মানুষের স্বপ্ন থাকে, স্বপ্নের উপর ভর করেই বেঁচে থাকে— ছুটে চলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এই ছুটে চলা কারো সার্থক হয়, আবার কারো হয় না। অনেকের সামর্থ্য না থাকার কারণে সবকিছু হয়ে যায় গুড়েবালি। সবাই এক চেতনার মানুষ নয়, প্রতিটি মানুষের চিন্তা ভিন্ন। তাই স্বপ্ন দেখেন বহুমাত্রিকতায়— কেউ বড় লোক হওয়ার, আবার কেউ সৃজনশীল কাজে বড় হওয়ার, কেউ সুরের রাজা হওয়ার জন্য ছুটে চলেন গানের সঙ্গে, সুরের স্রোতে।
স্বপ্ন দেখার জন্য বয়স লাগে না— বড় হওয়ার স্বপ্ন ছোট থেকেই দেখতে হয়, বিপ্লবও সেই সময় কাজে লাগিয়ে স্বপ্নযাত্রার পথিক হয়েছেন। পাবনা ফরিদপুরের দিঘুলিয়া গ্রামের বিপ্লবের বসয় ৮ বছর। বাবলুর রশিদ ও রূপা খাতুনের পরিবারের ছোট সন্তান বিপ্লব। তার বড় দুই বোন। বাবা একজন গ্রাম পুলিশ। তিনি সারারাত গ্রামের মানুষের জান-মালের নিরাপত্তা দেন, ছেলে পাহারা দেন সুর, সুরের জগতে নিমগ্ন হয়ে স্বপ্ন দেখেন দূরে যাওয়ার।
দিঘুলিয়া গ্রামের বাজারে নিজেদের চায়ের দোকানে কাজ করতেন বিপ্লব। তার গান শোনার নেশা ছিল। কাজ ফাঁকি দিয়ে পাশের একটি ঘরে নিয়মিত গান শুনতেন। গান শোনা অনেকটা নেশায় পরিণত হয়। বাবার সম্মতি থাকায় বিপ্লব হৃদয়ে লালন করেন গান, কণ্ঠে তোলেন সুর। ছোটবেলা থেকে বিপ্লবের কষ্টের জীবন। বাবা বাবলুর রশীদের স্বপ্নপূরণের জন্যই বিপ্লবের ছুটে চলা। বিপ্লবের ইচ্ছার গতির কাছে অভাব-অনটন হার মানে। স্মৃতির আয়নায় ছায়া হয়ে থাকে তার অতীত।
জীবনের সব গল্প উজ্জ্বল হয় না— তবে আঁধার থেকে আলোর জন্ম নেয়। বিপ্লবের গল্পটিও এমন। গানের শুরুটা ছিল অন্যরকম গল্প। তিনি জীবনের গল্প নিয়ে বলেন— ‘বাজারে আমাদের একটি চায়ের দোকান আছে। সেই দোকানে আমি প্রায়ই রাত ১২টা পর্যন্ত থাকতাম। আমার উদ্দেশ্য ছিল— পাশের এক দোকানে গান শোনা। আমার কাকা নান্নু মিয়া এবং আমি প্রতিদিন দোকান রাতে বন্ধ করে ওই দোকানের দরজায় দাঁড়িয়ে তাদের গান শুনতাম।’
বাজারের দোকানে গান শুনেই তার স্বপ্ন গাঢ় হতে থাকে। মানুষ বাঁচে আশায়, স্বপ্নে। বিপ্লবও সেই পথের যাত্রী হয়ে, দূরে যাওয়ার প্রতিজ্ঞা করেন। হঠাত্ একদিন নান্নু তাকে প্রশ্ন করেন, ভাতিজা এভাবে প্রতিদিন এখানে আসো কেন? এমন প্রশ্ন তাকে জেগে তোলে। চেতনার ভারে তার জমা রাখা কথাগুলো বলে দেন তার কাকাকে।
বিপ্লব বলেন— ‘কাকা আপনাদের এসব আমার কাছে ভালো লাগে। কাকা শুনে একটু অবাক হন। আশাবাদী চোখে তাকিয়ে কাকা বলেন, শোনো আমি তোমাকে একটা গান দিচ্ছি, গানটি ভালো করে মুখস্থ করে আসবা। আমি আনন্দে গানটি ১৭ দিনে মুখস্থ করছিলাম। তারপর প্রতিদিন একটি করে গান দিতেন, আমি শিখতাম।’ এভাবে সুরের আবহে দিন কাটতে থাকে। দিন যায় স্মৃতি থাকে। স্মৃতির আলোয় তার স্বপ্ন আরও বেড়ে যায়, বেড়ে যায় সাহস। তার কাকাও লক্ষ করেন তাকে দিয়ে ভালো গান করানো সম্ভব। তাই বাবার স্বপ্নের সাথে নান্নু কাকার স্বপ্নও আলোর মুখ দেখতে শুরু করে।
একদিন হঠাৎ তার কাকা ডেকে বলেন— শোনো এভাবে গান গাইলেই হবে না, বড় বড় জায়গায় গান গাইতে হবে। একদিন বিপ্লবকে ফরিদপুর সঙ্গীত একাডেমিতে নিয়ে যান। তার বাবার অনুমতিতে একাডেমিতে ভর্তি করে দেন। শুরু হয় গানের সঙ্গে নতুন জীবন। দিন যত অতিক্রম করে ততই বিপ্লবের আত্মবিশ্বাস বাড়ে। একাডেমিতে গান শিখতে শিখতে বড় ভাই সাগর হোসেনের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে ওঠে। তার হাত ধরেই ইউটিউব চ্যানেলে আসা। চায়ের দোকানে কাজ করার ভিডিও ভাইরাল হয়।
গল্পটি এমনই ছিল— বিপ্লব চায়ের দোকানে কাজ করেন। কাজ ফাঁকি দিয়ে পাশের দোকানে গান শুনতেন। একদিন দোকানের মালিক তাকে ধাক্কা দিয়ে বের করে দেন, তিনি বলেন— ‘তোর চাকরি করতে হবে না, তুই গানই শোন।’ বিপ্লব মাটিতে গড়াগড়ি করে কান্না করেন। এই দৃশ্য দেখে একজন মানবিক মানুষ এসে তাকে বুকে জড়িয়ে নেন। পরে তার গান শোনেন সবাই। এই দৃশ্যই তার পথে আলো নিয়ে আসে। গানের প্রতি তার আরো বেশি ভালোবাসা জন্ম হয়। বিপ্লবের জীবন চলে সুরে, ছন্দে। কষ্টে ভেলায় হয় দিনযাপন তবু গান ছাড়েন না।
পরিবারের অভাব থাকার পরেও তার বেড়ে ওঠা গানের সঙ্গে। তিনি বলেন— ‘বাবা পেশায় একজন গ্রাম পুলিশ। মা-গৃহিণী। আমি সবার ছোট। আমার বড় দুই বোন। আমি দশম শ্রেণিতে লেখাপড়া করছি। পাশাপাশি গান করি। তবে গান আমার স্বপ্নের রাজ্য। জীবনটা গানের সুরেই পার করতে চাই।’
তার স্বপ্নের ডানা গজায় গ্রামের চায়ের দোকান থেকে। প্রতি রাতে চায়ের দোকানে জমে উঠতো গানের আড্ডা। প্রতিদিন গান গাওয়া-শোনা হয়ে ওঠে তার প্রধান কাজ। গানযুদ্ধে তার বাবার অবদান অনেক বেশি। বর্তমান তার গানের পাশে মিলিয়ন মিলিয়ন ভিউ যুক্ত হয়েছে। যদিও এখনো মৌলিক গান করেননি, তবে বিপ্লবের স্বপ্ন মৌলিক গান করেও শ্রোতা-দর্শকের মন জয় করতে চান। ভালো সুযোগ আসলে তিনি মৌলিক গান করবেন।
পথ অনেক— যেতে হবে দূরে, বহু দূরে। বিপ্লব বলেন— ‘আমি এখনই কিছু করতে পারিনি। বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে ভালো একজন শিল্পী হতে চাই।’ গানজীবনে তার অনেক দূরে যাওয়ার ইচ্ছে। সেই অনুপাতে পরিশ্রম করছেন। সাধনা করেই এগিয়ে যেতে চান বিপ্লব। ছোটবেলা থেকে কষ্টের সঙ্গে বেড়ে ওঠা এ গানপাগল মানুষটির প্রথম পাশে ছিলেন তার বাবা। গান শেখার জন্য শাসন করতেন বিপ্লবকে। তাই বাবার জন্য ভালো কিছু করতে চান। বাবার কষ্ট দূর করতে গান গেয়ে নিজের উপার্জনে বাবা-মায়ের জন্য কিছু করতে চান তিনি।
বিপ্লব বলেন— ‘আমার দর্শক বন্ধুরা আমাকে এখন অনেক ভালোবাসেন, এই ভালোবাসা এবং দোয়া যেন সব সময় করেন। গানের পাশাপাশি নাটক করারও অনেক ইচ্ছা আছে এবং শুরু করেছি। আমি বড় শিল্পী হয়ে পরিবারের জন্য কিছু করতে চাই। আমি আজ এতদূর আসতে পেরেছি বাবা-মা, ওস্তাদ এবং আমার দর্শক বন্ধুদের ভালোবাসায় এবং দোয়ায়।’
গ্রামের মাঠে, সবুজ বাগানে বিপ্লবের গানজীবনের গল্প নির্মাণ হয়। সহজ-জটিলতার হিসাবে তার সুরের খেলা হয়। জমা হয় তার অর্জনের নামতা। দর্শক-শ্রোতার দোয়া-ভালোবাসা থাকলে আরো এগিয়ে যাবেন বিপ্লব। গানযুদ্ধে জয়ী হয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করাসহ দেশের গান পৌঁছে দিক দেশ থেকে দেশান্তরে। তার জীবন আলোকিত হোক, সুরের সঙ্গে কেটে যাক তার সারাজীবন।
মানবকণ্ঠ/এফআই

