তিন যুগ আগের কথা। বিকল্প জীবিকার সন্ধানে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বড়শীভাঙ্গা গ্রামের ছাইদুল হক একদিন রওনা দেন ঢাকার মিরপুরে। গার্মেন্টসের ফেলে দেওয়া ঝুট কাপড় তাঁর নজর কাড়ে। সেই ঝুট কাপড় কিনে এনে সেলাই করে তৈরি করেন কম্বল। সাইকেলের পেছনে তুলে গ্রামে গ্রামে বিক্রি শুরু করেন তিনি। হাতে আসে মুনাফা, বদলে যেতে থাকে জীবনের চেহারা।
ছাইদুলের সেই পথ ধরে হাজী জিয়া, চান মিয়া, মনির হোসেনেরাও নামেন একই পেশায়। ২০১৪ সালে শরিফ সোহেল যুক্ত হলে এই ব্যবসায় আসে নতুন মাত্রা। তিনি একে একে কম্বলের ধরণ ও গুণমান বাড়াতে থাকেন। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
এভাবেই গড়ে ওঠে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বাজারকে ঘিরে বিশাল ঝুট পল্লী—যেখানে আজ জীবিকা নির্বাহ করছেন প্রায় ৪০ হাজার নারী-পুরুষ। ছালাভরা, কুনকুনিয়া, বর্শিভাঙ্গা, সাতকয়া, বিলচতল, ঢেকুরিয়া, পলাশপুর, বেলতৈল, শ্যামপুর, কবিহার, চালিতাডাঙ্গাসহ আশপাশের ৩৩টি গ্রামজুড়ে এখন এই ঝুট শিল্পের কর্মচাঞ্চল্য।
ঝুট মানে গার্মেন্টসের ফেলে দেওয়া কাপড়। সেটিই বিশেষ কৌশলে জোড়া লাগিয়ে তৈরি হয় কম্বল, লেপ কিংবা শিশুদের পোশাক। পুরুষের পাশাপাশি ঘরের মহিলারাও সেলাইয়ের কাজে যুক্ত হয়েছেন—ফলে এক অনন্য “সেলাই বিপ্লব”-এর জন্ম দিয়েছে এই অঞ্চল। বর্তমানে নারী কারিগরদের অংশগ্রহণ প্রায় ৮০ শতাংশ।
শুরুতে কেবল জোড়া কম্বল তৈরি হতো। এখন তৈরি হচ্ছে শিশুদের পোশাকসহ ১৬১ প্রকার কম্বল। এমনকি সরাসরি চীন থেকেও কম্বল আমদানি করে এখানে বিক্রি হয়। শরিফ সোহেল এখন নিজস্ব কারখানায় সুতা এনে নিজেই কম্বল তৈরি করছেন। দামের ভিন্নতাও বিস্তর—৮০ টাকা থেকে শুরু করে পৌনে ছয় হাজার টাকা পর্যন্ত। শিশুদের পায়জামা পাওয়া যায় ১২ থেকে ২০০ টাকায়, আর জামা ৩০ থেকে ৪০০ টাকায়।
একটি বড় লেপ তৈরি করতে যেখানে খরচ পড়ে ১২শ থেকে দুই হাজার টাকা, সেখানে একই মাপের ঝুট কম্বল পাওয়া যায় মাত্র ১০০ থেকে ৩০০ টাকায়। প্রায় ৫ কেজি ঝুট কাপড়ে তৈরি হয় একটি কম্বল। গত বছর প্রতি কেজি ঝুটের দাম ছিল ১৭–২২ টাকা, বর্তমানে তা বেড়ে ৩০–৩৩ টাকায় পৌঁছেছে।
শীতকালে প্রতিটি কম্বল সেলাইয়ের মজুরি ৩৫–৫০ টাকা পর্যন্ত ওঠে। নারী শ্রমিকরা গৃহস্থালি কাজের পাশাপাশি এই সেলাইয়ের আয় দিয়ে সংসারে যুক্ত করেন বাড়তি স্বাচ্ছন্দ্য।
ঝুট ব্যবসায়ী সংগঠনের সাবেক সভাপতি শরিফ সোহেল জানান, “ঝুট কম্বলের চাহিদা এখন দেশব্যাপী। কাজিপুরের তৈরি কম্বল দেশের নানা প্রান্তে যাচ্ছে। গত দুই বছর উপজেলা প্রশাসন এ বিষয়ে সহযোগিতা করায় আমরা ব্যাপক অর্ডার পাচ্ছি।” তাঁর দাবি, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মাসগুলোতে প্রতিদিন প্রায় কোটি টাকার কম্বল বিক্রি হয় শিমুলদাইড় বাজার থেকে।
তবে চ্যালেঞ্জও আছে। ঝুট কাপড়ের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। অনেক ঝুট ভারতে পাচার হওয়ায় কাঁচামাল সংগ্রহে পড়তে হচ্ছে বিপাকে। শরিফ সোহেল বলেন, “সরকার যদি এই অঞ্চলকে ঝুটপল্লী বা বিসিক শিল্পনগরী হিসেবে ঘোষণা করে, আর সহজ শর্তে ঋণ দেয়, তাহলে এই শিল্প আরও বড়ভাবে গড়ে উঠবে।”
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, “শিমুলদাইড় বাজার এখন সারাদেশে পরিচিত ঝুট শিল্পের কারণে। ঝামেলামুক্ত পরিবেশে শ্রমিকেরা এখানে দিনরাত কাজ করছেন। প্রতিটি পরিবারের মধ্যেই এসেছে পরিবর্তন। এই পল্লীর প্রতিটি গল্পই এখন সমৃদ্ধির গল্প।”
ঝুটের টুকরো কাপড়ের সেলাইয়ে গাঁথা এই গল্প আজ কাজিপুরের নারীর অর্থনৈতিক মুক্তির প্রতীক। কাঁচামালের গন্ধে, সেলাই মেশিনের শব্দে আর শ্রমিকদের হাসিতে প্রতিদিনই নতুন করে বোনা হয়—সমৃদ্ধির কম্বল।

