ইরান যুদ্ধ: ট্রাম্পের ক্ষমতা কমাতে মার্কিন প্রতিনিধি পরিষদে ঐতিহাসিক প্রস্তাব পাস
কংগ্রেসের পূর্বানুমতি ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ বা বড় ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)। বুধবার (৩ জুন) ওয়াশিংটনে ডেমোক্র্যাটদের আনা এই ‘ওয়ার পাওয়ারস’ প্রস্তাবটি ২১৫-২০৮ ভোটে পাস হয়।
মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও এই প্রস্তাব পাস হওয়াকে ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে, রিপাবলিকান দলের ৪ জন সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।
প্রস্তাবটিতে স্পষ্টভাবে বলা হয়েছে, কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া ইরানে চলমান যুদ্ধ বন্ধ করতে হবে। তবে এটি সরাসরি আইনে পরিণত হওয়ার পথ এখনো অনেক দীর্ঘ। এটি কার্যকর হতে হলে রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে পাস হতে হবে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প যদি এই প্রস্তাবে ভেটো দেন, তবে তা অকার্যকর করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ কঠিন।
বিশ্লেষকদের মতে, আইনি জটিলতা থাকলেও এই ভোট ট্রাম্পের একচ্ছত্র সামরিক সিদ্ধান্তের বিরুদ্ধে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি কোনো আইনি অনুমোদন ছাড়াই ট্রাম্প ইরানের ওপর হামলা শুরু করেন। তিনি এই সংঘাতকে ‘স্বল্পমেয়াদী সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করলেও অনেক আইনপ্রণেতা মনে করেন এটি মার্কিন সংবিধানের স্পষ্ট লঙ্ঘন, কারণ সংবিধান অনুযায়ী কেবল কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করতে পারে।
আগামী শনিবার যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ১০০ দিন পূর্ণ হতে যাচ্ছে। গত ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে একটি ভঙ্গুর সাময়িক যুদ্ধবিরতি চললেও মাঝেমধ্যেই একে অপরের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই মার্কিন আইনপ্রণেতারা ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব নিয়ন্ত্রণে আনার এই চেষ্টা চালালেন।
তথ্যসূত্র: আল জাজিরা
মানবকণ্ঠ/আরআই




Comments