কালীপূজা ও দীপাবলিতে বাজি পোড়ানো নিয়ে বিতর্কের মধ্যেই অদ্ভুত এক দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তার দাবি, বাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়। তবে এ দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি তুলে ধরেননি তিনি।
টালিগঞ্জ এলাকার একটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন পাপিয়া অধিকারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্য দেওয়ার সময় তার সামনেই একটি বাজি বিকট শব্দে ফেটে ওঠে। এতে বিচলিত না হয়ে বক্তব্য চালিয়ে যান এই বিধায়ক। একপর্যায়ে তিনি বলেন, বাজি ফাটালে শরীরের একাধিক রোগব্যাধি সেরে যায়।
একই অনুষ্ঠানে বাজি ফাটানোর পক্ষেও কথা বলেন বিজেপির এই নেত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজেই বাজি ফাটানোর কথা বলেছেন। বাজি ছাড়া কালীপূজা সম্পূর্ণ হয় কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তবে পুলিশ প্রশাসনের নির্দেশনা ও নিয়ম মেনেই বাজি ফাটানোর কথা বলেন পাপিয়া।
এর আগে আমহার্স্ট স্ট্রিট ও খালিসানিসহ বিভিন্ন পূজামণ্ডপ উদ্বোধনে গিয়ে কালীপূজায় বাজি ফাটানো নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। তবে শব্দদূষণ রোধে আইনি বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি পরিবেশবান্ধব বা সবুজ বাজি ব্যবহারের আহ্বান জানান তিনি।
মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর বাজি ফাটানো নিয়ে পাপিয়া অধিকারীর এমন মন্তব্য নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এনএ

