বিয়ের পর শ্বশুরবাড়িতে জামাইয়ের পরিচয় বদলে যাওয়ার ঘটনা জাপানে একেবারে অচেনা নয়। সেখানে কোনো কোনো জামাই শুধু মেয়ের স্বামী হিসেবেই থাকেন না, বিয়ের পর হয়ে ওঠেন শ্বশুরবাড়ির দত্তক ছেলে। বদলে যায় পদবি, পারিবারিক পরিচয়। এমনকি উত্তরাধিকার সূত্রে তার হাতে চলে আসতে পারে পরিবারের সম্পদ ও শত বছরের ব্যবসার দায়িত্ব।
জাপানের এই ব্যতিক্রমী প্রথার নাম ‘মুকোয়োশি’ (Mukoyōshi)। সহজ বাংলায় বলা যায়, দত্তক জামাই বা দত্তক ঘরজামাই। পরিবারের ছেলে না থাকলে কিংবা নিজের সন্তানকে ব্যবসার উত্তরসূরি হিসেবে উপযুক্ত মনে না হলে মেয়ের স্বামীকে দত্তক নিয়ে উত্তরাধিকারী করার রীতি এটি।
জামাই যখন পরিবারের ছেলে
জাপানে প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে দত্তক নেওয়ার রীতি বেশ প্রচলিত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির মোট দত্তকের ৯০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক পুরুষকে নিয়ে। সাধারণত ২০ থেকে ৩০ বছর বয়সী তরুণদের এভাবে পরিবারে নেওয়া হয়।
‘মুকোয়োশি’ প্রথায় কোনো ব্যক্তি স্ত্রীর পরিবারের দত্তক সন্তান হিসেবে স্বীকৃতি পান। এরপর তিনি শ্বশুরবাড়ির পদবি গ্রহণ করেন। আইনিভাবে পরিবারের সদস্য হওয়ার পাশাপাশি জন্মসন্তানের মতো উত্তরাধিকার ও পারিবারিক দায়িত্বও পান।
তবে এই দত্তক নেওয়ার পেছনে শুধু পারিবারিক সম্পর্কের বিষয়টি কাজ করে না। অনেক ক্ষেত্রে এর সঙ্গে জড়িয়ে থাকে ব্যবসার ভবিষ্যৎ, সম্পদের উত্তরাধিকার এবং বংশের নাম টিকিয়ে রাখার পরিকল্পনা।
ছেলে নেই, তাই জামাইই উত্তরসূরি
জাপানের বহু পুরোনো ব্যবসাপ্রতিষ্ঠান এখনো পারিবারিক মালিকানায় পরিচালিত হয়। কোনো পরিবারে ছেলে না থাকলে ব্যবসার নেতৃত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া কঠিন হয়ে পড়ে। আবার ছেলে থাকলেও তিনি পারিবারিক ব্যবসা পরিচালনায় আগ্রহী বা যোগ্য নাও হতে পারেন।
এমন পরিস্থিতিতে পরিবারের মেয়ের স্বামীকে দত্তক নেওয়া হয়। বিয়ের পর তাকে পরিবারের পদবি দেওয়া হয়। ধীরে ধীরে ব্যবসা, সম্পদ ও উত্তরাধিকার তার হাতে তুলে দেওয়া হতে পারে।
জাপানি সমাজে ঐতিহ্যগতভাবে বিয়ের পর স্ত্রী স্বামীর পদবি গ্রহণ করেন। ফলে কোনো পরিবারে ছেলে না থাকলে পরিবারের পদবি হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। মেয়ের স্বামীকে দত্তক নিয়ে পরিবারের পদবি দেওয়ার মাধ্যমে সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়।
এভাবে একজন জামাই একই সঙ্গে হয়ে ওঠেন পরিবারের ছেলে, বংশের নাম বহনকারী এবং পারিবারিক প্রতিষ্ঠানের সম্ভাব্য উত্তরসূরি।
বড় ব্যবসাপ্রতিষ্ঠানেও রয়েছে ‘মুকোয়োশি’র নজির
জাপানের ব্যবসায়িক ইতিহাসে এই প্রথার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। সুজুকি মোটর করপোরেশনের নেতৃত্বে একাধিকবার দত্তক পুত্রের আগমন ঘটেছে। প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রধান ওসামু সুজুকিও এই প্রথায় পরিবারে আসা একজন দত্তক ঘরজামাই ছিলেন।
নিনটেনডো, কিক্কোমান ও টয়োটার মতো জাপানি প্রতিষ্ঠানের সঙ্গেও বিভিন্ন সময়ে এ ধরনের উত্তরাধিকার ব্যবস্থার সম্পর্ক দেখা গেছে। এসব উদাহরণ থেকে বোঝা যায়, জাপানে পারিবারিক ব্যবসার ধারাবাহিকতা রক্ষায় ‘মুকোয়োশি’ কেবল সামাজিক রীতি নয়, অনেক ক্ষেত্রে ব্যবসায়িক কৌশল হিসেবেও ব্যবহৃত হয়েছে।
অবশ্য এই প্রথা শুধু ব্যবসার উত্তরাধিকার নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। নিঃসন্তান দম্পতিরাও ভবিষ্যতে সম্পদ ও পারিবারিক দায়িত্ব কার হাতে যাবে, তা নিশ্চিত করতে প্রাপ্তবয়স্ক কাউকে দত্তক নিতে পারেন।
দত্তক হলেই বদলে যায় পরিচয়
জাপানের সরকারি পারিবারিক নথি ‘কোসেকি’-তে দত্তক নেওয়ার প্রক্রিয়া নিবন্ধিত হয়। দত্তক সম্পন্ন হলে ওই ব্যক্তি নতুন পরিবারের পদবি গ্রহণ করেন। একই সঙ্গে জন্মসন্তানের মতো উত্তরাধিকার ও পারিবারিক দায়িত্ব পান। পরিবারের বয়স্ক সদস্যদের দেখাশোনার দায়িত্বও তার ওপর বর্তাতে পারে।
অর্থাৎ, ‘মুকোয়োশি’ কেবল শ্বশুরবাড়িতে বসবাস করা বা ঘরজামাই হওয়ার বিষয় নয়। এর সঙ্গে যুক্ত থাকে আইনগত পারিবারিক সম্পর্ক, সম্পদের অধিকার এবং ভবিষ্যৎ দায়িত্ব।
বাংলাদেশিরাও কি হতে পারবেন দত্তক জামাই?
জাপানের এই প্রথা নিয়ে বিদেশিদের আগ্রহের জায়গাটিও এখানেই। প্রশ্ন উঠতে পারে, কোনো বাংলাদেশি কি জাপানি পরিবারের দত্তক সন্তান হতে পারবেন?
প্রতিবেদন অনুযায়ী, জাপানে দীর্ঘমেয়াদি বসবাসের অনুমতি থাকা বিদেশিরাও নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রাপ্তবয়স্ক হিসেবে দত্তক হতে পারেন। কিছু ক্ষেত্রে আদালতের অনুমোদনের প্রয়োজন হতে পারে।
অর্থাৎ, কোনো বাংলাদেশি ব্যক্তি প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ করলে জাপানি পরিবারের দত্তক সন্তান হওয়ার সুযোগ পেতে পারেন। তবে দত্তক হলেই জাপানের নাগরিকত্ব বা ভিসা পাওয়া যায় না। নাগরিকত্ব ও অভিবাসনের জন্য আলাদা আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
জন্মহার কমছে, বাড়ছে উত্তরাধিকারীর প্রয়োজন
আধুনিক জাপানে জন্মহার কমে যাওয়ার সঙ্গে পারিবারিক ব্যবসার উত্তরাধিকার নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অনেক পরিবারকে। কোনো পরিবারের সন্তান থাকলেও ছেলে নেই, আবার ছেলে থাকলেও তিনি ব্যবসার দায়িত্ব নিতে আগ্রহী নাও হতে পারেন।
এমন পরিস্থিতিতে উপযুক্ত জামাইকে উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার প্রবণতা দেখা যায়। এমনকি এ ধরনের উপযুক্ত প্রার্থী খুঁজে দিতে জাপানে বিশেষ ম্যাচমেকিং সেবারও অস্তিত্ব রয়েছে।
এ নিয়ে জাপানে একটি প্রচলিত কথাও আছে—‘ছেলে তুমি বেছে নিতে পারো না, কিন্তু জামাই বেছে নিতে পারো।’
সময় বদলালেও হারিয়ে যায়নি প্রথা
সময়ের সঙ্গে জাপানের সমাজ ও পারিবারিক কাঠামোতে পরিবর্তন এসেছে। নারীরা এখন ব্যবসা, রাষ্ট্র ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন। ফলে উত্তরাধিকারী হিসেবে শুধু পুরুষকে বেছে নেওয়ার ঐতিহ্য কতটা প্রয়োজনীয়, তা নিয়ে আলোচনা রয়েছে।
তারপরও ‘মুকোয়োশি’ প্রথা পুরোপুরি হারিয়ে যায়নি। কারণ, অনেক পরিবারের কাছে এটি শুধু একজন জামাইকে ছেলে করে নেওয়ার বিষয় নয়; বরং বহু বছরের ব্যবসা, পারিবারিক পদবি ও সম্পদের ধারাবাহিকতা ধরে রাখার একটি উপায়।
একদিকে বিয়ে, অন্যদিকে দত্তক; এর সঙ্গে যুক্ত ব্যবসা ও উত্তরাধিকার। সব মিলিয়ে জাপানের ‘মুকোয়োশি’ এমন এক সামাজিক ব্যবস্থা, যেখানে একজন জামাই চাইলে শ্বশুরবাড়ির শুধু সদস্যই নন, হয়ে উঠতে পারেন পরিবারের ভবিষ্যৎ কর্তা।
এনএ

