স্কুলের শৌচাগারে (বাথরুমে) জমায়েত হয়ে ছয় ছাত্রীর ই-সিগারেট (ভ্যাপ) পানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র উদ্বেগ প্রকাশ করেছে হংকংয়ের শিক্ষা প্রশাসন। ঘটনাটি খতিয়ে দেখতে দেশটির শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক মাধ্যম থ্রেডসে ২০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়, যা গত সপ্তাহে স্ন্যাপচ্যাটে ধারণ করা হয়েছিল। ভিডিওটিতে স্কুলের ইউনিফর্ম পরা ছয় ছাত্রীকে শৌচাগারের একটি ছোট স্থানে গাদাগাদি করে দাঁড়িয়ে হাসাহাসি করতে এবং এক ছাত্রীকে হাতে ই-সিগারেট নিয়ে ক্যামেরায় ‘ভি’ (V) চিহ্ন দেখাতে দেখা যায়।
পোশাকের ধরন দেখে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ছাত্রীদের হংকংয়ের সুয়েন ওয়ান এলাকার পো লেউং কুক ইয়াও লিং সান কলেজের শিক্ষার্থী হিসেবে শনাক্ত করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হংকংয়ের শিক্ষা অধিদপ্তর বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে উল্লেখ করে জানায়, স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পো লেউং কুক ইয়াও লিং সান কলেজ কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব বিবেচনা করে সংশ্লিষ্ট ছাত্রীদের অভিভাবকদের স্কুলে তলব করেছে। একই সাথে স্কুলের অভ্যন্তরীণ সংকট ব্যবস্থাপনা কমিটি সক্রিয় করে কাউন্সেলিং ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সম্প্রতি হংকংয়ের বিভিন্ন স্কুলে ই-সিগারেটের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত সেপ্টেম্বরেও কাউলুন টং এলাকার ১৩ বছর বয়সী তিন ছাত্রীকে স্কুলে ভ্যাপিংয়ের সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল।
উল্লেখ্য, হংকংয়ে ২০২৬ সালের ৩০ এপ্রিল থেকে তামাক নিয়ন্ত্রণ আইন আরও জোরদার করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, প্রকাশ্যে ই-সিগারেট, ভ্যাপ পড বা ই-লিকুইডের মতো বিকল্প ধূমপান সামগ্রী বহন করাও দণ্ডনীয় অপরাধ।

