বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন বস্তি এলাকার দারিদ্র্যপীড়িত ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। ঘটনাটিকে \'দুর্ভাগ্যজনক\' অভিহিত করে সংশ্লিষ্ট চীনা নাগরিকদের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভারত।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ আহ্বান জানান।
ভারতীয় সংবাদমাধ্যম \'টাইমস অব ইন্ডিয়া\'র এক প্রতিবেদনে বলা হয়, বিগত কয়েক মাস ধরে বেশ কয়েকজন চীনা নাগরিক ও কনটেন্ট ক্রিয়েটর ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় গিয়ে ভিডিও ধারণ করছেন। পরবর্তীতে চীনের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের (লাইভ স্ট্রিমিং) সময় তারা ঢাকার এসব এলাকাকে ভারতের রাজধানী নয়াদিল্লির স্থান হিসেবে উপস্থাপন করছেন।
ঘটনাটিকে অত্যন্ত অনভিপ্রেত উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এ বিষয়ে আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরদারিতে রেখেছি। কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এ ধরনের কুৎসিত প্রচেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঢাকাকে দিল্লি হিসেবে দেখানোর জন্য বিদেশি ব্যক্তিদের অর্থের বিনিময়ে ব্যবহার করার যে অপচেষ্টা চলছে, তাতে মিথ্যা বয়ান প্রচারকারীদের পাশাপাশি এর পেছনে যারা ইন্ধন জোগাচ্ছে—তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাও ক্ষুণ্ন হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
চীনা ভিডিও নির্মাতারা বিদেশি প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ছড়িয়ে কীভাবে একটি দেশের ভাবমূর্তি ও আন্তর্জাতিক সম্পর্ক ক্ষুণ্ন করার চেষ্টা করছে, তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
ডিআর

