দুবাইয়ে অনুষ্ঠিত ১৫তম হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি পুরস্কার (এইচআইপিএ)-এর সর্বোচ্চ সম্মাননা জয় করেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। একক একটি ছবির জন্য বিজয়ী হিসেবে তিনি পেয়েছেন ২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। প্রতিযোগিতাটির ইতিহাসে এই প্রথম কোনো বাংলাদেশি আলোকচিত্রী সর্বোচ্চ এই পুরস্কার অর্জনের গৌরব অর্জন করলেন।
পেশায় ব্যাংকার পিনু রহমান ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের একটি আলোকচিত্রের জন্য এই মর্যাদাপূর্ণ সম্মাননা লাভ করেন। ছবিতে ঢাকার কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও সর্বস্ব হারানো একটি পরিবারের পাঁচ সদস্যকে আগুনে টিকে থাকা কংক্রিটের দেয়ালের ধ্বংসস্তূপের মধ্যে একসঙ্গে ঘুমিয়ে থাকতে দেখা যায়। দেড় হাজারের বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেলেও দুর্যোগের মাঝে পরিবারটির একসঙ্গে থাকার মানবিক ও আবেগঘন চিত্র ফ্রেমে বন্দী করেন পিনু রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুবাইয়ের ঐতিহ্যবাহী ‘মিউজিয়াম অব দ্য ফিউচারে’ আয়োজিত অনুষ্ঠানে পিনু রহমানের হাতে পুরস্কার তুলে দেন শেখ মোহাম্মদ বিন রাশিদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম।
পেশাগত জীবনে পিনু রহমান রূপালী ব্যাংকের সাইবার নিরাপত্তা বিভাগে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বেড়ে ওঠা পিরোজপুর জেলায় এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
আলোকচিত্র পেশা না হলেও আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায় পিনু রহমান ইতোমধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। চলতি বছর তিনি সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশ জাতীয় পুরস্কার জয় করেন। এছাড়াও ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ মাথায় পাটের আঁটি বহনকারী এক বৃদ্ধ শ্রমিকের ‘দ্য গোল্ডেন বার্ডেন’ ছবির জন্য প্রথম পুরস্কার পান।

