বর্জ্যকে অব্যবহৃত অবস্থায় ফেলে না রেখে সম্পদ, পরিচ্ছন্ন শক্তির উৎস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে পরিণত করার আহ্বান জানিয়েছেন ডা. জুবাইদা রহমান। এ জন্য বৈশ্বিক জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি।
বুধবার তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে ডা. জুবাইদা রহমান জানান, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ উদ্যোগকে স্বাগত জানায় ও সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে থ্রি-আর (কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ) নীতি বাস্তবায়নে কাজ চলছে। তিনি জানান ঢাকায় প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে, যা পরবর্তীতে অন্যান্য বড় শহরেও সম্প্রসারণ করা হবে।
প্লাস্টিক দূষণ কমাতে জলাশয় পরিষ্কারের পাশাপাশি প্লাস্টিকের স্বাভাবিক বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি। এ সময় সম্মেলনে অংশগ্রহণকারীদের গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান তিনি।
এ ছাড়া ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে জৈব বর্জ্য থেকে সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের মাধ্যমে মিথেন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এককভাবে কোনো দেশের পক্ষে ‘শূন্য বর্জ্যে’র লক্ষ্য অর্জন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এর জন্য সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতের অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্যকর্মীদের সুরক্ষা প্রয়োজন। একই সঙ্গে পরিবার, বিদ্যালয় ও সমাজ থেকে তরুণদের পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

