রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৯ নভেম্বর) দুই নেতার মধ্যে টেলিফোনে এ আলোচনা হয়।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মঙ্গলবার ও বুধবার রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। কয়েক মাস বিরতির পর এই প্রথম দেশগুলোর প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। শীতের আগে ইউক্রেনের জ্বালানি ও সরবরাহব্যবস্থায় রাশিয়ার হামলা জোরদারের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবুধাবিতে উপস্থিত ইউরোপীয় ও ন্যাটোর প্রতিনিধিদের সঙ্গেও আলাদাভাবে আলোচনা করবে কিয়েভ।
মোদির সঙ্গে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি বলেন, রুশ নেতার সঙ্গে সরাসরি কথোপকথনসহ বিভিন্ন সময়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার নয়, বরং তা বন্ধ করার সময়।
জেলেনস্কি আরও জানান, কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির জন্য করিডর প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতেও প্রস্তুত ভারত। রাশিয়ার হামলার কারণে ওই পথে শস্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে।
এদিকে মোদির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে নেওয়া সব উদ্যোগে অবদান রাখতে ভারতের প্রস্তুতির কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তথ্যসূত্র: রয়টার্স
এনএ

