরকার তাকে অন্তত ১৩ বার গ্রেপ্তার করেছে। দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে পাঁচবার। বর্তমানে মোট ৩১ বছরের দণ্ড নিয়ে কারাগারে আছেন তিনি।
কার্ল ভন ওসিটস্কি: সাংবাদিক ও মানবাধিকারকর্মী ওসিটস্কি ১৯৩৫ সালে নোবেল শান্তি পুরস্কার পান। যখন নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা হয়, তখন তিনি জার্মানির নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে বন্দি ছিলেন। পুরস্কার সংগ্রহের জন্য তিনি অসলোতে যেতে পারেননি। ১৯৩২ সালে রাইখস্টাগ অগ্নিকাণ্ডের পর অ্যাডলফ হিটলার বিরোধীদের বিরুদ্ধে অভিযান শুরু করলে ওসিটস্কি গ্রেপ্তার হন। ক্ষমতাসীনদের বিরুদ্ধে সোচ্চার থাকা প্রথম কোনো ব্যক্তি ওসিটস্কি, যিনি বিশ্বের সর্বোচ্চ নোবেল পুরস্কারে ভূষিত হন। ১৯৩৮ সালে বন্দি অবস্থায়ই তিনি মারা যান।
অং সান সু চি: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা গণতন্ত্রের মানসকন্যা হিসেবে পরিচিত অং সান সু চি ১৯৯১ সালে নোবেল শান্তি পুরস্কার পান। তার নাম যখন ঘোষিত হয়, তখন তিনি সামরিক নেতৃত্বের অভ্যুত্থানে গৃহবন্দি ছিলেন। ২০২২ সালে তাকে মোট ৩৩ বছরের জন্য কারাবন্দি রাখার রায় দেন আদালত। যদিও জান্তা প্রধান মিন অং হ্লাইং পরে সাজা কিছুটা কমিয়ে দেন।
লিউ জিয়াওবো: জেলে থাকা অবস্থায় চীনা ভিন্নমতাবলম্বী লিউ জিয়াওবো ২০১০ সালে নোবেল শান্তি পুরস্কার জেতেন। চীনে মৌলিক মানবাধিকারের জন্য তার দীর্ঘ এবং অহিংস সংগ্রামের জন্য লিউর চেয়ার প্রতীকীভাবে খালি রাখা হয়েছিল ও পুরস্কারটি হস্তান্তর করা হয়নি। বিদ্রোহের দায়ে তিনি ১১ বছরের কারাদণ্ড ভোগ করছেন। পুরস্কার ঘোষণার পর তার স্ত্রী লিউ জিয়াকে গৃহবন্দি করা হয়, এমনকি তার তিন ভাইকেও চীন ত্যাগ করতে বাধা দেয়া হয়। ২০১৭ সালের জুলাইয়ে ৬১ বছর বয়সে একটি চীনা হাসপাতালে লিভার ক্যান্সারে মারা যান তিনি। বন্দি অবস্থায় মারা যাওয়া দ্বিতীয় নোবেল বিজয়ী তিনি।
আলেস বিলিয়াটস্কি: বেলারুশিয়ান মানবাধিকারকর্মী আলেস বিলিয়াটস্কিকে ২০২১ সালের জুলাই মাসে বন্দি করে সরকার। মানবাধিকার ও গণতন্ত্রে ভূমিকা রাখায় ২০২২ সালে রাশিয়ান অধিকার গোষ্ঠী মেমোরিয়াল ও ইউক্রেনের নাগরিক স্বাধীনতা কেন্দ্রের সঙ্গে মিলিতভাবে নোবেল শান্তি পুরস্কার পান তিনি। কর ফাঁকির অভিযোগে কয়েক মাস ধরে লুকাশেঙ্কোর শাসনের বিরুদ্ধে গণ-বিক্ষোভের পর তাকে গ্রেপ্তার করা হয়।
আমরা চাই বিশ্ব আমাদের সম্মান করুক। কিন্তু বিশ্ব যাদের সম্মান দেখায়, তাদেরকে আমরা অসম্মান করি। তেমনি একজন অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূস। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে গত ১৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে বিচার ও দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া তার নামে ১৬০টির মত মামলা হয়েঝে। তাকে ‘গরিবের রক্তচোষা’, ‘ঘুষখোর’ বলে অভিযুক্ত করা হয়। এরপর যখন বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণ আটকে দেয়, তখন তাকে এই বলে দায়ী করা হয় যে, তিনি ব্যক্তিগতভাবে এটি করিয়েছেন।
এছাড়া, বিদেশে বক্তৃতা থেকে তিনি যে সম্মানী পান, তা সরকারের করমুক্ত সুবিধার আওতায় বৈধ চ্যানেলে দেশে আনলেও, তার বিরুদ্ধে বারবার ট্যাক্স ফাঁকির অভিযোগ আনা হয়। ১৬০টি মামলার মধ্যে একটি মামলায় ড. ইউনূসের সাজা হয়েছে। বর্তমানে সাজারত মামলায় তিনি জামিনে আছেন। বাকি মামলাগুলো চলমান। তাহলে কি আমরা ধরে নিব শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া অর্থনীতিবিদ অধ্যাপক ড. ইউনূস কারাভোগের পথে হাঁটছে।
মানবকণ্ঠ/এফআই

