যুক্তরাষ্ট্রে ন্যাশনাল গার্ড সদস্যের ওপর আফগান নাগরিকের হামলার জেরে আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। ইতোমধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনস্যুলার দপ্তরে এ সংক্রান্ত জরুরি তারবার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই বার্তায় স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনো আফগান পাসপোর্টধারীকে যেন যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান না করা হয়। এছাড়া যেসব আফগান নাগরিকের ভিসা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, তা-ও তাৎক্ষণিকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানের পাসপোর্টধারী সব ব্যক্তিকে ভিসা দেওয়া বন্ধ করছে। যুক্তরাষ্ট্র এবং মার্কিন জনগণের নিরাপত্তা ও সুরক্ষা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে কোনো আপস করা হবে না।’
গত বুধবার (২৬ নভেম্বর) রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন রহমানউল্লাহ লাকনওয়াল নামের এক আফগান নাগরিক। এতে দুইজন ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাৎক্ষণিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত রহমানউল্লাহ লাকনওয়াল আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর অভিযানের সময় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ-এর এজেন্ট হিসেবে কাজ করতেন। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তৎকালীন বাইডেন প্রশাসনের বিশেষ অনুমতিক্রমে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন।
বন্দুক হামলার ঘটনার কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর জানিয়েছিল, যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব ও স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন, তাদের সবার আবেদন বাতিল করা হয়েছে। শনিবার বিশ্বের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসে ভিসা বন্ধের বার্তা পাঠানোর মাধ্যমে আফগান নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ আরও কঠোরভাবে রুদ্ধ করল ট্রাম্প প্রশাসন।

