জীবনের প্রয়োজনে অনেকেই পথ হারান, কিন্তু কেউ কেউ ঠিক সেই হারানো পথেই খুঁজে পান নিজের নতুন পরিচয়। শিবচরের আশকার উদ্দিন আহমেদ শাহিনও ছিলেন তেমনই একজন।
২০২১ সালে করোনা মহামারির ভয়াল থাবায় পৃথিবী থমকে গেলেও সবচেয়ে বেশি থেমে যায় মানুষের জীবিকা। সেই কঠিন সময়ে গার্মেন্টসের একটি প্রতিষ্ঠানে এইচ,আর ম্যানেজার হিসেবে কর্মরত শাহিন হঠাৎ করেই হারান তার চাকরি। সংসারের একমাত্র ভরসা হঠাৎ বেকার হয়ে যাওয়া তাঁকে যেমন ভেঙে দেয়, তেমনি সামনে এগোনোর এক নতুন সংকল্পও জাগায়।
হতাশার সাগরে ডুবে যাওয়া পরিবার নিয়ে তিনি ফিরে আসেন শিবচরের গ্রামে। ইচ্ছাশক্তি তখনও ভাঙেনি। চারদিকে অনিশ্চয়তা, পরিবারের চাপ, আত্মীয়স্বজনের প্রত্যাশা সবকিছু সামলিয়েও শাহিন ঠিক করেন, চাকরি নয়, এবার নিজের হাতেই তৈরি করবেন নিজের ভাগ্য।
একদম শূন্য থেকে শুরু। ছোট বোন ও বড় ভাইয়ের সহযোগিতায় মাত্র ৫টি ষাড় গরু দিয়ে শুরু করেন ছোট্ট একটি খামার। সেই ছোট খামারই আজ তাকে বদলে দিয়েছে একজন সফল উদ্যোক্তায়।
একদিকে পরিশ্রম, অন্যদিকে সততা দুইয়ের শক্তিতেই খামার বড় হতে থাকে। গরুর পাশাপাশি আজ তাঁর রয়েছে একটি বড় লেয়ার মুরগির খামার, যেখানে প্রতিদিন ১ হাজারের বেশি মুরগি থেকে আসে স্থায়ী আয়।
প্রতিটি মুরগির পেছনে দৈনিক খরচ ৮ টাকা হলেও আয় আসে ১০ টাকা। ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠছে তাঁর ব্যবসা। শুধু তাই নয়, সামনে আরেকটি স্বপ্ন মাছের খামার গড়ে তোলা।
একসময় চাকরি হারিয়ে হতাশ শাহিন আজ গ্রামবাসীর কাছে অনুপ্রেরণার নাম।
শাহিন বলেন, সৎভাবে হালাল রুজি করতে চাইলে চাকরির পিছনে দৌড়াবেন না। উদ্যোক্তা হোন। ছোট থেকে শুরু করুন, নিজের হাতে কাজ করুন সাফল্য আসবেই।
শাহিনের মামা আকতারুজ্জামান তাঁর গর্বের কথা লুকোতে পারেন না। আমার ভাগিনা শূন্য থেকে আজ সফল খামারি। এলাকায় এখন সবাই তাকে উদাহরণ মানে। চেষ্টা থাকলে যে কেউ পারে ও তা দেখিয়ে দিয়েছে।
প্রতিবেশী মুফতি আলাউদ্দিন বলেন, শাহিনের সাফল্য দেখে এলাকার তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বেড়েছে। তারা বুঝেছে চাকরি না পেলে জীবন থেমে থাকে না। নিজের চেষ্টায় নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করা যায়।
সংকট, সংগ্রাম আর স্বপ্ন এই তিনের সমন্বয়ে শাহিনের পথচলা আজ আলো দেখাচ্ছে অনেক যুবককে।
শাহিন মিয়ার গল্প প্রমাণ করে জীবনে সফল হতে হলে সুযোগের অপেক্ষা নয়, সংকটকে সুযোগে রূপান্তর করার সাহসই প্রকৃত শক্তি।

