একটি ক্যাসেট প্লেয়ার, কোরআনের তিলাওয়াত আর অদম্য ইচ্ছাশক্তি; এই তিনকে সঙ্গী করেই শুরু হয়েছিল তাঁর দীর্ঘ যাত্রা। পড়তে কিংবা লিখতে জানেন না। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগও পাননি কখনো। অথচ পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকে শুধু শুনেই মুখস্থ করেছেন পুরো ৩০ পারা। ষাটের কোঠায় বয়সে শুরু করে ১০ বছরের সাধনায় সেই স্বপ্ন পূরণ করেছেন ইয়েমেনের হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ।
মরিয়মের গল্প কেবল কোরআন মুখস্থ করার নয়; এটি ইচ্ছাশক্তি, ধৈর্য আর স্বপ্নের কাছে বয়স ও সীমাবদ্ধতাকে হার মানানোর এক অনন্য দৃষ্টান্ত।
সীমাবদ্ধতার মধ্যেও স্বপ্নের শুরু
ইয়েমেনের তায়েজ প্রদেশের জাবাল সাবর এলাকার পাহাড়ি গ্রাম হাদনানে জন্ম মরিয়মের। যে সময়ে তিনি বেড়ে উঠেছেন, তখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল খুবই সীমিত। সংসার সামলানো ও কৃষিকাজ করেই কেটেছে জীবনের বড় একটি অংশ। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকায় কখনো পড়ালেখা শেখা হয়নি তাঁর।
তবে অক্ষরজ্ঞান না থাকলেও কোরআনের প্রতি ছিল গভীর ভালোবাসা ও আকর্ষণ। একসময় মনে স্বপ্ন জাগে, পুরো কোরআন মুখস্থ করবেন তিনি। বয়স তখন ষাটের কোঠায়। ২০০৬ সালে শুরু হয় সেই স্বপ্নপূরণের দীর্ঘ যাত্রা।
মরিয়মের ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে তাঁর শেখার সুযোগ তৈরি হয়। সেখান থেকেই শুরু হয় শুনে শুনে আয়াত মুখস্থ করার অধ্যবসায়।
ক্যাসেটই হয়ে ওঠে শিক্ষক
প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও কোরআন মুখস্থ করার জন্য আলাদা সময় রাখতেন মরিয়ম। বিকেলে গ্রামের এক শিক্ষিকার কাছে গিয়ে মুখস্থ করা আয়াত শোনাতেন, শিখতেন নতুন আয়াত। সন্ধ্যায় বাড়ি ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনতেন। একই আয়াত বারবার শুনে মনে গেঁথে নেওয়ার চেষ্টা করতেন।
শুধু সন্ধ্যায় নয়, তাঁর দিন শুরু হতো ফজরের আগেই। ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন, আগের মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস চলতে থাকে তাঁর অনুশীলন।
এই দীর্ঘ যাত্রায় মরিয়মের নিত্যসঙ্গী ছিল একটি ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে পছন্দ করতেন তিনি। একটি ক্যাসেটের তিলাওয়াত মুখস্থ হয়ে গেলে পরিবারের সদস্যরা তাঁর জন্য নতুন ক্যাসেট নিয়ে আসতেন।
বারবার শুনে কঠিন আয়াতও করেছেন আয়ত্ত
কোরআনের কিছু আয়াতের মধ্যে মিল থাকায় সেগুলো আলাদা করে মনে রাখা সহজ ছিল না। বিশেষ করে সুরা তওবা ও সুরা রাদের কিছু আয়াত মুখস্থ করতে বেশ সময় লেগেছে তাঁর। কখনো একই আয়াত বারবার শুনতে হয়েছে, কখনো দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে হয়েছে।
তবু হাল ছাড়েননি মরিয়ম। শুনেছেন, মনে রেখেছেন, আবার শুনেছেন। এভাবেই প্রতিটি বাধা পেরিয়ে এগিয়ে গেছেন নিজের লক্ষ্যের দিকে।
অবশেষে ১০ বছরের সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন তিনি। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন মরিয়ম। সিজদায় লুটিয়ে পড়ে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।
পরিবারের কাছে বিস্ময়, প্রেরণার নাম মরিয়ম
মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। নাতি-নাতনির সংখ্যা ২১। তাঁদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তবে পরিবারের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পড়তে-লিখতে না জানা মা ও দাদি কেবল শুনেই মুখস্থ করেছেন পবিত্র কোরআনের পুরো ৩০ পারা।
তাঁর এই সাধনার সময়টা ছিল আরও কঠিন। পুরো ১০ বছর কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের মধ্যে। চারপাশে গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট এবং নানা সংকট ছিল নিত্যদিনের বাস্তবতা। কিন্তু কোনো প্রতিকূলতাই তাঁর চেষ্টা থামাতে পারেনি। কোরআনের তিলাওয়াতের সুরেই খুঁজে নিয়েছেন মানসিক শক্তি ও প্রশান্তি।
কোরআনের সুরাগুলোর মধ্যে সুরা বাকারা তাঁর বিশেষ প্রিয়। প্রতিদিনের চর্চাতেও এই সুরা রাখার চেষ্টা করেন তিনি।
বার্ধক্যেও অটুট কোরআনের সঙ্গে সম্পর্ক
আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় মরিয়মের বয়স ছিল ৮২ বছরের বেশি। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে তখন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। কমে এসেছিল চোখের দৃষ্টিশক্তিও। বয়সের ভারে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় কষ্ট হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন তিনি।
মরিয়মের জীবনের এই দীর্ঘ অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন পূরণের জন্য বয়স কোনো বাধা নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না থাকলেও প্রবল ইচ্ছাশক্তি, ধৈর্য ও নিয়মিত অনুশীলনে অসাধ্য সাধন করা সম্ভব। একটি ক্যাসেট প্লেয়ারকে সঙ্গী করে ১০ বছরের সাধনায় পুরো কোরআন মুখস্থ করার এই গল্প তাই শুধু বিস্ময়ের নয়, অদম্য অধ্যবসায়েরও এক অনন্য উদাহরণ।
সূত্র: আল-মুশাহিদ, আইকিউএনএ ডট আইআর
এনএ

